
বাংলাদেশের জন্য সহায়তা আরও বাড়ানো হবে বলে ঘোষণা দিয়েছেন বিশ্বব্যাংকের সফররত প্রেসিডেন্ট জিম ইয়ং কিম। সহায়তার নির্দিষ্ট অঙ্ক এবং খাতের কথাও উল্লেখ করেন তিনি।
সচিবালয়ে গতকাল সোমবার সকালে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকের পর এক সংবাদ সম্মেলনে জিম ইয়ং কিম বলেন, আগামী তিন বছরে শিশুদের অপুষ্টি দূর করতে বর্তমানের তুলনায় ১০০ কোটি ডলার বেশি দেওয়া হবে বাংলাদেশকে।
জিম ইয়ং কিম বলেন, সব সদস্যদেশের জন্য ৫০ শতাংশ তহবিল বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ তহবিল থেকেও বর্তমানের তুলনায় বাংলাদেশ বেশি সহায়তা পাবে।
অর্থমন্ত্রীর সঙ্গে পৌনে এক ঘণ্টার বৈঠকে বিশ্বব্যাংকের নয় সদস্যের প্রতিনিধিদলে আরও ছিলেন সংস্থার প্রধান অর্থনীতিবিদ পল রোমার, দক্ষিণ এশীয় অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট অ্যানেট ডিক্সন, ঢাকার আবাসিক প্রতিনিধি চিমিয়াও ফান প্রমুখ। বাংলাদেশের দিক থেকে অর্থমন্ত্রীর সঙ্গে ছিলেন অর্থসচিব মাহবুব আহমেদ ও অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব মোহাম্মদ মেজবাহউদ্দিন।
বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট বক্তব্য শুরু করেন বাংলাদেশের প্রশংসা করে। তিনি বলেন, ‘দারিদ্র্য বিমোচনে বাংলাদেশ যে অভাবনীয় সাফল্য দেখিয়েছে, সেটিকে স্বাগত জানাতেই (সেলিব্রেট) বাংলাদেশে এসেছি। একই কারণে “আন্তর্জাতিক দারিদ্র্যমুক্ত দিবস”ও পালন করছি বাংলাদেশে।’
বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট বলেন, দারিদ্র্য থেকে বের করে কোটি কোটি মানুষের জীবনমানের উন্নয়নে বাংলাদেশ যে উদাহরণ তৈরি করেছে, তা থেকে বিশ্ব এখন শিখতে পারে। নানা চ্যালেঞ্জ সত্ত্বেও নারীদের কর্মসংস্থানের সুযোগও দ্বিগুণ করেছে বাংলাদেশ।
বাংলাদেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধির হার ৬ শতাংশের ঘর পেরিয়ে ৭ শতাংশে পৌঁছানোর কথা উল্লেখ করে জিম ইয়ং কিম বলেন, দরিদ্র দেশগুলোর মধ্যে এই হার অনেক ভালো। তবে এর ধারাবাহিকতা বজায় রাখতে হবে। আর সে কারণেই দরকার বাংলাদেশের শিক্ষা, স্বাস্থ্য ও অবকাঠামো খাতে আরও বেশি বিনিয়োগ।
সংবাদ সম্মেলনে বিশ্বব্যাংকের প্রেসিডেন্টের আগে বক্তব্য দেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। তিনি বলেন, ‘বিশ্বব্যাংক আমাদের গুরুত্বপূর্ণ অংশীদার এবং বিশ্বব্যাংকের এই প্রেসিডেন্টের প্রথম বাংলাদেশ সফর এটি। যোগাযোগসহ বাংলাদেশের সব খাতেই সংস্থাটি সহায়তা দিয়ে থাকে।’
বিশ্বব্যাংকের প্রেসিডেন্টকে উদ্দেশ করে অর্থমন্ত্রী বলেন, ‘বিশ্বব্যাংকের কাছে আমাদের অনেক প্রত্যাশা। সে প্রত্যাশা পূরণ হবে বলে আমরা আশাবাদী।’
পদ্মা সেতু প্রকল্পে বিশ্বব্যাংকের যে তহবিল দেওয়ার কথা ছিল, তা তারা অন্যান্য প্রকল্পে দিয়েছে এবং এর মাধ্যমে বিষয়টির সমন্বয় হয়েছে বলে উল্লেখ করেন মুহিত।
জিম ইয়ং কিম বিশ্বব্যাংকের প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়ার সময় পদ্মা সেতু প্রকল্পে সংস্থাটির অর্থায়ন নিয়ে যে সমস্যা চলছিল, এত দিনে তা-ও কেটে গেছে বলে মনে করেন মুহিত। অর্থমন্ত্রী বলেন, ‘আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি, তাঁর (জিম ইয়ং কিম) হস্তক্ষেপে শেষ পর্যন্ত সমস্যাটার সমাধান হয়েছে এবং এখন বিশ্বব্যাংকের সঙ্গে আমাদের সম্পর্ক খুবই ভালো।’
তিন বছরের প্যাকেজে বাংলাদেশকে নামমাত্র সুদে ঋণ দিয়ে থাকে বিশ্বব্যাংক। এর আওতায় স্বাধীনতার পর থেকে বাংলাদেশ এ পর্যন্ত ২ হাজার ৪০০ কোটি ডলার (প্রতি ডলার ৮০ টাকা হিসাবে ১ লাখ ৯২ হাজার কোটি টাকা) বিশ্বব্যাংক থেকে পেয়েছে বলে জানান মুহিত।
অর্থমন্ত্রী বলেন, ‘বৈশ্বিক চাওয়া হচ্ছে ২০৩০ সালের মধ্যে দারিদ্র্য দূরীকরণ। আমাদেরও একই মত। দারিদ্র্য দূরীকরণের সহায়ক পক্ষ হচ্ছে বিশ্বব্যাংক।’
প্রশ্নোত্তর পর্বে পদ্মা সেতু প্রকল্পটি যে বিশ্বব্যাংকের অর্থায়ন ছাড়াই হচ্ছে, সে ব্যাপারে অনুভূতি জানতে চাইলে বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট সরাসরি কোনো জবাব দেননি। তিনি বলেন, এ বিষয়ে অর্থমন্ত্রীর সঙ্গে আলোচনা হয়েছে। তবে বাংলাদেশ অনেক ক্ষেত্রে সাফল্য অর্জন করেছে এবং বিশ্বব্যাংকের কাছে বাংলাদেশের উন্নয়নটাই গুরুত্বপূর্ণ।
জিম ইয়ং কিম আরও বলেন, ‘বেশ গুরুত্ব দিয়েই বাংলাদেশকে সহায়তার বিভিন্ন ক্ষেত্র খুঁজছি আমরা। তবে ভবিষ্যতে সহায়তার ক্ষেত্রটি বেশি হওয়া উচিত জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায়।’