বাংলাদেশের জিএসপি সুবিধা পাওয়ার আশা সাবেক মার্কিন কূটনীতিকের

যুক্তরাষ্ট্রে জেনারেলাইজড সিস্টেম অব প্রেফারেন্স (জিএসপি) বা অগ্রাধিকারমূলক বাজারসুবিধা ফিরে পাওয়ার আশা প্রকাশ করলেন সাবেক মার্কিন কূটনীতিক ফ্রাংক জি উইজনার। তিনি বলেন, ‘চলতি বছরের শেষ দিকে জিএসপি নবায়ন হবে। আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি, সেখানে বাংলাদেশ থাকবে।’ এ জন্য তিনি মানবাধিকার সমুন্নত রাখার পরামর্শ দেন।
গতকাল বৃহস্পতিবার আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশ (অ্যামচেম) আয়োজিত মধ্যাহ্নভোজ সভায় ফ্রাংক জি উইজনার এ কথা বলেন। এই পেশাদার কূটনীতিক ভারত, মিসর, জাম্বিয়া ও ফিলিপাইনে মার্কিন রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেছেন। রাজধানীর গুলশানের ওয়েস্টিন হোটেলে ‘যুক্তরাষ্ট্র-বাংলাদেশ সম্পর্কে প্রতিচ্ছবি’ শীর্ষক এই সভা অনুষ্ঠিত হয়।
তবে অনুষ্ঠানের প্রধান অতিথি বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেন, বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) শর্ত অনুযায়ী, স্বল্পোন্নত দেশ হিসেবে শুল্কমুক্ত বাজারসুবিধা পাওয়ার কথা। কিন্তু যুক্তরাষ্ট্র তা দেয়নি। গত পাঁচ বছরে যুক্তরাষ্ট্রের বাজারে ৫০০ কোটি ডলার শুল্ক দিয়ে বাংলাদেশি পণ্য গেছে। জিএসপি সম্পর্কে তিনি আরও বলেন, ‘জিএসপি সুবিধা স্থগিত হওয়ার পর শ্রমের পরিবেশ ও শ্রমিকের মানবাধিকার পরিস্থিতি উন্নত করতে অনেক কাজ করেছি। এখন আর জিএসপি সুবিধা চাই না। আমরা এখন এটি ভুলে যেতে শুরু করেছি।’
উল্লেখ্য, ২০১৩ সালের জুন মাসে দুর্বল শ্রম অধিকার ও অনুন্নত কর্মপরিবেশের কারণ দেখিয়ে বাংলাদেশের জিএসপি সুবিধা স্থগিত করে যুক্তরাষ্ট্র।
এদিকে বাংলাদেশের অর্থনৈতিক ও সামাজিক অগ্রগতির প্রশংসা করেছেন সাবেক মার্কিন কূটনীতিক ফ্রাংক জি উইজনার। তিনি বলেছেন, ‘বাংলাদেশের স্বাধীনতার পরপর অর্থনীতি নিয়ে কাজ করতে প্রথম এই দেশে এসেছিলাম, তখন দেখেছি মানুষ কত কষ্ট করছে। এরপর বাংলাদেশ দ্রুত উন্নতি করেছে।’ তিনি বলেন, ‘বাংলাদেশের অর্থনীতির রূপান্তরে আমি অভিভূত। আমার সময়ে অর্থনীতি ছিল পাটনির্ভর। এখন উৎপাদনমুখী অর্থনীতি। শুধু তৈরি পোশাক রপ্তানি নয়; এ দেশে জাহাজনির্মাণের মতো ভারী শিল্পও হচ্ছে। সেবা খাতেও যথেষ্ট উন্নতি হয়েছে।’
ফ্রাংক জি উইজনার আরও বলেন, সন্ত্রাসী কর্মকাণ্ড নির্মূলও বাংলাদেশের জন্য বড় চ্যালেঞ্জ। যেমন গত বছর ঢাকায় হোলি আর্টিজান বেকারি ট্র্যাজেডির মতো ঘটনা ঘটেছে। ধর্মীয় চরমপন্থার যে বিস্তার ঘটেছে, তা এ দেশের জন্য চ্যালেঞ্জ। এ ছাড়া এই অঞ্চলে সন্ত্রাসবাদের মতো চ্যালেঞ্জ মোকাবিলায় দেশগুলোর উন্নয়ন প্রয়োজন। তিনি আরও বলেন, ‘গত বছর বাংলাদেশ ব্যাংক থেকে যে অর্থ লুট হয়েছে, তা শুনে আমি আশ্চর্য হয়ে গেছি।’
বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেন, স্বাধীনতার পর বাংলাদেশ আর্থসামাজিক, অর্থনৈতিক ক্ষেত্রে ব্যাপক উন্নতি করেছে। ক্রয়ক্ষমতার সক্ষমতা (পিপিপি) অনুসারে বাংলাদেশ এখন ৩২তম বৃহৎ অর্থনীতির দেশ। দেশি-বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে বিশেষ অর্থনৈতিক অঞ্চল গঠন করা হচ্ছে।
অনুষ্ঠানে ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্সা বার্নিকাট বলেন, গত ১০ বছরে যুক্তরাষ্ট্রে বাংলাদেশি পণ্যের বাজার দ্বিগুণ হয়েছে। গত বছর যুক্তরাষ্ট্রে ৬৮০ কোটি ডলারের পণ্য রপ্তানি করেছে বাংলাদেশ। বাংলাদেশের ব্যবসায় ও বিনিয়োগ পরিবেশ উন্নত করার তাগিদ দেন বার্নিকাট।
মার্সা বার্নিকাট আরও বলেন, গত মে মাসে ঢাকায় অনুষ্ঠিত ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট কো-অপারেশন ফোরাম অ্যাগ্রিমেন্ট (টিকফা) সভায় দুই পক্ষের মধ্যে শ্রমিকদের কর্মস্থানে নিরাপত্তা নিশ্চিত করা, শ্রম অধিকার, বিনিয়োগ—এসব নিয়ে আলোচনা হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, শ্রম আইন ও রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা (ইপিজেড) আইন সংশোধন করে আন্তর্জাতিক মানদণ্ডে উন্নীত করবে বাংলাদেশ।
সভায় সভাপতিত্ব করেন অ্যামচেমের সভাপতি নুরুল ইসলাম। সভায় কূটনীতিক, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা অংশ নেন।