বাংলাদেশের নিট পণ্য আমদানির ব্যাপারে জাপানের আগ্রহ
বাংলাদেশ থেকে নিট পণ্য আমদানির ব্যাপারে জাপান ব্যাপক আগ্রহ প্রকাশ করেছে। এ ক্ষেত্রে যত দ্রুত সম্ভব তারা জিএসপি-সুবিধার শর্ত সহজীকরণেও সর্বাত্মক সহযোগিতা দিতে আগ্রহী। ঢাকায় নিযুক্ত জাপানি রাষ্ট্রদূত তামোৎসু শিনোৎসুকার গতকাল মঙ্গলবার তাঁর কার্যালয়ে বাংলাদেশ নিটওয়্যার প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিকেএমইএ) একটি প্রতিনিধিদলের সঙ্গে এক বৈঠকে এই তথ্য দিয়েছেন। বিকেএমইএর ভারপ্রাপ্ত সভাপতি হাবিবুর রহমান প্রতিনিধিদলের নেতৃত্ব দেন।বৈঠকে অন্যান্যের মধ্যে বিকেএমইএর দ্বিতীয় সহসভাপতি মোহাম্মদ হাতেম, সহসভাপতি এ এইচ আসলাম সানি ও পরিচালক এ এস এম কামরুল এহসান এবং জাপান দূতাবাসের মিনিস্টার তাকানোরি উয়েহারা ও প্রথম সচিব ইয়াসুহারু সিনতো উপস্থিত ছিলেন।বিকেএমইএর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিকেএমইএ জানায়, জাপান বছরে এক হাজার ২০০ কোটি ডলারের নিট পণ্য আমদানি করে থাকে, যার ৮৭ ভাগই আসে চীন থেকে। জাপানে জিএসপি-সুবিধা কঠিন শর্তসাপেক্ষ হওয়ায় তা বাংলাদেশি নিট পণ্য রপ্তানির ক্ষেত্রে বড় বাধা হয়ে আছে, যে কারণে জাপানের বাজারে বাংলাদেশের নিটওয়্যার পণ্যের রপ্তানির পরিমাণ খুবই অপ্রতুল।