বাংলাদেশের পুঁজিবাজারে বিনিয়োগের জন্য ইউরোপে তহবিল গঠন

বাংলাদেশের শেয়ারবাজারে বিনিয়োগের জন্য ইউরোপীয় আইনে গঠিত হলো বিশেষ বিনিয়োগ তহবিল। বাংলাদেশের বাজারে বিনিয়োগের জন্য এটিই ইউরোপের প্রথম তহবিল। এই তহবিলটি গঠন করেছে সুইসপ্রো ইনভেস্ট নামে আন্তর্জাতিক একটি প্রতিষ্ঠান। তহবিলটির নামকরণ করা হয়েছে ইউসিআইটি কমপ্লেয়ন্টস ইনভেস্টমেন্ট ফান্ড।
তহবিলটির আকার সম্পর্কে অবশ্য সুনির্দিষ্ট কোনো ধারণা পাওয়া যায়নি। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে, এটি হবে একটি বেময়াদি তহবিল।
সুইসপ্রো জানিয়েছে, ইউরোপ থেকে তহবিলটির জন্য অর্থ সংগ্রহ করে তা বাংলাদেশের বাজারে বিনিয়োগ করা হবে। লুক্সেমবার্গে এই তহবিলটি নিবন্ধিত থাকবে। সেই নিবন্ধনের ভিত্তিতে ইউরোপ থেকে তহবিলটির অর্থ সংগ্রহ করা হবে। যা পরবর্তী সময়ে বাংলাদেশের শেয়ারবাজারে বিনিয়োগে আসবে। এরই মধ্যে ঢাকায়ও প্রতিষ্ঠানটির নিজস্ব কার্যালয় স্থাপন করা হয়েছে।
রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে গতকাল শনিবার তহবিলটির আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়। প্রধানমন্ত্রীর অর্থনৈতিকবিষয়ক উপদেষ্টা মসিউর রহমান তহবিলটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
অনুষ্ঠানে জানানো হয়, প্রতিষ্ঠানটি এইর মধ্যে বাংলাদেশের বাজারে বিনিয়োগের জন্য বেশ কিছু কোম্পানিও বাছাই করেছে।
অনুষ্ঠানে তহবিলটির বিভিন্ন দিক তুলে ধরেন সুইসপ্রো ইনভেস্ট (বিডি) লিমিটেডের চেয়ারম্যান ক্রিশ্চিয়ান ফোরথুবার। এ সময় আরও উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির ভাইস চেয়ারম্যান মামুন রশীদ, ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সভাপতি রকিবুর রহমান, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সভাপতি আল মারুফ খান।