বাংলাদেশের পোশাক খাতের পরিস্থিতি উন্নয়নে আরও সংস্কারের প্রয়োজন রয়েছে বলে মনে করে বোস্টন গ্লোবাল। গত শনিবার তাদের সম্পাদকীয়তে এমন মন্তব্যই করেছে যুক্তরাষ্ট্রের এই পত্রিকাটি।
ওই সম্পাদকীয়তে বলা হয়, বিশ্বায়নের এ যুগে যুক্তরাষ্ট্র এবং ইউরোপের ক্রেতাদের কাছে এটি আর এখন অজানা নয়, যে পোশাক তাঁরা পরিধান করেন এর একটি বড় অংশই বাংলাদেশের পোশাক কারখানাগুলোয় তৈরি হয়। ২০১৩ সালে সাভারের রানা প্লাজা দুর্ঘটনার পর দেশটির পোশাক কারখানাগুলোর কর্মপরিবেশ উন্নত করতে যুক্তরাষ্ট্র এবং ইউরোপের ক্রেতাদের নিয়ে অ্যাকর্ড ও অ্যালায়েন্স নামে দুটি আলাদা জোট গঠিত হয়।
অ্যাকর্ড তাদের প্রতিবেদেন বলেছে, এখন পর্যন্ত তারা এক হাজার ১০৬টি কারখানা পরিদর্শন শেষ করেছে। তাদের সুপারিশে ১৭টি কারখানার উৎপাদন সাময়িকভাবে বন্ধ হয়েছে। এ জোটভুক্ত ক্রেতাপ্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে এইচঅ্যান্ডএম, কেরিফোর, মার্ক্স অ্যান্ড স্পেন্সার, প্রাইমার্ক প্রভৃতি।
অ্যালায়েন্স ৫৮৭টি কারখানা পরিদর্শন শেষ করেছে, যার মধ্যে ১০টি কারখানা স্থায়ী অথবা সাময়িকভাবে বন্ধের সুপারিশ করেছে। এ জোটের ক্রেতাপ্রতিষ্ঠানগুলো হচ্ছে ওয়ালমার্ট, টার্গেট, গ্যাপ, ম্যাকি প্রভৃতি। এ প্রতিষ্ঠানগুলো জানিয়েছে, বন্ধ হয়ে যাওয়া কারখানাগুলোর শ্রমিকদের চার মাস পর্যন্ত বেতন পরিশোধ করলে যত টাকা দিতে হবে, তার অর্ধেক অর্থ তারা দিতে রাজি আছে।
বোস্টন গ্লোবাল মনে করে, কারখানার সংস্কার এবং শ্রমিকদের প্রশিক্ষণে এ উদ্যোগকে বিচ্ছিন্ন কোনো পদক্ষেপ হিসেবে দেখলে চলবে না। বরং তা শ্রমিকের জীবনমান উন্নয়নেরই একটি উজ্জীবিত প্রচেষ্টা।