বাংলাদেশের পোশাক কারখানা ও শ্রমিকদের কর্মপরিবেশ নিরাপদ করতে চুক্তি সই করার জন্য অস্ট্রেলীয় ক্রেতাপ্রতিষ্ঠানগুলোকে চাপ দিচ্ছে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা অক্সফাম।
শুধু তা-ই নয়, বাংলাদেশের যেসব কারখানা থেকে অস্ট্রেলীয় এসব খুচরা বিক্রেতাপ্রতিষ্ঠান পোশাক কেনে, সেসব কারখানার তালিকা প্রকাশ করার দাবিও তুলেছে অক্সফাম। সেসব কারখানায় আসলেই কোনো নিরাপত্তা কর্মসূচি বাস্তবায়িত হচ্ছে কি না, তা যেন মূল্যায়ন করা যায়, সে জন্যই এ দাবি তুলেছে সংস্থাটি। অস্ট্রেলিয়ান ব্রডকাস্টিং করপোরেশন (এবিসি) টেলিভিশনের ফোর কর্নারস অনুষ্ঠানে এসব আলোচনা উঠে আসে। গত সোমবার রাতে অনুষ্ঠানটি প্রচারিত হয়। অনুষ্ঠানে উঠে আসে যে অস্ট্রেলিয়ার পোশাক বিক্রেতাপ্রতিষ্ঠানগুলো বাংলাদেশের এমন কিছু কারখানা থেকে পোশাক কেনে, যাদের কর্মপরিবেশ খুবই খারাপ। অক্সফাম অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী হেলেন জোকে বলেন, অস্ট্রেলিয়ার সাধারণ ক্রেতারা পোশাক কেনার সময় আরও বেশি অর্থ দিতে প্রস্তুত। সে কারণেই খুচরা বিক্রেতাপ্রতিষ্ঠানগুলোর উচিত পোশাক উৎপাদনকারী বিদেশি কারখানাগুলোর মানোন্নয়নে আরও বেশি অর্থ বরাদ্দ করা। এ প্রসঙ্গে অক্সফামের সাম্প্রতিক এক জরিপের উদাহরণ দেন হেলেন। তিনি বলেন, ‘অস্ট্রেলিয়ায় বিক্রি হয় কিন্তু তা অন্য দেশে তৈরি হয়—এমন পোশাক সম্পর্কে সাধারণ ক্রেতাদের মনোভাব বুঝতে আমরা পুরো অস্ট্রেলিয়ার এক হাজার মানুষের ওপর জরিপ চালিয়েছি। আমরা দেখেছি, জরিপে অংশ নেওয়া ৭০ শতাংশই পোশাকের জন্য আরও বেশি অর্থ খরচ করতে রাজি, যদি তা বিদেশি পোশাক প্রস্তুতকারক দেশের শ্রমিকদের মজুরি বাড়াতে এবং নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতে আরও অর্থ খরচ করা হয়।’
হেলেন জোকে আরও বলেন, ‘অস্ট্রেলিয়ার কতগুলো প্রতিষ্ঠান বিদেশি কারখানায় তাদের জন্য পোশাক তৈরি করছে, সে বিষয়টি আমরা জানতে পারছি না। এটা হচ্ছে স্বচ্ছতার অভাবে। আমরা যে চুক্তি করতে বলছি, তাতে অবশ্যই উল্লেখ করতে হবে, পোশাক তৈরি হওয়া কারখানাগুলো কোথায়।’