পুলিশের সঙ্গে ইসলামি আন্দোলনের কর্মীদের মধ্যকার সংঘর্ষ এবং তৈরি পোশাক খাতের বিপর্যয়ের কারণে বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলোর এ দেশের প্রতি আস্থা কমে যেতে পারে।অন্যতম সার্বভৌম ঋণমান নির্ণয়কারী আন্তর্জাতিক সংস্থা মুডিস এমনটাই মনে করছে। সংস্থাটি বলছে, ‘ধারাবাহিক রাজনৈতিক উত্তেজনা ঋণমান নির্ণয়ে নেতিবাচক ভূমিকা রাখতে পারে।’মুডিস গতকাল বৃহস্পতিবার তাদের ‘ইনভেস্টরস সার্ভিস’ প্রতিবেদনটি প্রকাশ করে। সেখান থেকে এসব তথ্য নিয়ে একটি সংবাদ প্রকাশ করেছে ওয়াল স্ট্রিট জার্নাল।মুডিস এমন সময়ে এ মন্তব্য করল, যার চার দিন আগে (গত রোববার) রাজধানীতে হেফাজতে ইসলামের কর্মীরা তাণ্ডব চালিয়েছেন। এতে সাত শতাধিক ক্ষুদ্র ও শতাধিক মার্কেটের দোকান জ্বালিয়ে দেওয়া হয়। ভাঙচুর করা হয় ব্যাংক। পুলিশের সঙ্গে ব্যাপক সংঘর্ষ ও প্রাণহানির ঘটনাও ঘটে। আবার গত ২৪ এপ্রিল সাভারে রানা প্লাজা ধসে আট শতাধিক লোক নিহত হয়েছেন। ওই ভবনে পাঁচটি তৈরি পোশাক কারখানা ছিল।মুডিসের প্রতিবেদনে বলা হয়েছে, হরতাল ও বিক্ষোভ বাংলাদেশে নিত্যদিনের ঘটনা। তবে এ বছর এসব কর্মকাণ্ড ঘন ঘন হচ্ছে এবং এগুলো ক্রমেই সহিংস হয়ে উঠেছে।প্রতিবেদন বলছে, এ বছরের অক্টোবর থেকে আগামী বছরের জানুয়ারির মধ্যে বাংলাদেশে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। আর রাজনৈতিক দলগুলোর কাছে তাদের স্বার্থ হাসিলের বহুল ব্যবহূত কৌশল হচ্ছে হরতাল।মুডিস বলছে, দেশটিতে রাজনৈতিক সমঝোতা এবং নীতি-পদক্ষেপের মতো বিষয় আলোচনায় থাকা সত্ত্বেও রাজনৈতিক সহিংসতায় ক্ষয়ক্ষতি বাড়ছে। আর এমন দীর্ঘস্থায়ী রাজনৈতিক উত্তেজনা ঋণমান পরিস্থিতিকে প্রভাবিত করতে পারে।রাজনৈতিক সহিংসতায় বাংলাদেশের তৈরি পোশাক খাত সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হতে পারে মন্তব্য করে মুডিস বলেছে, তৈরি পোশাক খাত দেশটির অর্থনৈতিক প্রবৃদ্ধির বড় চালিকাশক্তি। রপ্তানি আয়ের ৮০ শতাংশই আসে এ খাত থেকে। ৩০ লাখ লোকের কর্মসংস্থানও হচ্ছে সেখানে।