বাংলাদেশের প্রস্তাব বিশ্লেষণ করছে যুক্তরাষ্ট্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাণিজ্য ও বিনিয়োগ রূপরেখা চুক্তির (টিফা) পরিবর্তে যুক্তরাষ্ট্র-বাংলাদেশ অর্থনৈতিক ও বাণিজ্য সহযোগিতা ফোরাম (ইউবিইটিসিএফ) গঠন করার জন্য বাংলাদেশের প্রস্তাবটির নানা দিক বিশ্লেষণ করছে যুক্তরাষ্ট্র।গতকাল বুধবার ঢাকায় সচিবালয়ে বাণিজ্যমন্ত্রী ফারুক খানের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকের পর সফররত দক্ষিণ এশীয় অঞ্চলের যুক্তরাষ্ট্রের সহকারী বাণিজ্য প্রতিনিধি (ডিইউএসটিআর) মাইকেল জে ডিলানি সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন।বাংলাদেশে নিযুক্ত মার্কিন দূতাবাসের বাণিজ্যিক কর্মকর্তা এইস গাজিস এ সময় উপস্থিত ছিলেন।মাইকেল ডিলানি বলেন, ‘সহযোগিতা ফোরাম ধারণাটির সম্ভাব্যতা বিবেচনা করছি আমরা। তবে এটি কবে বাস্তব রূপ নেবে, এখন পর্যন্ত এর কোনো সময়সীমা নির্ধারণ করা হয়নি।’বাণিজ্যমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় অর্থনৈতিক সম্পর্ক বাড়ানো তথা বাণিজ্য ও বিনিয়োগের সম্পর্ক জোরদার করার বিষয়ে আলোচনা হয়েছে বলে জানান ডিলানি। টিফা নিয়েও আলোচনা হয়েছে বলে উল্লেখ করেন তিনি। ডিলানি বলেন, ‘আমরা আলোচনা করেছি যে কীভাবে উভয় দেশের সম্পর্ককে আরও উন্নত করা যায়। কীভাবে দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ আরও বাড়ানো যায়। এ জন্য টিফাও একটি উপায় হতে পারে।’জানা গেছে, বৈঠকে বাণিজ্যমন্ত্রী বলেছেন, যুক্তরাষ্ট্র হলো বাংলাদেশের বৃহত্তম রপ্তানিস্থল। আর যুক্তরাষ্ট্রে বছরে ৪০০ কোটি ডলারের পণ্য রপ্তানি করে বাংলাদেশ। এ জন্য শুল্ক দেয় ৫০ কোটি ডলার। অন্যদিকে ফ্রান্সের রপ্তানি তিন হাজার কোটি ডলার হলেও শুল্কের পরিমাণ খুবই সামান্য।এ প্রসঙ্গে ডিলানি জানান, খুব শিগগির বাংলাদেশি পণ্যের ওপর শুল্ক হারে পরিবর্তন আসবে না। কারণ হিসেবে তিনি বলেন, বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) দোহা আলোচনা পর্ব ২০১২ সালের আগে শেষ হবে না। এ সময়ই বিষয়টির সফল, আশাব্যঞ্জক ও চূড়ান্ত ফয়সালা হবে।জানা গেছে, পরস্পরের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগের সম্পর্ক বাড়াতে ২০০২ সালে বাংলাদেশের সঙ্গে টিফা করার আগ্রহ প্রকাশ করে যুক্তরাষ্ট্র। ২০০৩ সালে এ নিয়ে দুই দেশের মধ্যে প্রথম আলোচনা শুরু হয়। এরপর ২০০৪ সালের মার্চে দ্বিতীয় দফা আলোচনা হয়। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ওই সময় বলা হয়েছিল, তিন মাসের মধ্যে চুক্তি স্বাক্ষরের সম্ভাবনা রয়েছে।২০০৫ সালের মাঝামাঝি টিফার খসড়া তৈরি করা হয়। এই খসড়ার কয়েকটি ধারা যেমন—দুর্নীতির বিরুদ্ধে পদক্ষেপ বাধ্যতামূলকভাবে সম্পৃক্ত করা, মেধাস্বত্ব আইন মেনে চলা, পরিবেশ ও শ্রমের মানসংক্রান্ত বিষয়ে উভয় দেশের মতপার্থক্য দেখা দেয়। ফলে গোটা বিষয়টি ঝুলে যায়।অবশ্য টিফা নিয়ে বাংলাদেশ বরাবরই ‘ধীরে চলো’ নীতি অবলম্বন করায় বিষয়টি আর অগ্রসর হয়নি। তবে গত তত্ত্বাবধায়ক সরকারের সময় টিফা প্রসঙ্গটি আবারও গুরুত্ব পায়। কিন্তু নির্বাচিত সরকার এসেই সিদ্ধান্ত নিক—এমন বিবেচনায় তখনো আর তা অগ্রসর হয়নি।বর্তমান সরকার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নেওয়ার পর থেকেই টিফা নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে কয়েক দফা বৈঠক করে। ২০১০ সালের শুরুর দিকে আবারও একটি খসড়া তৈরি করা হয় এবং তা যুক্তরাষ্ট্রের কাছে পাঠানো হয়। কিন্তু প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এ ব্যাপারে কোনো ইতিবাচক সাড়া না আসায় আবারও ঝুলে যায় বিষয়টি।এর পরপরই সহযোগিতা ফোরাম গঠনের বিষয়টি সামনে আসে বলে জানান বাণিজ্য মন্ত্রণালয়ের একজন শীর্ষ পর্যায়ের কর্মকর্তা।সাংবাদিকেরা জানতে চাইলেও বাণিজ্যমন্ত্রী ফারুক খান অবশ্য বৈঠক শেষে গতকাল কোনো কথা বলেননি। তবে এর আগে বলেছিলেন, টিফা নিয়ে বাংলাদেশ সতর্কতার সঙ্গে এগোবে। অবশ্যই এতে দেশের স্বার্থের কথা বিবেচনা করা হবে আগে।উল্লেখ্য, ২০১০ সালে যুক্তরাষ্ট্রে ৪২৯ কোটি ৩৭ লাখ ডলারের পণ্য রপ্তানির বিপরীতে যুক্তরাষ্ট্র থেকে ৫৭ কোটি ৭২ লাখ ডলারের পণ্য আমদানি করেছে বাংলাদেশ।আর চলতি ২০১১ সালের প্রথম দুই মাসে যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশ আমদানি করেছে প্রায় ১৪ কোটি ডলারের পণ্য। একই সময়ে বাংলাদেশি পণ্য রপ্তানির পরিমাণ দাঁড়িয়েছে ৮২ কোটি ডলার।