বাংলাদেশের বাজারে সিঙ্গার নিয়ে এল বেকো ও গ্রুনডিগের পণ্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বেকো ও গ্রুনডিগের পণ্য বাজারজাতের উদ্বোধন করছেন তুরস্কের রাষ্ট্রদূত হুসাইন মুফতুওলু।
বেকো ও গ্রুনডিগের পণ্য বাজারজাতের উদ্বোধন করছেন তুরস্কের রাষ্ট্রদূত হুসাইন মুফতুওলু।

তুরস্কের আর্চেলিক গ্রুপের মালিকানাধীন বেকো ও গ্রুনডিগের পণ্য বাংলাদেশের বাজারে নিয়ে এসেছে সিঙ্গার বাংলাদেশ লিমিটেড। আজ বুধবার রাজধানীর একটি হোটেলে আনুষ্ঠানিকভাবে এ দুটি ব্র্যান্ডের পণ্য বাজারজাতের ঘোষণা দিয়েছে সিঙ্গার বাংলাদেশ। এখন থেকে বাংলাদেশে সিঙ্গার বাংলাদেশের আউটলেটে এ দুটি ব্র্যান্ডের পণ্য পাওয়া যাবে।

বেকো ও গ্রুনডিগের প্রায় ১০টি পণ্য বাংলাদেশে বাজারজাতের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ঢাকায় নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত হুসাইন মুফতুওলু। এ সময় আরও উপস্থিত ছিলেন সিঙ্গার এশিয়ার প্রেসিডেন্ট ও সিইও গ্যাভিন জে. ওয়াকার, আর্চেলিক এ এসের প্রোজেক্ট ব্যবস্থাপক গুরহান গুনাল, আর্চেলিক এ এসের মার্কেটিং ব্যবস্থাপক সিহান চেহান, সিঙ্গার বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক হামিম রাহমাতউল্লাহ প্রমুখ।

বেকো বাংলাদেশের বাজারে ফ্রিজ, ওয়াশিং মেশিন, ড্রেসার, ডিশওয়াশার ও ওভেন বিপণন করবে। অন্যদিকে গ্রুনডিগের এলইডি টিভি, ইলেকট্রনিকস পণ্য ও ছোট পরিসরে হোম অ্যাপ্লায়েন্স পণ্য বাজারজাত করা হবে।

অনুষ্ঠানে গ্যাভিন জে. ওয়াকার বলেন, ‘বাংলাদেশে সিঙ্গারের উন্নত মানসম্পন্ন ৩০০টির বেশি চেইন শপ রয়েছে। শপগুলোতে দ্রুত ও উন্নত মানের বিক্রয় সেবা প্রদান করা হয়। আমরা দীর্ঘদিন ধরে বিক্রয় সেবার মাধ্যমে বাংলাদেশের মানুষের আস্থা ও বিশ্বাস অর্জন করতে পেরেছি। আমরা ভোক্তাদের চাহিদার কথা বিবেচনা করে বিশ্বমানের বেকো ও গ্রুনডিগের পণ্য বাংলাদেশের বাজারে নিয়ে এসেছি।’

ওয়াকার আরও বলেন, ‘আমাদের সব আউটলেটে ইন্টারনেট সংযোগ থাকায় লেনদেনে আধুনিক সুবিধা পাওয়া যায়। আগামী বছর ঢাকা ও চট্টগ্রামে বেকোর আলাদা দুটি এক্সক্লুসিভ চেইন শপ চালু করা হবে।’

হামিম রাহমাতউল্লাহ বলেন, বাংলাদেশের বাজারে স্মার্ট প্রযুক্তিনির্ভর ও অত্যাধুনিক প্রযুক্তিসংবলিত এবং পরিবেশবান্ধব  হোম অ্যাপ্লায়েন্স পণ্যের চাহিদা প্রতিনিয়ত বাড়ছে। এরই পরিপ্রেক্ষিতে বেকো ও গ্রুনডিগের মতো বিশ্বমানের ব্র্যান্ডের পণ্য বাংলাদেশের ক্রেতাদের উপহার দিচ্ছি আমরা।’

বাংলাদেশের বাজারে একই ধরনের পণ্য থাকতে মানুষ কেন বেকো ও গ্রুনডিগের পণ্য কিনবে?—এমন এক প্রশ্নের জবাবে হামিম রাহমাতউল্লাহ বলেন, ‘বেকো ও গ্রুনডিগের পণ্যের মান অনেক উন্নত। এতে অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। পণ্যগুলো পরিবেশবান্ধব ও বিদ্যুত্সাশ্রয়ী। এ ছাড়া বেকোর ফ্রিজে ১২ বছরের ওয়ারেন্টি থাকছে। তাই এটা ভোক্তার চাহিদার ওপর ছেড়ে দিচ্ছি আমরা।’

গুরহান গুনাল বলেন, ‘২০১৩ সালে যুক্তরাজ্য, লিথুনিয়া ও পোল্যান্ডে বেকো সেরা হোম অ্যাপ্লায়েন্স ব্র্যান্ড হওয়ার গৌরব অর্জন করেছে। এ ছাড়া বিশ্বের বিভিন্ন দেশে বেকো ও গ্রুনডিগের পণ্য জনপ্রিয় হয়ে উঠেছে। বাংলাদেশে ডেকো ও গ্রুনডিগের পণ্য বাজারজাতের মাধ্যমে অন্যান্য অঞ্চলের মতো এশিয়ার বাজারে আমাদের পণ্য প্রবেশ শুরু হলো।’