বাংলাদেশের বাণিজ্যনীতির মূল্যায়ন হবে ডব্লিউটিওতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের বাণিজ্য পরিবেশ ছয় বছরে কতটা এগোলো, বাণিজ্যসংক্রান্ত বিধিবিধান এখন কতটা ব্যবসায়বান্ধব, বাণিজ্যের জন্য অন্য দেশের ব্যবসায়ী বা বিনিয়াগকারীরা বাংলাদেশকে কীভাবে দেখছে—এ রকম নানা প্রশ্ন ও জিজ্ঞাসার জবাব দিতে হবে বাংলাদেশকে। তুলে ধরতে হবে বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) কাছে। এ জন্যই ১৫ সদস্যের একটি প্রতিনিধিদল সুইজারল্যান্ডের জেনেভায় গেছে।১৫ ও ১৭ অক্টোবর (সোম ও বুধবার) দুই দিন ডব্লিউটিওতে বাংলাদেশের বাণিজ্যনীতি পর্যালোচনা (ট্রেড পলিসি রিভিউ) বৈঠক অনুষ্ঠিত হবে। ডব্লিউটিওর নিয়ম অনুযায়ী প্রত্যেক সদস্য দেশকেই তা করতে হয়। এটি হয়ে থাকে বিশ্ব বাণিজ্যে কোন দেশের কতটা অংশগ্রহণ, তার ভিত্তিতে। মার্কিন যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন (ইইউ), জাপান ও চীনকে পর্যালোচনা করতে হয় দুই বছর পর পর। উন্নত আরও ১৬টি দেশকে করতে হয় চার বছর পর পর। বাংলাদেশসহ বাকি দেশগুলো করে থাকে ছয় বছর পর। বাংলাদেশের সর্বশেষ বাণিজ্যনীতি পর্যালোচনা হয়েছিল ২০০৬ সালে। এবার হচ্ছে চতুর্থবারের মতো। প্রথমটি হয়েছিল ১৯৯২ সালে। আর দ্বিতীয়টি ২০০০ সালে। ১৯৮৬ সালে উরুগুয়ে পর্ব শুরু হয়ে ১৯৯৪ সাল পর্যন্ত চলার মাঝখানে পর্বের গুরুত্বপূর্ণ ফলাফল হিসেবে ১৯৯২ সালে বাংলাদেশের প্রথম বাণিজ্যনীতি পর্যালোচনাটি হয়েছিল। এটি হয়েছিল পর্বের ‘আগাম বাস্তবায়ন’ হিসেবে। যদিও বাংলাদেশ ডব্লিউটিওর সদস্য হয় সংস্থাটি গঠনের শুরুর বছর ১৯৯৫ সালে। ডব্লিউটিওর নিয়মনীতি অনুযায়ী বাণিজ্য পরিবেশ উন্নয়নসংক্রান্ত বিধিবিধান প্রত্যেক সদস্য দেশেরই মেনে চলা বাধ্যতামূলক। এর মাধ্যমে ব্যবসা-বাণিজ্যে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত হয়।বাণিজ্যসচিব মো. গোলাম হোসেন প্রথম আলোকে বলেন, ‘গত ছয় বছরে বাণিজ্যের জন্য সহায়ক এমন কী কী পরিবর্তন দেশে হলো—সেগুলো তুলে ধরা হবে পর্যালোচনায়। ডব্লিউটিওর সদস্য অন্য দেশগুলো আমাদের পরিবর্তনগুলোর সঙ্গে পরিচিত হওয়ার পাশাপাশি একটি স্বচ্ছ ধারণা পাবে।’জানা গেছে, বাণিজ্যনীতি পর্যালোচনা একটি বহুমাত্রিক ও বিশদ কাজ। এটি শুধু বাণিজ্যের মধ্যে আটকে থাকার বিষয় নয়। আমদানিনীতি, রপ্তানিনীতি, উৎপাদিত পণ্যের মান, পর্যটনশিল্প, আইনি পদ্ধতি, সেবা খাত এমনকি রাষ্ট্রব্যবস্থা কী ধরনের তা-ও এই বাণিজ্যনীতি পর্যালোচনার মধ্যে উঠে আসে। ৩০ থেকে ৩৫টি মন্ত্রণালয় ও বিভাগ এর সঙ্গে জড়িত এবং পর্যালোচনা তৈরির কাজ চলছে দুই বছর ধরে। এর মধ্যে ডব্লিউটিওর আলাদা দল বাংলাদেশ সফর করেছে দুই দফা। ওই সময় তাদের কাছে বাণিজ্যনীতি পর্যালোচনার খসড়া উপস্থাপন করা হয়। তারা পরে নিজেদের মতো করে কিছু বিষয় মিলিয়ে নেয়। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর), বাংলাদেশ ব্যাংক, বিশ্বব্যাংক ইত্যাদি সংস্থার কাছ থেকে তথ্য সংগ্রহ করে সেগুলো বিশ্লেষণ করে ডব্লিউটিওর দল। পরে খসড়াটি বাণিজ্য মন্ত্রণালয়ে পাঠায়। বাণিজ্য মন্ত্রণালয় মতামত নেওয়ার জন্য তা পাঠিয়ে দেয় সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগে। সবার মতামত নিয়ে ডব্লিউটিওর কাছে আবারও তা পাঠানো হয়। তারপর তা চূড়ান্ত হয়।জানা গেছে, বাংলাদেশের বাণিজ্যনীতি পর্যালোচনার জন্য দুটি প্রতিবেদন উপস্থাপিত হবে ডব্লিউটিওতে। একটি ডব্লিউটিওর নিজের তৈরি করা, আরেকটি বাংলাদেশের। এক মাস আগে দুই প্রতিবেদনের খসড়া ওয়েবসাইটে দেওয়া হয়। এতে ১৪টি দেশ থেকে দুই শতাধিক প্রশ্ন আসে। তবে একই প্রশ্ন অনেকে ঘুরিয়ে-ফিরিয়ে করেছে বলে জানা গেছে। জবাব দেওয়ার সর্বশেষ সময় ছিল গতকাল শুক্রবার। বাণিজ্যসচিব গোলাম হোসেন জানান, সবগুলো প্রশ্নেরই যথাসময়ে জবাব দেওয়া হয়েছে। বাংলাদেশের বাণিজ্যনীতি পর্যালোচনার জন্য ডব্লিউটিতে দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রদূত ফাইজেল ইসমাইল আলোচক হিসেবে থাকবেন। বাণিজ্য মন্ত্রণালয় সূত্র জানায়, এবারই প্রথমবারের মতো বাণিজ্য সংগঠনের প্রতিনিধিরা বাণিজ্যনীতি পর্যালোচনার জন্য জেনেভা যাচ্ছেন। ফলে এটা একটা নতুন মাত্রা যোগ করেছে।যোগাযোগ করলে বাংলাদেশ ট্যারিফ কমিশনের সদস্য মোস্তফা আবিদ খান প্রথম আলোকে বলেন, ‘ডব্লিউটিওর নীতি অনুযায়ী বাণিজ্য ক্ষেত্রে কতটা স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত হচ্ছে—পর্যালোচনায় তা উঠে আসবে। নিশ্চয়ই আমরা ভালো করছি, নইলে রপ্তানি এত বাড়ছে কীভাবে?’ পাল্টা প্রশ্ন রাখেন তিনি।মোস্তফা আবিদ খান আরও বলেন, পর্যালোচনায় কাউকে কিছু চাপিয়ে দেওয়া হয় না। তবুও এর গুরুত্ব রয়েছে। কারণ, এতে সদস্য দেশগুলো একটি দেশের বাণিজ্যবিষয়ক নিয়মনীতি ও সর্বশেষ বাণিজ্যসহায়ক পরিবেশের অগ্রগতি সম্পর্কে জানার সুযোগ পায়। প্রতিনিধি দলে কারা আছেন: বাণিজ্যসচিব গোলাম হোসেনের নেতৃত্বাধীন বাণিজ্যনীতি পর্যালোচনা সংক্রান্ত প্রতিনিধি দলে রয়েছেন বাণিজ্য মন্ত্রণালয়ের ডব্লিউটিও সেলের মহাপরিচালক অমিতাভ চক্রবর্তী, পরিচালক নেছার আহমেদ ও সহকারী পরিচালক মোহাম্মদ মাসুকুর রহমান সিকদার। এ ছাড়া এনবিআরের সদস্য নাসিরউদ্দিন, অতিরিক্ত শিল্পসচিব ফরহাদ হাসান, অতিরিক্ত কৃষিসচিব সৈয়দ মোস্তাফিজুর রহমান, বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগের মহাব্যবস্থাপক মাসুদ বিশ্বাস, ট্যারিফ কমিশনের সদস্য মোস্তফা আবিদ খান, সিপিডির নির্বাহী পরিচালক মোস্তাফিজুর রহমান, এফবিসিসিআইয়ের প্রথম সহসভাপতি মো, জসিমউদ্দিন, এমসিসিআইয়ের সহসভাপতি নিহাদ কবির ও বিজিএমইএর প্রথম সহসভাপতি ফারুক হাসান আছেন। এ ছাড়া থাকবেন জেনেভায় বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি মোহাম্মদ আবদুল হান্নান ও ইকোনমিক মিনিস্টার বিজয় ভট্টাচার্য।