বাংলাদেশের বিনিয়োগ চায় কেনিয়া
কেনিয়ার তৈরি পোশাকশিল্পে বাংলাদেশের ব্যবসায়ীদের যৌথ বিনিয়োগের আহ্বান জানিয়েছে দেশটি।
সফররত কেনিয়ার বাণিজ্য-বিনিয়োগ প্রতিনিধিদল আজ শনিবার বিকেলে তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএর নেতাদের সঙ্গে বৈঠককালে এ আহ্বান জানায়। একই সঙ্গে পোশাকশিল্পে বাংলাদেশের সফলতার পেছনের গল্পটাও জানতে চান তাঁরা।
কেনিয়ার শিল্প-বাণিজ্য ও সমবায় মন্ত্রণালয়ের মুখ্য সচিব জুলিয়াস কোরির নেতৃত্বে দেশটির সরকারি ও বেসরকারি খাতের ১২ সদস্যের বাণিজ্য-বিনিয়োগ সংক্রান্ত প্রতিনিধিদল আজ ঢাকা সফরে আসেন। আজ দুপুরে নিট পোশাকশিল্প মালিকদের সংগঠন বিকেএমইএ ও বিকেলে বিজিএমইএর নেতাদের সঙ্গে বৈঠক করেন।
কেনিয়ার প্রতিনিধিদলের সঙ্গে বিকেলে বিজিএমইএর কার্যালয়ে বৈঠকে সংগঠনটির সহসভাপতি মোহাম্মদ নাছির ও পরিচালক মিরান আলী উপস্থিত ছিলেন। পরে মিরান আলী প্রথম আলোকে বলেন, চীন পোশাক ব্যবসা থেকে নিজেদের গুটিয়ে নিচ্ছে। এই সুযোগে কেনিয়া নিজেদের পোশাকশিল্পে বিনিয়োগ বাড়াতে চায়। সে জন্যই বাংলাদেশের অভিজ্ঞতা শুনতে এসেছে। একই সঙ্গে তারা কেনিয়ায় যৌথ বিনিয়োগ করার আহ্বান জানিয়েছে।
এদিকে বিকেএমইর কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে কেনিয়ার ব্যবসায়ীদের বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগের আহ্বান জানিয়েছে রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) ভাইস চেয়ারম্যান মাফরূহা সুলতানা। তিনি বলেন, ২০১৫-১৬ অর্থবছর বাংলাদেশ কেনিয়ায় ১ কোটি ৭ লাখ মার্কিন ডলারের পণ্য রপ্তানি করে। তার বিপরীতে কেনিয়া মাত্র ৩০ লাখ ডলারের পণ্য বাংলাদেশে রপ্তানি করতে পেরেছে। উভয় দেশের দ্বিপক্ষীয় বাণিজ্য বৃদ্ধির সুযোগ আছে।
নিট পোশাকশিল্প মালিকদের সংগঠন বিকেএমইএর নেতাদের সঙ্গে সফররত কেনিয়ার বাণিজ্য প্রতিনিধিদলের বৈঠকে ইপিবির ভাইস চেয়ারম্যান এসব কথা বলেন। এতে সভাপতিত্ব করেন বিকেএমইএর সহসভাপতি এ এইচ আসলাম সানি। এ সময় কেনিয়ার প্রতিনিধিদলে ছিলেন দেশটির শিল্প-বাণিজ্য ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা রাজিব অরোরা, সহকারী পরিচালক স্টিভ অদুয়া প্রমুখ।
বিকেএমইএর সহসভাপতি আসলাম সানি বলেন, পোশাক রপ্তানিতে কেনিয়ায় ২৫ শতাংশ শুল্ক দিতে হয়। এই শুল্ক বাধা নিরসন করলে উভয় দেশের বাণিজ্য সম্পর্ক আরও শক্তিশালী হবে।
রাজিব অরোরা বলেন, আফ্রিকা অঞ্চলের প্রবেশদ্বার হিসেবে কেনিয়া বর্তমানে বৈদেশিক বাণিজ্যে আকর্ষণীয় দেশ। পোশাকশিল্পে নিজেদের অবস্থান শক্ত করছে কেনিয়া। তাই উভয় দেশ দ্বিপক্ষীয় বাণিজ্য চুক্তির মাধ্যমে কারিগরি সহযোগিতা বৃদ্ধি ও কাঁচামালের সহজলভ্য সরবরাহ নিশ্চিত করে লাভবান হতে পারে।