বাংলাদেশের বিপণনে বড় সুযোগ বিশ্বকাপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বকাপ টুর্নামেন্টের সময় আয়োজক দেশের সম্মানের পাশাপাশি রয়েছে অর্থনৈতিকভাবে লাভবান হওয়ার বিষয়টিও। বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠান চায় এ সময় তাদের পণ্যের বিক্রি বাড়াতে। আয়োজক দেশ হিসেবে বাংলাদেশের অর্থনীতিতে বিশ্বকাপ ক্রিকেট কী ধরনের প্রভাব ফেলবে, সেটা গুরুত্বপূর্ণ বিষয়। এ সম্পর্কে গতকাল রোববার রাতে বিবিসি বাংলার এক প্রতিবেদনে বাংলাদেশে বিশ্বকাপ ক্রিকেটের অর্থনৈতিক বা ব্যবসায়িক দিক তুলে ধরা হয়।ক্রিকেট বা ফুটবল যেকোনো বিশ্বকাপ টুর্নামেন্টের সময় মাঠের লড়াইয়ের সঙ্গে সমান তালে লড়াই চলে করপোরেট জগতেও। বিশ্বকাপ ক্রিকেট যেমন খেলার সবচেয়ে বড় আসর, তেমনি একে ঘিরে চলছে বড় ধরনের অর্থনৈতিক কর্মকাণ্ড।বিজ্ঞাপনী প্রতিষ্ঠান বেঞ্চমার্কের প্রধান নির্বাহী কর্মকর্তা আশরাফ কায়সার বলেন, বিশ্বকাপ হচ্ছে একধরনের মহাযজ্ঞ, যাতে যোগ দেয় সবাই। আর সে কারণেই বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলো এ সুযোগটাকে নেওয়ার চেষ্টা করে।আশরাফ কায়সার বলেন, ‘আমরা যখন ব্র্যান্ড মার্কেটিংয়ের কথা ভাবি তখন “প্যাশন” ও “স্পিরিট” বলে দুটি শব্দ বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমরা জানি সমগ্র পৃথিবীতে খেলা এবং মিউজিক—এ দুটি জিনিস খুব ভয়ংকর রকমের শক্তিশালী প্যাশন। মার্কেটিয়ানরা, যাঁরা ব্র্যান্ড নিয়ে কাজ করেন বা ব্র্যান্ডের প্রসার করতে চান, তাঁরা মানুষের ভেতরের ওই প্যাশনটাকে ধরতে চান। তাঁরা এ সুযোগটাকে ব্যবহার করতে চেয়েছেন তাদের ব্র্যান্ডিংয়ের বা মার্কেটিংয়ের একধরনের প্রসারের জন্য।’বিশ্বকাপের সময় বিভিন্ন ইলেকট্রনিক্স প্রতিষ্ঠান বিভিন্ন ধরনের অফারের মাধ্যমে তাদের পণ্যের বিক্রি বাড়ায়। অধিক পণ্য বিক্রির করতে ভোক্তাকে বিভিন্নভাবে আকর্ষিত করার চেষ্টা চালায় তারা। এ ধরনের একটি প্রতিষ্ঠান ট্রান্সকম। ট্রান্সকমের একটি সহযোগী প্রতিষ্ঠান পিত্জা হাট; এ প্রতিষ্ঠানটি চালায় ট্রান্সকম ফুডস লিমিটেড।বিশ্বকাপের সময়টিকে কেন তারা ব্যবসায়ের জন্য বেছে নিয়েছেন, এমন প্রশ্নের জবাবে ট্রান্সকম ফুডস লিমিটেডের নির্বাহী পরিচালক আক্কু চৌধুরী বলেন, ‘প্রকৃতপক্ষে এটা আমাদের ব্যবসায়ের জন্য একটি সুবর্ণ সুযোগ। আমরা যারা সরাসরি ক্রেতাদের সঙ্গে সম্পৃক্ত, আমাদের জন্য এটা বড় একটা পাওয়া। প্রচুর জনগণ একসঙ্গে মিলিত হবে এবং তারা চাইবে সেলিব্রেট করতে। তাই বিজ্ঞাপনের মাধ্যমে ক্রেতাদের আকর্ষিত করার চেষ্টা করা হয়। আপনারা যদি সেলিব্রেট করতে চান, আমাদের কাছে আসুন। সেলিব্রেট করার জন্য আমরা সবচেয়ে ভালো প্রতিষ্ঠান। যে কারণে আমরা বিশ্বকাপকে ব্যবসায়ের সঠিক সময় হিসেবে বেছে নিয়েছি।’ক্রিকেট বিশ্বকাপকে ব্যবহার করে সরাসরি ব্যবসা করার সুযোগ পেয়েছে মাত্র কয়েকটি প্রতিষ্ঠান। যারা খেলাটির নিয়ন্ত্রক সংস্থা আইসিসিকে বিপুল পরিমাণ অর্থ দিয়েছে টুর্নামেন্টের সঙ্গে সরাসরি যুক্ত থেকে বিজ্ঞাপন প্রচারের জন্য। কিন্তু যারা অফিসিয়াল স্পন্সর হতে পারেনি তারা কী করছে, এমন প্রশ্নের জবাবে আশরাফ কায়সার বলেন, ‘তারাও বসে নেই। চেষ্টা করছে এই প্যাশনটাকে আন-অফিসিয়ালি কীভাবে ব্যবহার করা যায়। আমরা ওই প্যাশনটাকে ব্যবহার করতে চেয়েছি আমাদের পণ্য ও সার্ভিসের সঙ্গে এক করে। তেমনি বাংলাদেশে অনেক ইলেকট্রনিকস কোম্পানি, ক্রেডিট কার্ড কোম্পানি এমনকি ব্যাংকিং সার্ভিসগুলো ধরার চেষ্টা করছে যারা ক্রিকেটকে ভালোবাসে, এ মুহূর্তে যারা বিশ্বকাপের সমর্থনে আছে তারা যেন তাদের কার্ডটি ব্যবহার করেন। আমি বলব সারা বিশ্বে এটি ঘটে, বাংলাদেশে বা দক্ষিণ এশিয়ায় এখন এটি ঘটছে। বিশ্বকাপ ক্রিকেট মার্কেটিংয়ের অবারিত সুযোগ করে দিয়েছে।’ বিশ্বকাপের মতো একটি টুর্নামেন্টের আয়োজনের খরচ বিপুল। ক্রিকেট বিশ্বকাপের আটটি ম্যাচ হবে বাংলাদেশে। আর বাংলাদেশ সরকার ৪০০ কোটি টাকা খরচ করছে আয়োজনের জন্য। এ ধরনের টুর্নামেন্টের আয়োজনের জন্য বেশ জোরদার লড়াইও চলে। শুধু সম্মান নয়, এর একটি অর্থনৈতিক দিকও রয়েছে।বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সিপিডির নির্বাহী পরিচালক মোস্তাফিজুর রহমান মনে করেন, ক্রিকেট বিশ্বকাপের আয়োজন বাংলাদেশের অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে। তিনি বলেন, ‘প্রথমত, এটাকে উপলক্ষ করে বেশ কিছু অবকাঠামো আমরা নির্মাণ করছি। আমরা জানি যে ঢাকা শহরকে সুন্দর করার জন্য রাস্তাঘাটে বেশ কিছু পরিবর্তন করা হয়েছে। এগুলোর ফলে বেশ কিছু অর্থনৈতিক কর্মকাণ্ডের সৃষ্টি হয়েছে। এটিকে কেন্দ্র করে কেউ কেউ নতুন নতুন পণ্য তৈরিও করেছেন। এটা উপলক্ষে অনেক বিদেশিরা আসবেন। বিভিন্ন হোটেলে থাকবেন, বাংলাদেশের বিভিন্ন পণ্যসামগ্রী কিনবেন—তার ফলে কিছু নতুন অর্থনৈতিক কর্মকাণ্ড তৈরি হবে।’ ক্রিকেট বিশ্বকাপের অংশগ্রহণকারী দেশের সমর্থকেরা আয়োজিত দেশ সফর করবেন। বাংলাদশে কী পরিমাণ ক্রিকেট সমর্থক সফর করবেন, তা সংশ্লিষ্ট কর্মকর্তারা বলতে পারছেন না, তবে বেশ বড় সংখ্যায় বিদেশি সাংবাদিক আসবেন খেলার সংবাদ সংগ্রহের জন্য।মোস্তাফিজুর রহমান বলেন, ‘বিশ্বকাপ বাংলাদেশের পণ্য বিপণনে একটি মাধ্যম হিসেবে কাজ করতে পারে। বিশেষত কুটির শিল্পের যেসব পণ্য আছে, সেগুলো বিদেশি সমর্থকেরা দেখবেন। দুর্ভাগ্যজনক যে আমাদের সুন্দর সুন্দর হাতের কাজ, যা মার্কেটিংয়ের জন্য আমরা বাইরে নিয়ে যেতে পারি না। তাঁরা যখন এখানে আসবেন, এসব পণ্য ক্রয় করবেন এবং নিয়ে যাবেন, তখন এসব পণ্যের পরিচিতিও সেখানে হবে। তার ওপর ভিত্তি করে সেগুলো বাজারজাতকরণের সুযোগও পরে হতে পারে।তবে বিশ্বকাপের মতো টুর্নামেন্টের থেকে আর্থিকভাবে লাভবান হতে পারে পর্যটন খাত। সরকারি ও বেসরকারি পর্যটন প্রতিষ্ঠানগুলো যদিও বলতে পারছে না, কী পরিমাণ পর্যটক বাংলাদেশ সফর করতে পারেন। বেসরকারি বিমান চলাচল ও পর্যটনমন্ত্রী জি এম কাদের বলেন, তাঁরা প্রস্তুতি নিচ্ছেন এবং বাংলাদেশকে বিশ্ববাসীর কাছে তুলে ধরতে টেলিভিশনে একটি ক্যাম্পেইনও করা হচ্ছে। তিনি আরও বলেন, ‘টেলিভিশনের মাধ্যমে ২০১১ সালে আমরা যে প্রচারণা শুরু করব, তা বিশ্বকাপের পরও বিভিন্নভাবে চালু রাখব। আমরা যে পরিমাণ অর্থ খরচ করেছি, আশা করি খেলা শেষ হওয়ার আগেই বা এই বছর শেষ হওয়ার আগেই তার চেয়ে অনেক গুণ উঠিয়ে নিতে পারব।’তবে বেসরকারি পর্যটন প্রতিষ্ঠানগুলো অতটা আশাবাদী নয়। এদের সংগঠন তোয়াবের সভাপতি তৌফিক উদ্দিন আহমেদ অভিযোগ করেন, বিশ্বকাপ চলার সময় পর্যটনশিল্পকে ব্যবহার করে কীভাবে লাভবান হওয়া যায়, তা নিয়ে সরকারের পক্ষ থেকে কোনো যোগাযোগই করা হয়নি।তৌফিক উদ্দিন বলেন, ‘খেলোয়াড় ছাড়া যাঁরা খেলা দেখতে আসবেন, এ ব্যাপারে মন্ত্রণালয়ের কোনো সহযোগিতা আমরা পাইনি; আমরা গণমাধ্যমে যতটা জানতে পেরেছি। মন্ত্রণালয় আমাদের ডেকে কোনো সময় ব্রিফিং করেনি, কোনো ধারণা দেয়নি। মন্ত্রণালয় যেহেতু কিছুই বলেনি, তাহলে কীভাবে আমরা সহযোগিতা করতে পারি।’মন্ত্রী জি এম কাদের অবশ্য এ অভিযোগ স্বীকার করেন। মন্ত্রী বলেন, ‘এটার জন্য আমাদের যে পর্যটন বোর্ডকে নির্বাচন করা হয়েছিল, সেই বোর্ডের দায়িত্বই ছিল বেসরকারি ও সরকারি সবাইকে নিয়ে আলোচনা করা। কিন্তু বেশ কিছু আমলাতান্ত্রিক জটিলতার কারণে একটু দেরি হয়ে গেছে। তবে শুরু হচ্ছে। যে সমস্যা ছিল সেটা আর থাকবে না।’ বিশ্বকাপের সময় ভালো ব্যবসা করে আয়োজক দেশের হোটেল ও রেস্তোরাঁগুলো। সে সঙ্গে অফিসিয়াল ব্রডকাস্টাররাও করেন রমরমা ব্যবসা। বিশ্বকাপ ক্রিকেটের সম্প্রচার করার দায়িত্ব পেয়েছে ইএসপিএন ও স্টার স্পোর্টস। গণমাধ্যমের খবরেই বলা হচ্ছে, কেবল ইএসপিএন বিজ্ঞাপন বাবদ আয় করবে প্রায় ৭৫০ কোটি রুপি। তবে বাংলাদেশের গণমাধ্যমগুলোও ভালো আয় করবে বলে মনে করেন আশরাফ কায়সার। তিনি বলেন, ‘রিমোট কন্ট্রোল বলে একটি যন্ত্র আছে। বিরতির ফাঁকে হয়তো আমি আমার দেশের চ্যানেলের সংবাদ শুনতে চাইব। ইংরেজি ধারাভাষ্য হয়তো শহরের মানুষকে আলোড়িত করবে, কিন্তু সারা দেশের দর্শকেরা আমার দেশের বিশেষজ্ঞের বিশ্লেষণ শুনবেন। তাই টেলিভিশন চ্যানেলগুলোর ক্রিকেটের সঙ্গে সম্পৃক্ততা ও গ্রহণযোগ্যতা বাড়ানোর মাধ্যমে ব্যবসা বাড়ানোর অবারিত সুযোগ আছে।’দক্ষিণ আফ্রিকায় বিশ্বকাপ ফুটবলের সময় বাংলাদেশের পোশাকশিল্প বিভিন্ন দেশের জার্সি বানানোর জন্য বেশ ভালো পরিমাণ অফার পেয়েছিল। বিজিএমইএর সভাপতি আবদুস সালাম মুর্শেদী জানান, বিশ্বকাপ ক্রিকেটকে সামনে রেখে বাংলাদেশের পোশাকশিল্প কিছু ব্যবসা করেছে বলে তিনি মনে করেন।বিজিএমইএর সভাপতি আরও বলেন, ‘আন্তর্জাতিকভাবে কিছু অর্ডার এসেছে। কিন্তু স্থানীয় মার্কেট বিশাল, ১৬ কোটি মানুষ রয়েছে। সবাই হয়তো কিনবে না। তার পরও আমার মনে হয় নিজের দেশে খেলা, যারা পারবে অন্তত একটি টুপি কিনবে, অনেকে টি-শার্টও হয়তো পরবে।’তবে মুর্শেদী মনে করেন, ক্রিকেট বিশ্বকাপ থেকে বাংলাদেশের পোশাকশিল্প লাভবান হবে অন্যভাবে। তিনি বলেন, বাংলাদেশি গার্মেন্টস কিন্তু অনেক দেশেই যায়। লেখা থাকে ‘মেড ইন বাংলাদেশ’। কিন্তু দেশটি কোথায় অনেকে হয়তো জানে না। এখন কিন্তু সবাই জানবে। যারা হয়তো একটি শার্ট কিনে পরত, তারা হয়তো দুটি কিনে পরবে। আমরা মনে করি, এ পরিচিতি ভবিষ্যতে আমাদের এই ব্যবসায়ের ক্ষেত্রে অনেক বেশি কাজ দেবে।অর্থনীতিবিদ মোস্তাফিজুর রহমানও মনে করেন, দৃশ্যমান নয় এমন অনেক আয় হয় আয়োজক দেশের। তিনি বলেন, ‘আমি মনে করি, বাংলাদেশের একটি পরিচিতি হবে। বাইর থেকে যারা বিনিয়োগ করতে আসেন, বাংলাদেশ সম্পর্কে তাঁদের ভালো ধারণা থাকে না। অনেক সময় নেতিবাচক অনেক কথাবার্তা তাঁরা শোনেন। এ আয়োজনের একটি অর্থনৈতিক দিক আছে, যা হয়তো আমরা এখনই পাব না। এখনই দৃশ্যমান নয়, তবে পরে হয়তো আমাদের অর্থনীতিতে কাজে লাগবে।’ তবে তিনি মনে করেন, বিশ্বকাপের অর্থনৈতিক বিষয়টি নির্ভর করবে এটি সফলভাবে আয়োজনের ওপর।