বাংলাদেশের ব্র্যান্ডিং করা হবে ডি-৮ সম্মেলনে
ঢাকায় অনুষ্ঠেয় উন্নয়নশীল-৮ (ডি-৮) সম্মেলনে সরকারি পৃষ্ঠপোষকতায় বেসরকারি উদ্যোক্তারা বাংলাদেশি শিল্পপণ্যের প্রদর্শনীর আয়োজন করবে। এর মাধ্যমে বাংলাদেশের ব্র্যান্ডিংয়ের সুযোগ কাজে লাগানো হবে।ডি-৮ সম্মেলনের প্রস্তুতির অংশ হিসেবে দেশের ব্যবসায়ী নেতা ও শিল্প উদ্যোক্তাদের সঙ্গে গতকাল বুধবার শিল্প মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে এ সিদ্ধান্ত হয়।শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া ছাড়াও বৈঠকে উপস্থিত ছিলেন অতিরিক্ত শিল্পসচিব এ বি এম খোরশেদ আলম ও খন্দকার রাকিবুর রহমান, এফবিসিসিআইয়ের সভাপতি এ কে আজাদ, ঢাকা চেম্বারের সভাপতি আসিফ ইব্রাহীম, উইমেন চেম্বারের সহসভাপতি হাসিনা নেওয়াজ, বিজিএমইএর মহাসচিব এহসান উল ফাত্তাহ, মেট্রো চেম্বারের প্রতিনিধি ফারুক আহমেদ প্রমুখ।আগামী অক্টোবরে ঢাকায় ডি-৮ সদস্যদেশগুলোর মন্ত্রী পর্যায়ের সম্মেলন অনুষ্ঠিত হবে। শিল্প মন্ত্রণালয়ের এক তথ্য বিবরণীতে এসব জানানো হয়।বৈঠকে জানানো হয়, সম্মেলনে ডি-৮ সদস্যদেশগুলো থেকে আসা বেসরকারি খাতের উদ্যোক্তারা ১১টি শিল্প খাতে দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় সহায়তার ক্ষেত্র চিহ্নিত করবে। এগুলো হলো অটোমোটিভ ও সিমেন্ট, ইস্পাত, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি, পেট্রোকেমিক্যাল, জ্বালানি ও এনভায়রনমেন্টাল কনজারভেশন, খাদ্যশিল্প, বস্ত্র ও তৈরি পোশাক, মান নিয়ন্ত্রণ ও কনফরমিটি অ্যাসেসমেন্ট, অ্যাক্রিডিটেশন ও মেট্রোলজি এবং এসএমই। এ জন্য সংশ্লিষ্ট খাতের উদ্যোক্তাদের সক্রিয় অংশ নিয়ে পণ্যের গুণগত মান উন্নয়ন ও প্রযুক্তি হস্তান্তরের সুযোগ কাজে লাগানোর সিদ্ধান্ত হয়।