বাংলাদেশের ভাবমূর্তির মারাত্মক ক্ষতি হয়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আইসিসিবির বার্ষিক কাউন্সিল সভায় (বাঁ থেকে) শেখ কবির হোসেন, আতিকুল ইসলাম, লতিফুর রহমান, মাহবুবুর রহমান, মনোয়ারা হাকিম আলী ও মোহাম্মদ শাহজাহান
আইসিসিবির বার্ষিক কাউন্সিল সভায় (বাঁ থেকে) শেখ কবির হোসেন, আতিকুল ইসলাম, লতিফুর রহমান, মাহবুবুর রহমান, মনোয়ারা হাকিম আলী ও মোহাম্মদ শাহজাহান

সাম্প্রতিক সময়ের মধ্যে ২০১৩ সাল বাংলাদেশ সবচেয়ে চ্যালেঞ্জিং বছর হিসেবে অতিক্রম করেছে। পদ্মা সেতু প্রকল্পে ব্যর্থতা, সাভারে তৈরি পোশাক কারখানা ধসে এক হাজার ১০০ জনের বেশি মানুষের মৃত্যু, মার্কিন যুক্তরাষ্ট্র কর্তৃক জিএসপি (অগ্রাধিকার বাজারসুবিধা) স্থগিত, দেশের ভেতরে বড় আকারের ব্যাংক কেলেঙ্কারি এবং অনিয়মতান্ত্রিক রাজনৈতিক সহিংসতা গত বছর বহির্বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করেছে।
ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স বাংলাদেশের (আইসিসিবি) বার্ষিক সাধারণ সভায় উপস্থাপিত সংগঠনের নির্বাহী পর্ষদের প্রতিবেদনে এই অভিমত প্রকাশ করা হয়েছে। আইসিসিবির সভাপতি মাহবুবুর রহমান এতে সভাপতিত্ব করেন। আইসিসিবি থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ খবর জানানো হয়েছে।
অবশ্য আইসিসিবি এও বলেছে যে সব রকম ব্যর্থতা সত্ত্বেও ২০১৩ অর্থবছরে (২০১২-১৩) বাংলাদেশ ৬ দশমিক শূন্য ৩ শতাংশ হারে মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধি অর্জনে সক্ষম হয়েছে। যদিও এ প্রবৃদ্ধি আগের দুই বছরের তুলনায় কম, তার পরও তা ৬ শতাংশের ওপরে থাকা সম্মানজনক। কেননা, উন্নয়নশীল দেশগুলো ২০১৩ সালে গড়ে ৫ শতাংশ হারে প্রবৃদ্ধি অর্জন করেছে। দেশে প্রবৃদ্ধি কমে যাওয়ার কারণ কৃষি খাত ও সেবা খাতের ধীরগতি।
আইসিসিবি আরও বলেছে, ২০১৩ সালে বছরজুড়ে রাজনৈতিক সহিংসতার ফলে বড় ধরনের অর্থনৈতিক ক্ষতি ছাড়াও নিরপরাধ মানুষের মৃত্যু দেশকে একটি অস্বস্তির মধ্যে ফেলে দিয়েছিল। রাজনৈতিক সহিংসতা না থাকলে দেশের প্রবৃদ্ধি ৭ শতাংশে উন্নীত হতে পারত।
আইসিসিবির প্রতিবেদনে বলা হয়েছে, সাম্প্রতিক সময়ে বিশ্বব্যাংকের প্রতিবেদন অনুসারে আগামী ১০ বছরে বাংলাদেশের দেড় কোটি মানুষের কর্মংস্থান সৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভালো কারখানাগুলোয় বাংলাদেশি শ্রমিকদের উৎপাদনশীলতা চৈনিক শ্রমিকদের সমমানের, যেখানে তাঁদের মজুরি চৈনিক শ্রমিকদের পাঁচ ভাগের এক ভাগ আর ভিয়েতনামের শ্রমিকদের অর্ধেক।
সভায় বিজিএমইএর সভাপতি আতিকুল ইসলাম রানা প্লাজা ধসের পর সহযোগিতার জন্য আইসিসিবির সব সদস্যকে ধন্যবাদ জানান।
সভায় নির্বাহী পর্ষদের প্রতিবেদন ও সংগঠনের আর্থিক বিবৃতি অনুমোদন করা হয়।
কাউন্সিল সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আইসিসিবির সহসভাপতি লতিফুর রহমান, নির্বাহী পর্ষদের এ এস এম কাশেম, মাহবুব জামিল, আফতাব উল ইসলাম, ওয়ালিউর রহমান ভূঁইয়া, মোহাম্মদ হাতেম, এফবিসিসিআইয়ের প্রথম সভাপতি মনোয়ারা হাকিম আলী, ডিসিসিআই সভাপতি মোহাম্মদ শাজাহান খান, বিজিএমইএ সভাপতি আতিকুল ইসলাম, বিআইএ চেয়ারম্যান শেখ কবির হোসেন, সাবেক বিকেএমইএর সভাপতি ফজলুল হক, ফরেন চেম্বারের সাবেক সভাপতি সৈয়দ এরশাদ আহমেদ প্রমুখ।