বাংলাদেশের ভেতরে রুপি পরিবর্তনের সুযোগ নেই

বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে ভারতীয় রুপি আমদানি করে না। ফলে বৈধ বা আনুষ্ঠানিক খাতে এখানে রুপি লেনদেনের সুযোগ নেই। ফলে দেশে থাকা ভারতীয় রুপিরও কোনো বৈধতা নেই।
ভারতে গত মঙ্গলবার মধ্যরাত থেকে বাতিল হয়ে গেছে ৫০০ ও ১০০০ রুপির নোট। এতে বাংলাদেশের নাগরিকদের কাছে থাকা রুপিও বাতিল হয়ে গেছে। প্রতিবছর বাংলাদেশের নাগরিকেরা ভারতে ভ্রমণ, চিকিৎসা, ব্যবসাসহ বিভিন্ন উদ্দেশ্যে যান। তাঁদের অনেকের কাছেই কমবেশি ভারতীয় রুপি আছে। তবে এগুলো এখন স্রেফ কাগজে পরিণত হয়ে গেছে।
আর এ সুযোগে বাংলাদেশের খোলাবাজারে রুপিপ্রতি দামও কমে গেছে ৩০-৪০ পয়সা। এক্সচেঞ্জ হাউসগুলোও বন্ধ রেখেছে ভারতীয় রুপির কেনাবেচা। বাতিল হওয়ার খবরে গতকাল বুধবার অনেকেই ৫০০ ও ১০০০ রুপির ভারতীয় নোট নিয়ে ব্যাংক, মানি চেঞ্জার হাউস ও খোলাবাজারে ভিড় করেছিলেন বলে জানা গেছে। ব্যাংকগুলোতেও অনেকে ৫০০ ও ১০০০ রুপির নোট নিয়ে গেলেও নিরাশ হতে হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ বিরূপাক্ষ পাল এ বিষয়ে প্রথম আলোকে বলেন, যেহেতু পাসপোর্টে রুপি এনডোর্স করা হয় না, তাই যাঁদের কাছে এখন যে রুপি রাখা আছে, তার কোনো রেকর্ড নেই। তাঁরা এখন আর ভারতে যাওয়ার পথে বিমানবন্দর থেকে মুদ্রা পরিবর্তন করতে পারবেন না। বাংলাদেশের ভেতরে এই রুপি পরিবর্তনের আর কোনো সুযোগ নেই।
এদিকে মানি চেঞ্জার ও খোলাবাজারের নোট ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা গেছে, বাংলাদেশে বৈধ উপায়ে কোনো ভারতীয় নোট না আসায় ফেরতও যাবে না। বিষয়টি মাথায় রেখে তাঁরা সীমান্ত এলাকায় যোগাযোগ করে বাতিল হওয়া নোট ভারতে পাঠানোর পথ খোঁজার চেষ্টা করছেন। ভারতে পাঠানোর পথ খুঁজে পেলেই ৫০০ ও ১০০০ রুপির নোট কেনা শুরু করবেন। তবে এ ক্ষেত্রে ঝুঁকি থাকায় দাম কমে অর্ধেক হয়ে যেতে পারে।
মানি চেঞ্জার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি মোস্তফা খান বলেন, ‘৫০০ ও ১০০০ রুপির নোট বাতিলের খবরে আমরা ভারতীয় নোট কেনাবেচা বন্ধ রেখেছি। বাজারে রুপির দাম ৩০-৪০ পয়সা কমে গেছে। অনেকে ৫০০ ও ১০০০ রুপির নোট পরিবর্তনের জন্য নিয়ে আসছে। আমরা তাদের ফিরিয়ে দিচ্ছি।’
জানা গেছে, গতকাল রাজধানীর মতিঝিল ও গুলশানের খোলাবাজারে প্রতি রুপি ৮০-৯০ পয়সায় কেনা হয়েছে। আর বিক্রি করেছে ১ টাকা ২০ থেকে ১ টাকা ৩০ পয়সায়। মূলত ১০০ রুপির নোটই কেনাবেচা হয়েছে গতকাল।
বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত এক ব্যক্তি জানান, তাঁর কাছে বেশ কয়েক হাজার ভারতীয় রুপি আছে। যার মধ্যে ৫০০ রুপির নোটও আছে। তিনি এই টাকা কীভাবে পরিবর্তন করবেন, বুঝতে পারছেন না।
বেসরকারি ইস্টার্ন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আলী রেজা ইফতেখার প্রথম আলোকে বলেন, যাঁরা হাতে রুপি রেখেছেন, অর্থাৎ ৫০০ বা ১০০০ নোটের রুপি, দেশের কোনো জায়গা থেকে এ রুপি পরিবর্তন করার কোনো উপায় নেই। তবে ভারতে গিয়ে যেকোনো ব্যাংক থেকে নির্ধারিত ফরম পূরণ করে এই রুপি পরিবর্তন করে নিতে পারবেন।
জাল নোট এবং কালো রুপির বিস্তার রোধের কারণ দেখিয়ে গত মঙ্গলবার ৫০০ ও ১০০০ রুপির নোট বাতিলের ঘোষণা দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ঘোষণা অনুযায়ী পর্যটকেরা ভারতের যেকোনো ব্যাংকে গিয়ে ১১ নভেম্বর তারিখের পর নির্ধারিত ফরম নিয়ে তা পূরণ করে রুপি পরিবর্তন করে নিতে পারবেন। আর ৩০ ডিসেম্বরের পর শুধু রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া বাতিল হওয়া নোট নেবে।