বাংলাদেশের মধু যাবে স্লোভেনিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ থেকে মধু কিনতে চায় স্লোভেনিয়া। এ জন্য বাংলাদেশকে উন্নত প্রজাতির মৌমাছি সরবরাহের পাশাপাশি মধু উৎপাদনের জন্য প্রশিক্ষণ ও মৌচাষিদের কারিগরি ও প্রযুক্তিগত সহায়তা দেবে ইউরোপীয় ইউনিয়নভুক্ত এই দেশটির সরকার।
ঢাকা সফররত স্লোভেনিয়ার কৃষি, বন ও খাদ্য উপমন্ত্রী তানজা নিশা গতকাল বুধবার শিল্পমন্ত্রী আমির হোসেন আমুর সঙ্গে বৈঠককালে এসব কথা বলেন। শিল্প মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এই বৈঠকে আরও উপস্থিত ছিলেন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব বেগম পরাগ, বিসিকের চেয়ারম্যান মুশতাক হাসান মুহঃ ইফতিখার, নয়াদিল্লিতে নিযুক্ত স্লোভেনিয়ার রাষ্ট্রদূত জোসেফ ড্রফিনিক, ঢাকায় স্লোভেনিয়ার অনারারি কনসাল ওয়াহিদ সালাম ও বিসিকের মৌচাষ প্রকল্পের পরিচালক খোন্দকার আমিনুজ্জামান।
মন্ত্রণালয়ের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়। এতে বলা হয়, শিল্পমন্ত্রীর কাছে তানজা নিশা বাংলাদেশ থেকে তৈরি পোশাক ও ওষুধ আমদানির আগ্রহ প্রকাশ করেন। এ ছাড়া দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে দুই দেশের মধ্যে ব্যবসায়িক প্রতিনিধিদলের সফর বিনিময়ের ওপর গুরুত্ব দেন তিনি।
শিল্পমন্ত্রী আমির হোসেন বাংলাদেশ থেকে স্লোভেনিয়ার মধু আমদানির প্রস্তাবকে স্বাগত জানান। তিনি বলেন, স্লোভেনিয়ায় মধু রপ্তানি হলে বিশ্ববাজারে বাংলাদেশি রপ্তানি পণ্য বৈচিত্র্যের সুযোগ সৃষ্টি হবে। এ সময় তিনি স্লোভেনিয়ার সহায়তায় মধু উৎপাদনের জন্য কার্যকর ব্যবস্থা নিতে বিসিক কর্মকর্তাদের নির্দেশনা দেন।
মন্ত্রণালয় জানায়, দেশে বছরে ৪ হাজার মেট্রিক টন মধু উৎপাদিত হয়। উন্নত প্রযুক্তির প্রয়োগ ও মৌচাষির সংখ্যা বাড়ানো গেলে মধু উৎপাদন ১ লাখ মেট্রিক টনে নিয়ে যাওয়া সম্ভব।
আমির হোসেন বলেন, পোশাক রপ্তানিতে বাংলাদেশ দ্বিতীয়। বাংলাদেশের নির্মিত জাহাজ ইউরোপীয় ইউনিয়নে যাচ্ছে। ওষুধ রপ্তানি হচ্ছে বিশ্বের শতাধিক দেশে। এ ছাড়া বাংলাদেশ থেকে চামড়া ও চামড়াজাত পণ্য, পাট ও পাটজাত দ্রব্য, প্লাস্টিক, সিরামিক, বাইসাইকেল, সবজি, চিংড়ি, কাঁকড়াসহ হিমায়িত মৎস্য রপ্তানি হচ্ছে। তিনি এসব পণ্য আমদানি করতে স্লোভেনিয়ার উপমন্ত্রীকে আহ্বান জানান।