বাংলাদেশের রপ্তানিতে তাৎক্ষণিক কোনো প্রভাব পড়বে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও ভারত যে মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) সম্পাদন করতে চাইছে, তার তাৎক্ষণিক কোনো প্রভাব বাংলাদেশের রপ্তানির ওপর পড়বে না। তবে মধ্য ও দীর্ঘ মেয়াদে কী ও কতটা নেতিবাচক প্রভাব পড়তে পারে, তা নিবিড়ভাবে পর্যালোচনার জন্য সমীক্ষা চালাতে হবে।বাংলাদেশ ফরেন ট্রেড ইনস্টিটিউট (বিএফটিআই) ও মেট্রোপলিটন চেম্বার (এমসিসিআই) আয়োজিত ‘ইইউ-ভারত এফটিএ: বাংলাদেশের ওপর সম্ভাব্য প্রভাব’ শীর্ষক এক সেমিনারে গতকাল বুধবার বক্তারা এই অভিমত ও পরামর্শ ব্যক্ত করেন।রাজধানী মতিঝিলে এমসিসিআইর মিলনায়তনে সংগঠনের সভাপতি রোকেয়া আফজাল রহমানের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি ছিলেন বাণিজ্যমন্ত্রী গোলাম মোহম্মদ কাদের। সূচনা বক্তব্যে বিএফটিআইর প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মজিবর রহমান বলেন, ইইউ-ভারত এফটিএ সম্পন্ন হলে ভারত ইউরোপের বাজারে নিম্নহারে শুল্ক দিয়ে প্রবেশ করতে সক্ষম হবে। এতে করে বাংলাদেশি রপ্তানি বড় ধরনের প্রতিযোগিতার মুখে পড়ে বাজার হারাবে। এমনকি ভারতীয় রপ্তানিকারকেরা পর্যায়ক্রমে আমেরিকা থেকে অধিক হারে ইউরোপের দিকে ঝুঁকে পড়বে।ভারত বর্তমানে গড়ে ১২ শতাংশ হারে শুল্ক দিয়ে ইইউর বাজারে প্রবেশ করে যেখানে বাংলাদেশ শুল্কমুক্ত সুবিধা পেয়ে আসছে। এ তথ্য উল্লেখ করে মজিবর রহমান আরও বলেন, যদি ভারতের রপ্তানিতে শুল্কহার কমে ৫ শতাংশ হয়, তাহলে বাংলাদেশের মুনাফা কমবে অন্তত ৩ শতাংশ।মূল প্রবন্ধে বিএফটিআইর গবেষণা কর্মকর্তা তোফায়েল আহমেদ বলেন, বাংলাদেশের মোট রপ্তানির ৫৭ শতাংশ যায় ইইউতে, যেখানে ভারতের যায় ২৫ শতাংশ। এফটিএরও আওতায় প্রথমে শুল্কছাড় ও পরে শুল্কমুক্ত সুবিধা পেলে ভারতের রপ্তানি অনেক বাড়বে। তিনি আরও বলেন, তৈরি পোশাকসহ বাংলাদেশের প্রধান রপ্তানিমুখী পণ্যগুলো ভারতীয় এই ধরনের পণ্যের সঙ্গে প্রতিযোগিতাশীল।তোফায়েল আহমেদ অবশ্য এ-ও বলেন যে ইইউ যেসব পণ্য ভারতে রপ্তানি করে, বাংলাদেশ সেসব পণ্য ভারতে রপ্তানি করে না। কাজেই এই এফটিএর জন্য ভারতে বাংলাদেশের রপ্তানি ব্যাহত হবে না।আলোচনায় অংশ নিয়ে বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের সভাপতি ও বিকেএমইএর সাবেক সভাপতি ফজলুল হক বলেন, ‘ইইউ-ভারত এফটিএ থেকে বাংলাদেশ লাভবান হবে না, আপাতত এটাই বলা যেতে পারে। তবে কতটা প্রভাব পড়বে বা সেটা কতখানি নেতিবাচক হবে, এখনই তা বলা সম্ভব নয়। কেননা, এখনো আমরা এই চুক্তির খসড়া পাঠ দেখতে পারিনি। তাই ঠিক জানা সম্ভব হয়নি যে কী কী পণ্যে কীভাবে সুবিধা দেওয়া হচ্ছে।’ ফজলুল হক বলেন, এই এফটিএর ফলে ভারতের পোশাকের বাজার আমেরিকা থেকে ইউরোপে স্থানান্তরিত হবে, এমনটাও বলা যায় না। কেননা, এক বাজার থেকে আরেক বাজারে সরে আসা শুধু শুল্কসুবিধা নয়, আরও অনেক কিছুর ওপর নির্ভর করে, যা সময়সাপেক্ষ। আর আমেরিকার বাজারে উচ্চহারে শুল্ক ভারতীয় রপ্তানিকারদের তেমন মাথাব্যথা নয়, এটা মূলত আমেরিকার আমদানিকারকদের সমস্যা। ফজলুল হকের মতে, বস্ত্র খাতে ভারত ঐতিহাসিকভাবেই শক্তিশালী। আর নিম্ন সুদের হারসহ নানা সুবিধা তাদের আছে। তবে বাংলাদেশের উদ্যোক্তারা যথেষ্ট সৃজনশীল ও সহনক্ষম। কাজেই শিল্পের অভ্যন্তরীণ স্থিতিশীলতা ও দেশের স্থিতিশীলতা এখন খুব গুরুত্বপূর্ণ। তিনি উৎপাদনশীলতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।সেন্টার ফর পলিসি ডায়ালগের অতিরিক্ত পরিচালক গোলাম মোয়াজ্জেম বলেন, বৈশ্বিক ক্রেতারা এখন প্যাকেজ বা গুচ্ছ সরবরাহ-ব্যবস্থার দিকে জোর দিচ্ছে। ভারতের শিল্পোৎপাদনে এই ক্ষেত্রে ঘাটতি আছে। তবে বাংলাদেশ কিছুটা সুবিধাজনক অবস্থানে রয়েছে। আর বাংলাদেশি উদ্যোক্তা ও রপ্তানিকারকেরা মুনাফা কমিয়ে প্রতিযোগিতায় টিকে থাকতে সক্ষম হবেন।মোয়াজ্জেম আরও বলেন, এই এফটিএর ফলে শুধু বাংলাদেশ নয়, বরং স্বল্পোন্নত অন্য দেশগুলো কতটা প্রভাবিত হবে, তা বিশ্লেষণ করা প্রয়োজন। কেননা, ইইউতে স্বল্পোন্নত দেশগুলো যে বাজারসুবিধা পাচ্ছে, ভারত শুল্কমুক্ত সুবিধা পেলে তা কমে যেতে পারে।বিটিএমএর সাবেক সভাপতি এ মতিন চৌধুরী বলেন, স্বল্প মজুরির সুবিধা নিয়ে বাংলাদেশ বেশি দূর যেতে পারবে না। বরং তা নিম্ন উৎপাদনশীলতার দিকে ধাবিত হয়।প্রধান অতিথির বক্তব্যে বাণিজ্যমন্ত্রী জি এম কাদের বলেন, ইইউ-ভারত এফটিএ নিয়ে এখনই যেসব আশঙ্কার কথা বলা হচ্ছে, তা একটু আগ বাড়িয়ে বলা হচ্ছে। কিছু পূর্বানুমানের ভিত্তিতে এসব কথা বলা হচ্ছে। কিন্তু আরেকটু ভালোভাবে গবেষণা ও বিশ্লেষণ করা প্রয়োজন।জি এম কাদের আরও বলেন, রপ্তানি বাজারে বাংলাদেশের জন্য প্রতিবন্ধকতা অনেক। প্রতিবন্ধকতার মধ্যেও দক্ষ শ্রমিক ও পণ্য উন্নতমান হওয়ার কারণে বাংলাদেশের তৈরি পণ্য বিশ্ববাজারে জনপ্রিয়তা পেয়েছে। বাংলাদেশ সব প্রতিবন্ধকতা অতিক্রম করে এগিয়ে যাচ্ছে। বাংলাদেশকে আর কোনোভাবে থামিয়ে রাখা যাবে না। সেমিনারে আরও বক্তব্য দেন ব্যারিস্টার রফিকুল হক। ধন্যবাদ জ্ঞাপন করেন এমসিসিআইর মহাসচিব ফারুক আহমেদ।