বাংলাদেশের নতুন শ্রম আইনকে হাফ-হার্টেড বা অসম্পূর্ণ বলে আখ্যায়িত করেছে যুক্তরাষ্ট্রের দ্য নিউইয়র্ক টাইমস।
পত্রিকাটির মতে, নতুন আইনটি বাংলাদেশের পোশাকশিল্পে কর্মরত ৪০ লাখ শ্রমিককে বিপজ্জনক কর্মপরিবেশ থেকে খুব কমই সুরক্ষা দেবে। সে জন্য ইউরোপ-আমেরিকাকে অবশ্যই বাংলাদেশের ওপর চাপ আরও বাড়াতে হবে।
গত বুধবার নিউইয়র্ক টাইমস-এর সম্পাদকীয়তে এ সম্পর্কে বলা হয়েছে, আন্তর্জাতিক চাপের মুখে বাংলাদেশের পোশাকশিল্পে বিরাজমান সমস্যাবলির সমাধানে এ সপ্তাহে শ্রম আইন সংশোধন করা হয়েছে। শ্রমিকদের ইউনিয়ন বা শ্রমসংঘ গঠন সহজ করার লক্ষ্যে শ্রম আইন পরিবর্তন করা হলেও তাতেও দুর্বলতা রয়েই গেছে। সাম্প্রতিক বছরগুলোতে ভবনধস, অগ্নিকাণ্ডসহ অন্যান্য কারণে শত শত মানুষের দুঃখজনক মৃত্যুর যেসব ঘটনা ঘটেছে, সে ধরনের পরিস্থিতি রোধে যতটা পদক্ষেপ থাকা প্রয়োজন ছিল, তা নেই আইনটিতে।
পত্রিকাটি বলেছে, গত এপ্রিল মাসে একটি কারখানা ভবস ধসে এক হাজার এক শরও বেশি শ্রমিকের মৃত্যুর ঘটনার পর বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার পোশাকশিল্পে নিরাপত্তার যে ঘাটতি রয়েছে, তা পূরণের চেষ্টা করে আসছে। আর বাংলাদেশ হচ্ছে ওয়াল-মার্ট, গ্যাপ ও এইচঅ্যান্ডএমের মতো পশ্চিমা ক্রেতা প্রতিষ্ঠানগুলোতে পোশাকপণ্যের বড় সরবরাহকারী।
নিউইয়র্ক টাইমস মনে করে, নতুন আইনে শ্রমিকদের ইউনিয়ন বা শ্রমসংঘ করার বিরুদ্ধে পোশাকশিল্পের মালিকদের অগ্রাহ্য করার ক্ষমতা রাখা হয়নি। এটা আইনটির একটা ভালো দিক। কিন্তু এতে আবার হাস্যকরভাবে শ্রমিককের ইউনিয়ন করার ক্ষেত্রেও কিছু প্রতিবন্ধকতা রয়েছে। উদাহরণস্বরূপ, কারখানার নিজস্ব শ্রমিকদের মধ্য থেকেই ইউনিয়নের নেতৃত্ব গড়ে তুলতে হবে, বাইরের শ্রমিকেরা এতে জড়িত থাকতে পারবেন না। এর ফলে মালিকপক্ষ যাঁদের পছন্দ করবে না, তাঁদের নিছক চাকরি থেকে বাদ দিয়ে শ্রমসংঘ করার প্রক্রিয়া দুর্বল করে দিতে পারবে।
আইনটিতে বলা হয়েছে, কেউ কারখানার মোট শ্রমিকের ন্যূনতম ৩০ শতাংশের ভোট না পেলে সরকার ওই প্রতিষ্ঠানে শ্রমসংঘ অনুমোদন করবে না। এ ক্ষেত্রে কোনো কোনো কোম্পানির এক কারখানা আরেকটি থেকে অনেক দূরে হলে ভোট চাওয়া কঠিন হয়ে পড়বে।
পত্রিকাটির মতে, বাংলাদেশের সংশোধিত শ্রম আইনটি আসলেই রক্ষণশীল। কারণ এতে বিশেষ রপ্তানি অঞ্চলগুলোয় অবস্থিত কারখানাগুলোয় শ্রমসংঘ করার অনুমতি দেওয়ার বিধান রাখা হয়নি। এ ছাড়া কোনো কারখানায় স্ট্রাইক বা ধর্মঘট ডাকতে হলে দুই-তৃতীয়াংশ শ্রমিকের সমর্থন থাকতে হবে।
হিউম্যান রাইটস ওয়াচের উদ্ধৃতি দিয়ে নিউইয়র্ক টাইমস জানায়, এ আইন অনুযায়ী সরকার যদি শ্রমিক ধর্মঘটকে জনজীবনের জন্য কষ্টকর ও জাতীয় স্বার্থের পরিপন্থী মনে করে, তাহলে তা বন্ধ করে দিতে পারবে।
অন্যদিকে সরকারি কর্মকর্তারা আশা করছেন, নতুন আইনটি ওবামা প্রশাসন ও ইউরোপীয় ইউনিয়নকে (ইইউ) বাংলাদেশের অগ্রাধিকারমূলক বাণিজ্যিক সুবিধা বাতিল করার সিদ্ধান্ত থেকে বিরত রাখবে।