উভয় দেশের মধ্যে এখন দৈনিক গড়ে প্রায় ২০০ কোটি রুপির ব্যবসা কম হচ্ছে
বাংলাদেশের সংকটে ভারতের সঙ্গে সীমান্ত-বাণিজ্য ব্যাহত
বাংলাদেশের বর্তমান রাজনৈতিক সংকট বা সহিংসতার কারণে ভারতের সঙ্গে সীমান্ত-বাণিজ্য ব্যাহত হচ্ছে।পচনশীল ও অপচনশীল পণ্যসামগ্রী নিয়ে বাংলাদেশমুখী প্রায় ৮০০ থেকে এক হাজার ট্রাক এরই মধ্যে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বিভিন্ন স্থলবন্দর ও শুল্কস্টেশন এলাকায় আটকা পড়েছে। খবর ভারতীয় পত্রিকা বিজনেস লাইন-এর।বাংলাদেশের সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরের বিপরীতে পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনার ঘোজাডাঙ্গা স্থলবন্দর ও মালদা জেলার মাহাদিপুর শুল্কস্টেশন দিয়ে পণ্য সরবরাহের অবস্থা এখন খুবই খারাপ। একইভাবে যশোরের বেনাপোল ও পশ্চিমবঙ্গের পেট্রাপোল স্থলবন্দর দিয়েও দুই দেশের মধ্যে ব্যবসা-বাণিজ্য তথা আমদানি-রপ্তানি কার্যক্রম ব্যাপক হারে কমে গেছে।স্থানীয় কিছু ইস্যুকে কেন্দ্র করে গত মাসে ভোমরা-ঘোজাডাঙ্গা স্থলবন্দর দিয়ে সীমান্ত-বাণিজ্য বেশ ব্যাহত হয়েছে। দুই সপ্তাহ ধরে বাংলাদেশে রাজনৈতিক সহিংসতা বেড়ে যাওয়ায় দ্বিপক্ষীয় ব্যবসা-বাণিজ্য আরও স্থবির হয়ে পড়েছে।যুদ্ধাপরাধীদের বিচারকে কেন্দ্র করে এরই মধ্যে বাংলাদেশে ৫০ জনেরও বেশি মানুষ মারা গেছে। তবে এ ধরনের পরিস্থিতিতেও ভারতীয় ট্রাকগুলো বাংলাদেশ থেকে নিরাপদে স্বদেশে ফিরেছে বলে জানান পশ্চিমবঙ্গভিত্তিক সংগঠন সারা বাংলা ট্রাক পরিচালক সংগঠন সমন্বয় সমিতির সাধারণ সম্পাদক অমিতাভ মিত্র।অসমর্থিত তথ্য অনুযায়ী বাংলাদেশের বিদ্যমান পরিস্থিতিতে উভয় দেশের মধ্যে এখন দৈনিক গড়ে প্রায় ২০০ কোটি রুপির ব্যবসা কম হচ্ছে। বর্তমানে বাংলাদেশ ও ভারতের মধ্যকার দ্বিপক্ষীয় বাণিজ্যের মোট বার্ষিক পরিমাণ হচ্ছে ৫৫০ কোটি মার্কিন ডলার বা ২২ হাজার কোটি রুপি। এর প্রায় ৮০ শতাংশই সংঘটিত হয় বেনাপোল-পেট্রাপোল সীমান্ত দিয়ে।ভারত থেকে বাংলাদেশে যেসব পণ্য রপ্তানি হয় সেগুলোর মধ্যে রয়েছে: কাঁচা তুলা, কৃষিপণ্য, বিভিন্ন ধরনের যানবাহন ও যানবাহনের যন্ত্রাংশ, সিমেন্ট ও ইস্পাত।অন্যদিকে বাংলাদেশ থেকে ভারত পোশাক, কাঁচা পাট, মাছ ও বিভিন্ন খাদ্যপণ্য আমদানি করে থাকে।অমিতাভ মিত্র বলেন, সীমান্তের কাছে অপেক্ষমাণ থাকা বাংলাদেশমুখী পণ্যবাহী ট্রাকগুলোতে পিঁয়াজ ও বিভিন্ন সবজিজাতীয় পচনশীল পণ্য রয়েছে। বাংলাদেশে পরিস্থিতির উন্নতি না হলে এসব পণ্য নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। এর ওপর রপ্তানিকারকদের পরিবহন খরচও ব্যাপক হারে বেড়ে যাবে।ভারতের ইঞ্জিনিয়ারিং এক্সপোর্ট প্রমোশন কাউন্সিলের (ইইপিসি) সহসভাপতি অনুপম শাহ বলেন, বাংলাদেশে অবস্থা আরও খারাপ হলে ব্যবসা-বাণিজ্যও সঙ্গিন হয়ে উঠতে পারে।তুলা ও বস্ত্র উৎপাদনকারী প্রতিষ্ঠান টিটি লিমিটেডের যুগ্ম ব্যবস্থাপনা পরিচালক সঞ্জয় জৈন বলেন, বাংলাদেশের বর্তমান পরিস্থিতি দীর্ঘ মেয়াদে চলতে থাকলে তাতে ভারতের সুতা রপ্তানির ওপর নেতিবাচক প্রভাব পড়বে।