যুক্তরাষ্ট্রে বাংলাদেশি পণ্য আমদানিতে বাংলাদেশের সঙ্গে কোনো শুল্ক বৈষম্য করা হচ্ছে না বলে মনে করেন ঢাকায় নিযুক্ত মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজীনা। তিনি আরও মনে করেন, বাংলাদেশি রপ্তানিকারকেরাও এই শুল্ক দিচ্ছেন না, দিচ্ছেন যুক্তরাষ্ট্রের আমদানিকারকেরা।
জাতীয় প্রেসক্লাবে গতকাল মঙ্গলবার ইকোনমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ) আয়োজিত সংবাদ সম্মেলনে মজীনা এসব কথা বলেন। ইআরএফ সভাপতি সুলতান মাহমুদের সভাপতিত্বে সংবাদ সম্মেলনটি সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান।
বাংলাদেশ থেকে পণ্য আমদানির ক্ষেত্রে যুক্তরাষ্ট্র গড়ে ১৫ দশমিক ৫০ শতাংশ হারে শুল্ক আদায় করে যা প্রতিযোগী অন্য দেশগুলোর তুলনায় বেশি। পাকিস্তান, ভিয়েতনাম, চীন ও ভারতের ক্ষেত্রে এই হার যথাক্রমে ৯ দশমিক ৬ শতাংশ, ৮ দশমিক ২ শতাংশ, ৩ শতাংশ ও ২ দশমিক ৩ শতাংশ।
সম্প্রতি অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এসব তথ্য উল্লেখ করে সাংবাদিকদের জানিয়েছিলেন, বাংলাদেশ বছরে ৮০ কোটি ডলার শুল্ক দেয় যুক্তরাষ্ট্রকে।
এ বিষয়ে জানতে চাইলে মজীনা বলেন, বাংলাদেশি উৎপাদক ও রপ্তানিকারকদের কাছ থেকে আমদানি করে ক্রেতা প্রতিষ্ঠানগুলো (বায়ার) যুক্তরাষ্ট্রে এসব পণ্য বিক্রি করছে। উল্টো তিনি প্রশ্নও রাখেন, ‘চূড়ান্ত অর্থে তাহলে কে দিচ্ছে এই শুল্ক?’ জবাবটাও তিনি দেন এভাবে যে এই শুল্কের ভার শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্রের জনগণের ঘাড়ে গিয়ে পড়ে।
মার্কিন যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক ট্রেড কমিশনের পরিসংখ্যান থেকে দেখা যায়, চলতি বছরের প্রথম নয় মাসে (জানুয়ারি-সেপ্টেম্বর) বাংলাদেশি পণ্য আমদানির বিপরীতে দেশটি ৬৪ কোটি ২০ লাখ ডলারের শুল্ক আদায় করেছে। আর ২০১৩ সালে আদায় করেছিল ৮২ কোটি ৮২ লাখ ডলার।
রাষ্ট্রদূত মজীনা বলেন, ভবিষ্যতে আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ বিনিয়োগের কাঙ্ক্ষিত জায়গা হবে বাংলাদেশ। তবে তার আগে দুর্নীতি ও রাজনৈতিক অস্থিতিশীলতা কমাতে হবে। উন্নত করতে হবে আইনের শাসনের।
একবিংশ শতাব্দীর উদীয়মান সর্ববৃহৎ বাণিজ্যিক পথ হবে ইন্দো-প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক করিডর—যা দক্ষিণ এশিয়ার সঙ্গে চীন তথা সারা বিশ্বের যোগসূত্র স্থাপন করবে। এসব কথা উল্লেখ করে মজীনা বলেন, ‘বাংলাদেশই এতে সবচেয়ে বেশি লাভবান হবে।’