বাংলাদেশের সঙ্গে বাণিজ্য বাড়াতে চায় কুয়েত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় বাণিজ্য আরও বাড়ানোর সুযোগ দেখছেন কুয়েতের ব্যবসায়ীরা। তাঁরা বাংলাদেশি ব্যবসায়ীদের কুয়েতে পণ্য রপ্তানি বাড়ানোর উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন। পাশাপাশি এ দেশে বিনিয়োগের আগ্রহ দেখিয়েছেন।
দুই দেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই ও কেসিসিআইয়ের মধ্যে গতকাল বুধবার একটি দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে কুয়েতের ব্যবসায়ীরা এ আহ্বান জানান।
কুয়েতের প্রধানমন্ত্রী শেখ জাবের আল-মুবারক আল-হামাদ আল-সাবাহর সফরসঙ্গী হিসেবে কুয়েতের এই ব্যবসায়ী প্রতিনিধিদলটি বাংলাদেশ সফর করছে। রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত বৈঠকে কেসিসিআইয়ের চেয়ারম্যান ও কুয়েতের সাবেক বাণিজ্যমন্ত্রী আব্দুল ওয়াহাব এম আল ওয়াযান, এফবিসিসিআইয়ের ভারপ্রাপ্ত সভাপতি মো. শফিউল ইসলাম ও সহসভাপতি মো. মাহবুবুল আলম উপস্থিত ছিলেন।
আব্দুল ওয়াহাব এম আল ওয়াযানকে উদ্ধৃত করে এফবিসিসিআইয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ ও কুয়েতের মধ্যে বাণিজ্য বৃদ্ধির যথেষ্ট সুযোগ রয়েছে। বাংলাদেশি ব্যবসায়ীরা কুয়েতের বাজারে আরও বেশি পরিমাণে পণ্য রপ্তানির উদ্যোগ নিতে পারেন। সভায় দ্বিপক্ষীয় বাণিজ্য উন্নয়ন, প্রতিনিধিদল বিনিময় ও ব্যবসায় সংযোগ বাড়াতে একটি ‘সমঝোতা স্মারক’ স্বাক্ষর করা হয়।
২০১৪-১৫ অর্থবছরে বাংলাদেশ কুয়েতে ১ কোটি ৭১ লাখ ডলারের পণ্য রপ্তানির বিপরীতে দেশটি থেকে ৮৬ কোটি ডলারের পণ্য আমদানি করেছে। বাংলাদেশ কুয়েতে মূলত কৃষিজাত পণ্য, পোশাক ও হিমায়িত খাদ্য রপ্তানি করে।