বাংলাদেশের সঙ্গে বাণিজ্য বৃদ্ধিতে জোর দিলেন মমতা
পশ্চিমবঙ্গ শিল্পে যত বেশি সমৃদ্ধ হবে, উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর (ভারতের) সঙ্গে তত বেশি ব্যবসা-বাণিজ্য বাড়বে। একই সঙ্গে প্রতিবেশী বাংলাদেশের সঙ্গেও ব্যবসায়-বাণিজ্য জোরদার হবে।পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল শনিবার শিল্পপতিদের সঙ্গে অনুষ্ঠিত এক বৈঠকে এ কথা বলেন। বৈঠকে পশ্চিমবঙ্গসহ ভারতের বিভিন্ন রাজ্যের শিল্পপতিরা যোগ দেন। মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটিই হলো শিল্পপতিদের সঙ্গে তাঁর প্রথম বৈঠক।কলকাতার বেলভিডিয়ার অফিসার্স ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত এই বৈঠকে অন্যান্যের মধ্যে পশ্চিমবঙ্গের শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ও অর্থমন্ত্রী অমিত মিত্র উপস্থিত ছিলেন।মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গকে শিল্পসমৃদ্ধ করার লক্ষ্যে দেশি-বিদেশি বিনিয়োগকারীদের এখানে আরও বেশি করে শিল্প প্রতিষ্ঠার আহ্বান জানান।বৈঠকে মমতা বলেন, শিল্প স্থাপনের জন্য পশ্চিমবঙ্গে রয়েছে অনুকূল পরিবেশ। রাজ্য সরকারও শিল্প গড়ার জন্য প্রয়োজনীয় সাহায্যের হাত বাড়িয়ে রেখেছে। এখন আর শিল্পের জন্য কোনো জমি জোর করে অধিগ্রহণ করা হবে না। শিল্পপতিদের নিজেদেরই জমি কিনে গড়তে হবে শিল্প। তবে জমি প্রাপ্তির ব্যাপারে সাহায্য করবে রাজ্য সরকার। এ ছাড়া মমতা বন্দ্যোপাধ্যায় শিলিগুড়িতে একটি আন্তর্জাতিক বাণিজ্য কেন্দ্র গড়ার আশ্বাস দেন।