বাংলাদেশের সঙ্গে শিল্প-বাণিজ্য সম্প্রসারণের আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় সাতটি রাজ্যের পঞ্চম শীর্ষ বাণিজ্য সম্মেলনে বাংলাদেশের সঙ্গে শিল্প-বাণিজ্য সম্প্রসারণে আরও উদ্যোগী হওয়ার আহ্বান জানানো হয়েছে।ইন্ডিয়ান চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (আইসিসি) কলকাতার একটি অভিজাত হোটেলে গত শুক্র ও গতকাল শনিবার এ সম্মেলনের আয়োজন করে। এতে ওই সাতটি রাজ্যের মন্ত্রী, ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা এবং ব্যবসায়ী-শিল্পপতিরা যোগ দেন। রাজ্য সাতটি হলো, অরুণাচল, আসাম, ত্রিপুরা, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম ও মেঘালয়।এ ছাড়া প্রতিবেশী বাংলাদেশ, নেপাল, ভুটান ও মিয়ানমারসহ ভিয়েতনাম, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড ও কম্বোডিয়ার প্রতিনিধিদল দুই দিনের এ সম্মেলনে যোগ দেয়। এতে বাংলাদেশ থেকে যোগ দেওয়া আট সদস্যের প্রতিনিধিদলে অন্যান্যের মধ্যে ছিলেন বাংলাদেশ-ভারত চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের (বিআইসিসিআই) সভাপতি মাতলুব আহমাদ ও সাবেক পররাষ্ট্রসচিব ফারুক সোবহান।সম্মেলনে বাংলাদেশসহ পার্শ্ববর্তী দেশগুলোর সঙ্গে ভারতের উত্তর-পূর্বাঞ্চলের সাতটি রাজ্যের শিল্প ও বাণিজ্য সম্প্রসারণের নানা দিক উঠে আসে। এতে বলা হয়, শিল্প-বাণিজ্য সম্প্রসারণের লক্ষ্যে প্রতিবেশী সব দেশ যদি ঐক্যবদ্ধভাবে শিল্পায়নের জন্য উদ্যোগী হয়, তাহলে এই অঞ্চল অর্থনৈতিকভাবে আরও সমৃদ্ধ হবে।সম্মেলনে বক্তব্য দেন ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় উন্নয়নমন্ত্রী বি কে হান্ডিক, কেন্দ্রীয় খাদ্যমন্ত্রী সুবোধ কান্ত সহায়, আসামের মুখ্যমন্ত্রী তরুণ গগৈ, মেঘালয়ের মুখ্যমন্ত্রী ডি ডি লাপাং, ভুটানের অর্থমন্ত্রী লনপো ওয়াংদি নরবু, সিকিমের তথ্যমন্ত্রী নরেন্দ্র কুমার প্রধান, ত্রিপুরার শিল্প ও বাণিজ্যমন্ত্রী জীতেন্দ্র চৌধুরী, মিয়ানমারের পররাষ্ট্রমন্ত্রী নাইয়ান উইন, মিজোরামের শিল্পমন্ত্রী এস হাইতো, মণিপুরের পর্যটনমন্ত্রী টি এন হাওকিপ, অরুণাচলের পল্লি উন্নয়নমন্ত্রী টক্কর মারদা এবং আইসিসির সভাপতি বিশ্বম্বর শরণ। এ ছাড়া বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও ব্যবসায়ী-শিল্পপতিরাসহ ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর ব্যবসায়ী নেতারা বক্তব্য দেন।সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধিরা ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সঙ্গে শিল্প-বাণিজ্য আরও বাড়ানোর দাবি তোলেন। এসব রাজ্যে বাংলাদেশি খাদ্যসামগ্রীসহ বিভিন্ন পণ্যের প্রচুর চাহিদার উল্লেখ করে তাঁরা অবাধ রপ্তানির সুযোগ দাবি করেন। তাঁরা বলেন, ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোতে ফলমূলসহ খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের প্রচুর কাঁচামাল রয়েছে, যেগুলো বাংলাদেশে রপ্তানি করা যায়। এর ফলে বাংলাদেশে খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প আরও উন্নত হবে এবং এসব রাজ্যেও রপ্তানি করা যাবে।