বাংলাদেশের সঙ্গে সাতটি সীমান্ত হাট চায় ত্রিপুরা
বাংলাদেশের সঙ্গে ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য ত্রিপুরা সাতটি স্থানে সীমান্ত হাট চালুর আগ্রহ প্রকাশ করেছে। খবর ইউএনবির।বাংলাদেশ সফররত ত্রিপুরার স্থানীয় সরকার, শিল্প ও বাণিজ্য এবং বন বিভাগের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী জিতেন্দ্র চৌধুরী গতকাল বাণিজ্যমন্ত্রী ফারুক খানের সঙ্গে তাঁর কার্যালয়ে সাক্ষাৎ করে এ আগ্রহের কথা জানান।ত্রিপুরা রাজ্যে উৎপাদিত বাড়তি বিদ্যুৎ থেকে বাংলাদেশে সরবরাহের জন্য তাঁর রাজ্য প্রস্তুত আছে বলেও জানান জিতেন্দ্র চৌধুরী। একই সঙ্গে তিনি দুই দেশের মধ্যে ব্যবসা-বাণিজ্য বাড়াতে বিনিয়োগ-সহায়ক পরিবেশ সৃষ্টি ও বিদ্যমান বাধাগুলো দূর করার আহ্বান জানিয়েছেন। সীমান্ত হাট চালুর বিষয়ে ইতিমধ্যে ত্রিপুরার রাজ্য সরকার ভারতের কেন্দ্রীয় সরকারের কাছে অনুমতি চেয়েছে বলেও জানান জিতেন্দ্র চৌধুরী। জিতেন্দ্র চৌধুরীর প্রস্তাবকে স্বাগত জানিয়ে বাণিজ্যমন্ত্রী ফারুক খান বলেন, আগামী ফেব্রুয়ারি মাসে বাংলাদেশের সঙ্গে মেঘালয় রাজ্যের দুটি স্থানে পাইলট ভিত্তিতে সীমান্ত হাট চালু হতে যাচ্ছে। সেগুলোর অভিজ্ঞতার আলোকে পরবর্তী সময়ে আরও ১০ থেকে ১৫টি সীমান্ত হাট চালুর কথা বিবেচনা করা হবে। ফারুক খান দুই দেশের মধ্যে বাণিজ্য বাড়াতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার বিষয়ে বিভিন্ন দিক তুলে ধরেন। তিনি আরও বলেন, অনানুষ্ঠানিক বাণিজ্য কমিয়ে সেই স্থানে আনুষ্ঠানিক বাণিজ্য সম্প্রসারণের জন্যই সীমান্ত হাট চালু হতে পারে। সরকার সাধারণ মানুষের সুবিধার কথা বিবেচনা করে এ উদ্যোগ বাস্তবায়ন করতে যাচ্ছে। সাক্ষাৎকালে বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (এফটিএ) মো. রুহুল আমিন সরকার এবং ভারতীয় হাইকমিশনের কমার্শিয়াল কাউন্সিলর সুশীল সিংহাল উপস্থিত ছিলেন। আরও উপস্থিত ছিলেন সার্ক চেম্বারের ভাইস প্রেসিডেন্ট আবুল কাসেম আহমেদ, পরিচালক মাহবুব ইসলাম রুনু, বিল্ডার কনস্ট্রাকশনের স্বত্বাধিকারী শাহ আলম প্রমুখ। জিতেন্দ্র চৌধুরী ২৮ জানুয়ারি সে দেশের আগরতলায় অনুষ্ঠেয় সাত দিনব্যাপী শিল্প ও বাণিজ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার জন্য বাণিজ্যমন্ত্রীকে আমন্ত্রণ জানান। এ মেলায় বাংলাদেশের অনেক বাণিজ্যিক প্রতিষ্ঠানের অংশ নেওয়ার সম্ভাবনা রয়েছে। ত্রিপুরার মন্ত্রী আরও বলেন, দুই দেশের সীমান্তে অবকাঠামোর ব্যাপক উন্নয়ন প্রয়োজন। আলোচনাকালে চট্টগ্রাম বন্দর ও আশুগঞ্জ থেকে সড়কপথে ভারতে মালামাল পরিবহনে বিদ্যমান নানা সমস্যাও তুলে ধরা হয়।বাংলাদেশের সিমেন্ট, রড, পিভিসি পাইপ, তৈরি খাদ্যপণ্য, তৈরি পোশাক ও পোশাকসামগ্রী ত্রিপুরায় রপ্তানির বিপুল সম্ভাবনা রয়েছে। বর্তমানে ত্রিপুরা রাজ্যের সিমেন্টের ৪০ শতাংশ চাহিদা বাংলাদেশ পূরণ করে থাকে। উল্লেখ্য, ২০০৯-১০ অর্থবছরে বাংলাদেশ ভারতে ৩০ কোটি ৪৬ লাখ ডলার রপ্তানির বিপরীতে ভারত থেকে ৩২১ কোটি ৩৭ লাখ ডলার আমদানি করে।