বাংলাদেশের সঙ্গেই থাকছে যুক্তরাষ্ট্রের ক্রেতারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জেমস এফ মরিয়ার্টি
জেমস এফ মরিয়ার্টি

সাম্প্রতিক জঙ্গি হামলার ঘটনার পরও বাংলাদেশের সঙ্গে থাকছে মার্কিন যুক্তরাষ্ট্রের পোশাকের ব্র্যান্ড ও ক্রেতাপ্রতিষ্ঠান। উত্তর আমেরিকার ক্রেতাদের জোট অ্যালায়েন্সের এদেশীয় পরিচালক (কান্ট্রি ডিরেক্টর) এবং ঢাকায় নিযুক্ত সাবেক মার্কিন রাষ্ট্রদূত জেমস এফ মরিয়ার্টি এমনটাই জানিয়েছেন।
গুলশানে জঙ্গি হামলার ঘটনার কথা উল্লেখ করে জেমস এফ মরিয়ার্টি বলেছেন, দুঃখজনক ঘটনার পরও অ্যালায়েন্স ও তার সদস্যরা কাজ চালিয়ে যাবে। কারণ, বাংলাদেশের পোশাক খাতে লাখ লাখ নারী-পুরুষ কাজ করেন। তাঁদের কর্মপরিবেশ উন্নয়ন নৈতিকভাবে অপরিহার্য। তিনি বলেন, কর্মপরিবেশ উন্নয়নকাজ পূর্ণ গতিতে চলবে।
অ্যালায়েন্সের অধীনে থাকা কারখানার সংস্কার এবং শ্রমিকদের ক্ষমতায়নের অগ্রগতির বিষয়ে চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকের প্রতিবেদন প্রকাশ উপলক্ষে গতকাল বুধবার সকালে সাংবাদিকদের সঙ্গে এক টেলিকনফারেন্সে কথাগুলো বলেন জেমস এফ মরিয়ার্টি। পরে অ্যালায়েন্সের ওয়েবসাইটে এ বিষয়ে একটি বিবৃতি প্রকাশ করা হয়।
এদিকে রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, জেমস মরিয়ার্টি টেলিকনফারেন্সে বলেছেন, জঙ্গি হামলার ঘটনার পর কোনো ব্র্যান্ড বা ক্রেতাপ্রতিষ্ঠান ক্রয়াদেশ বাতিল করেছে কি না, এমন কোনো খবর তাঁর জানা নেই। তিনি বলেন, বেশির ভাগ দূতাবাস তাদের নাগরিকদের এমনভাবে চলাফেরা করতে বলেছে, যাতে করে তাঁরা খুব বেশি নজরে না আসেন।
জেমস মরিয়ার্টি বলেন, অনেক বিদেশি কোম্পানি বাংলাদেশে তাদের কর্মী পাঠানো বন্ধ রেখেছে। তবে তাদের হয়ে যাঁরা বাংলাদেশ কাজ করেন, তাঁদের অধিকাংশই বাংলাদেশি বা দক্ষিণ এশিয়ার অন্য কোনো দেশের নাগরিক। তিনি বলেন, ‘আমি বিশ্বাস করি, যারা এ ধরনের হামলা চালাচ্ছে, তাদের সংখ্যা হাতে গোনা। তাদের পক্ষে সমর্থন খুবই নগণ্য।’
২০১৩ সালের ২৪ এপ্রিল রানা প্লাজা ধসের পর পোশাক কারখানার কর্মপরিবেশ উন্নয়নে গঠিত হয় অ্যালায়েন্স। এই জোটের সঙ্গে চুক্তিবদ্ধ আছে ওয়ালমার্ট, গ্যাপসহ ২৮ ব্র্যান্ড ও ক্রেতাপ্রতিষ্ঠান। তাদের সদস্য পোশাক কারখানার সংখ্যা ৬৯৯। এসব কারখানায় কাজ করেন প্রায় ১০ লাখ শ্রমিক।
কারখানার কর্মপরিবেশ উন্নয়নের বিষয়ে মরিয়ার্টি বলেন, কারখানার নিরাপত্তা অগ্রগতির কাজে ইতিবাচক উন্নতি হয়েছে। এখন পর্যন্ত ২৮ কারখানা সব ধরনের সংস্কারকাজ শেষ করে ফেলেছে।