ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য ত্রিপুরার রাজধানী আগরতলায় শুরু হওয়া ২৭তম শিল্প ও বাণিজ্য মেলায় বাংলাদেশের ১৭টি প্রতিষ্ঠান যোগ দিয়েছে। এসব প্রতিষ্ঠান ঢাকার জামদানিসহ মেলামিন ও প্লাস্টিকের সামগ্রীসহ বাংলাদেশে তৈরি বিভিন্ন ধরনের পণ্য প্রদর্শন ও বিক্রি করছে। আগরতলার আন্তর্জাতিক শিল্পমেলা প্রাঙ্গণে গত রোববার শুরু হয়েছে এ মেলা। এতে মোট ১৩৯টি প্রতিষ্ঠান অংশ নিয়েছে।
গত বছরের তুলনায় এবারের মেলায় বাংলাদেশি প্রতিষ্ঠানের সংখ্যা ও পণ্যসামগ্রীর পসরা কম। সেবার বাংলাদেশের ৫৩টি স্টল ছিল মেলায়। এ সম্পর্কে জানতে চাইলে ত্রিপুরার শিল্প অধিকর্তা ডিজি জানার প্রথম আলোকে বলেন, এবার ব্যবসায়ীরা সরাসরি এসেছেন। গতবার বাংলাদেশের প্রতিষ্ঠানগুলো রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) উদ্যোগে এখানে এসেছিল। ত্রিপুরা শিল্প উন্নয়ন নিগমের চেয়ারম্যান সাংসদ জীতেন্দ্র চৌধুরী মেলাটির উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ত্রিপুরার শিল্প ও বাণিজ্যমন্ত্রী তপন চক্রবর্তী।
মেলা চলবে আগামী ১০ ফেব্রুয়ারি পর্যন্ত। সাড়ে চার হাজার স্কয়ার ফুট জায়গাজুড়ে আয়োজিত এ মেলা প্রতিদিন বেলা দুইটা থেকে রাত আটটা পর্যন্ত খোলা থাকবে।