বাংলাদেশের ৪০ প্রতিষ্ঠান যোগ দিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কলকাতার মিলনমেলা ময়দানে গত শুক্রবার শুরু হয়েছে ২৬তম শিল্প ও বাণিজ্য মেলা, যা শেষ হবে আগামী ৫ জানুয়ারি।
১০ দিনের এই মেলায় দেশ-বিদেশের মোট ৭০০টি প্রতিষ্ঠান তাদের পণ্যসম্ভার নিয়ে হাজির হয়েছে। এর মধ্যে বাংলাদেশের ৪০টি শিল্পপ্রতিষ্ঠান রয়েছে। উল্লেখযোগ্য অন্য দেশগুলো হচ্ছে জাপান, মিসর, পাকিস্তান, চীন, আফগানিস্তান, তাইওয়ান, তাইপে ও তুরস্ক।
প্রধান অতিথি হিসেবে মেলাটির উদ্বোধন করেন পশ্চিমবঙ্গের সদ্য বিদায়ী শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) সভাপতি কাজী আকরাম উদ্দিন আহ্মদ ও ঢাকা চেম্বারের সাবেক সভাপতি সবুর খান।
ইন্ডিয়া ট্রেড প্রমোশন অর্গানাইজেশনের (আইটিপিও) সহযোগিতায় কলকাতার বেঙ্গল ন্যাশনাল চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (বিএনসিসিআই) এ মেলার আয়োজন করেছে।