বাংলাদেশের ৭৪টি পণ্যে শুল্কমুক্ত সুবিধা দেবে নেপাল
বাংলাদেশের ৭৪টি পণ্যকে শুল্কমুক্ত বাজারসুবিধা দিতে সম্মত হয়েছে নেপাল। তবে এর মধ্যে কোন কোন পণ্য থাকছে, সে বিষয়ে কিছু জানা যায়নি।
বাংলাদেশ অবশ্য মোট ১৭৪টি পণ্যের ক্ষেত্রে নেপালের বাজারে শুল্কমুক্ত সুবিধা অনুমতি দিতে কাঠমান্ডু সরকারের প্রতি আবেদন জানিয়েছিল। এই তালিকায় আছে ওষুধ, তৈরি পোশাক, কৃষি প্রক্রিয়াজাত খাদ্যপণ্য, রেফ্রিজারেটর এবং অন্যান্য ইলেকট্রনিক গৃহসামগ্রীও৷
নেপালে বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব (ট্রেড প্রমোশন অ্যান্ড কালচার) খান মো. মইনুল হোসেন বার্তা সংস্থা বাসসকে বলেন, ‘নেপাল সরকার ৭৪টি বাংলাদেশি পণ্যের শুল্কমুক্ত প্রবেশের অনুমোদন দিতে সম্মত হয়েছে।’
দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে ভারত ও পাকিস্তানের পর নেপালের সঙ্গেই বাংলাদেশের দ্বিপক্ষীয় বাণিজ্য ভালো।
বাংলাদেশ ব্যাংক ও রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবির) তথ্য অনুযায়ী, ২০১২-১৩ অর্থবছরে এ দেশ থেকে নেপালে দুই কোটি ৬৪ লাখ ডলারের পণ্য রপ্তানি করে। অন্যদিকে সে দেশ থেকে আমদানি হয়েছে তিন কোটি ৫৬ লাখ ডলারের পণ্য৷
বাংলাদেশ প্রধানত যেসব পণ্য নেপালে রপ্তানি করে, তার মধ্যে আছে কৃষিপণ্য, রাসায়নিক পণ্য, কাঁচা পাট, ওষুধ, তুলা, সোলার ব্যাটারি, তৈরি পোশাক, প্রসাধনসামগ্রী ও প্লাস্টিকের ফার্নিচার।
অন্যদিকে নেপাল থেকে আমদানি করে পানীয়, ইলেকট্রনিক সরঞ্জাম, প্লাস্টিকের পণ্য, রাবার, ভ্রমণ-সম্পর্কিত পণ্য, কাঠের মণ্ডসহ নানা পণ্য।
দূতাবাসের প্রথম সচিব খান মো. মইনুল হোসেন বলেন, বাংলাদেশকে দেওয়া শুল্কমুক্ত সুবিধার আওতায় পণ্যের সংখ্যা বাড়ানোর চেষ্টা চলছে। উচ্চপর্যায়ের আলোচনার পর উভয় দেশ এ বিষয়ে শিগগিরই একটি চুক্তি সই করতে পারে।
তবে শুধু নেপালই যে বাংলাদেশি পণ্যকে শুল্কমুক্ত সুবিধা দিচ্ছে তা নয়, বাংলাদেশের কাছ থেকেও ১০৮টি পণ্যের শুল্কমুক্ত সুবিধার বিষয়ে সম্মতি আদায় করে নিয়েছে নেপাল।
এসব পণ্যের মধ্যে আছে যব, সবজি, মটরশুঁটি, গম, ফলমূল, জুস, দুগ্ধজাত পণ্য ও হাতে বানানো কাগজ৷ সূত্র: বাসস।