বাংলাদেশের ‘কার্বন-ঋণ’ ফেরত দেওয়ার দাবি
উন্নত বিশ্বের অতিমাত্রায় কার্বন নিঃসরণের শিকার হয়ে বাংলাদেশ আজ জলবায়ু পরিবর্তনজনিত সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ। আর তাই উন্নত দেশগুলোকে বাংলাদেশের কার্বন-ঋণ পরিশোধ করতে হবে।গতকাল সোমবার শুরু হওয়া ‘বাংলাদেশ উন্নয়ন ফোরাম’ সভায় অংশগ্রহণকারী উন্নত দেশের প্রতিনিধিদের উদ্দেশে এ আহ্বান জানিয়ে ২১টি নাগরিক সমাজ সংগঠন গতকাল ঢাকায় জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধন ও শোভাযাত্রার আয়োজন করে। খবর প্রেস বিজ্ঞপ্তির।ইক্যুইটিবিডির সদস্য মোস্তফা কামালের সঞ্চালনায় শোভাযাত্রায় বক্তব্য দেন লা-ভিয়া ক্যাম্পেসিনার বদরুল আলম, লিড ট্রাস্টের ফিরোজ আহমেদ, অনলাইন নলেজ সেন্টারের প্রদীপ রায় এবং ইক্যুইটিবিডির মো. সামসুদ্দোহা ও রেজাউল করিম চৌধুরী। একই দিনে ব্রিটিশ সরকারের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার (ডিএফআইডি) লন্ডন কার্যালয়ের সামনে ওয়ার্ল্ড ডেভেলপমেন্ট মুভমেন্ট, জুবলি ডেট ক্যাম্পেইন-ইউকে, ফ্রেন্ডস অব আর্থ ও ক্রিশ্চিয়ান এইডের যৌথ উদ্যোগে আরেকটি শোভাযাত্রার আয়োজন করা হয়। এতে বাংলাদেশের জলবায়ু পরিবর্তন মোকাবিলার জন্য গঠিত মাল্টিডোনার ট্রাস্ট ফান্ডের ব্যবস্থাপনার ভার বিশ্বব্যাংককে দেওয়ার বিরোধিতা করা হয়। এ বিষয়ে ইতিমধ্যে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরাবর প্রায় পাঁচ হাজার ই-মেইল ইক্যুইটিবিডি ও ওয়ার্ল্ড ডেভেলপমেন্ট মুভমেন্টের উদ্যোগে পাঠানো হয়েছে। ঢাকায় অংশগ্রহণকারী ২১টি সংগঠনের বাকিগুলো হলো—অর্পণ, এএমকেএস, এসো, বাংলাদেশ কৃষক ফেডারেশন, সিএসআরএল, কৃষাণী সভা, পথিকৃত্, এমএফটিডি, প্রান্তিক, পূর্বাশা, আরসিএসভি, স্বাধীন বাংলা গার্মেন্টস ফেডারেশন, সলিডারিটি ওয়ার্কশপ, সিরাজগঞ্জ ফ্লাড ফোরাম, উদ্দীপন, ভয়েস ও ডব্লিউ ডিএম-যুক্তরাজ্য। শোভাযাত্রায় অংশগ্রহণকারীরা বলেন, এসব অবৈধ দেনা জলবায়ু দূষণের মাধ্যমে বাংলাদেশের জনগণের দুর্ভোগ সৃষ্টি করছে।