বাংলাদেশ ও ভারতের মধ্যে বাণিজ্যে দুই দেশের অভ্যন্তরীণ নৌ-পরিবহনের যে সম্ভাবনা, তা এখনো বহুলাংশে অব্যবহৃত অবস্থায় পড়ে আছে। কারণ সম্ভাবনাকে কাজে লাগাতে যেসব অবকাঠামো সুযোগসুবিধা নিশ্চিত করা দরকার ছিল, তাতে দুই দেশের সরকার সঠিকভাবে নজর দেয়নি। সময় এসেছে দুই দেশের মধ্যেকার নৌ-পরিবহনের ক্ষেত্রে বিদ্যমান সমস্যাগুলোর সমাধানে যথাযথ গুরুত্বারোপ করার।
মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ (এমসিসিআই) ও বাংলাদেশে ভারতীয় হাইকমিশনের যৌথ উদ্যোগে আয়োজিত এক মতবিনিময় সভায় এ মন্তব্য করেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার পঙ্কজ শরণ। রাজধানীর দিলকুশা মেট্রো চেম্বারের সম্মেলনকক্ষে আয়োজিত আলোচনায় সভায় আরও বক্তব্য দেন প্রধানমন্ত্রীর অর্থনৈতিকবিষয়ক উপদেষ্টা মশিউর রহমান।
এমসিসিআইয়ের সভাপতি সৈয়দ নাসিম মঞ্জুরের সভাপতিত্ব ও সঞ্চালনায় সভায় আরও বক্তব্য দেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) চেয়ারম্যান কমোডর এম মোজাম্মেল হক, জাহাজ প্রস্তুতকারক প্রতিষ্ঠান ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ডের চেয়ারম্যান সাইফুল ইসলাম এবং মেট্রো চেম্বারের বর্তমান কমিটির সদস্য কামরান টি রহমান ও হাবিবউল্লাহ এন করিম।
সভায় বাংলাদেশ ও ভারতের মধ্যেকার নৌপথে যোগাযোগ ব্যবস্থার বিভিন্ন তথ্য তুলে ধরে প্রবন্ধ উপস্থাপন করেন বিআইডব্লিউটিএর সাবেক সচিব সৈয়দ মনোয়ার হোসেন ও নৌ-পরিবহনবিষয়ক গবেষক ও পরামর্শক মাহবুব আহমেদ।
ভারতীয় হাইকমিশনার আরও বলেন, দুই দেশের মধ্যেকার নৌ-প্রটোকল বা চুক্তির প্রতি অতীতে খুব বেশি গুরুত্ব দেওয়া হয়নি। কিন্তু ভারতের বর্তমান সরকার নৌপথে যোগাযোগ বাড়ানোর বিষয়টিতে সর্বাধিক গুরুত্ব দিচ্ছে। বাংলাদেশের জন্যও এটি একটি বড় সুযোগ। অধিক জনসংখ্যা ও পর্যাপ্ত ভূমির অভাব দুই দেশের জন্যই চিন্তার বিষয়। তাই বাণিজ্যের ক্ষেত্রে নৌপথে যোগাযোগ বাড়ানোর উদ্যোগকে সম্মিলিতভাবে সামনের দিকে এগিয়ে নিতে হবে। পাশাপাশি এটিকে ঘিরে প্রয়োজনীয় অবকাঠামো ও সুযোগ সুবিধাও নিশ্চিত করতে হবে।
নৌ-প্রটোকলের আওতায় ট্রানজিট মাশুল আরোপের বিষয়ে পঙ্কজ শরণ বলেন, এ বিষয়ে ভারত সরকার খোলা মন নিয়ে আলোচনায় বসতে রাজি। তবে মাশুল আরোপ বা ঠিক করার আগে বাজার-বাস্তবতার বিষয়টি মাথায় রাখা জরুরি।
সভায় অন্য আলোচকেরা তাঁদের বক্তব্যে নৌপথে পণ্য পরিবহন বাড়াতে হলে দুই দেশের মধ্যেকার অনেক নদ-নদীর নাব্যতা বৃদ্ধি ও খননকাজের প্রয়োজনীয়তার বিষয়টি তুলে ধরেন। এর প্রতিক্রিয়ায় পঙ্কজ শরণ বলেন, এতে অনেক অর্থের প্রয়োজন। দুই দেশের একার পক্ষে হয়তো এ অর্থের জোগান দেওয়া কঠিন। তাই বিশ্বব্যাংক যেন এ খাতে বিনিয়োগে এগিয়ে আসে সে জন্য বাংলাদেশ ও ভারত যৌথভাবে অগ্রসর হতে পারে।
উপদেষ্টা মশিউর রহমান বলেন, নৌ-প্রটোকলের আওতায় দুই দেশের মধ্যেকার পারস্পরিক উন্নয়ন সহযোগিতার বিশাল সুযোগ রয়েছে। এ ক্ষেত্রে দুই দেশকেই খোলা মন নিয়ে এগোতে হবে। নৌপথে যোগাযোগের ক্ষেত্রে নদীর নাব্যতা সংকটের বিষয়টি দীর্ঘদিন ধরেই উপেক্ষিত ছিল। ফলে অনেক নদ-নদীর নাব্যতা হ্রাস পেয়েছে। এতে করে এসব নৌপথে পণ্যবাহী জাহাজের চলাচল কষ্টসাধ্য হয়ে উঠেছে। এখন নৌপথে পণ্য পরিবহন বাড়াতে হলে নদীর নাব্যতা বৃদ্ধি ও নিয়মিত খননের বিষয়ে গুরুত্ব দিতে হবে। এ জন্য দরকার বিপুল বিনিয়োগ। কিন্তু আমাদের সম্পদের সীমাবদ্ধতা রয়েছে। তাই বিনিয়োগের জন্য সম্ভাব্য উৎসগুলো কাজে লাগাতে হবে। প্রয়োজনে যৌথ বিনিয়োগের বিষয়টিও ভেবে দেখা যেতে পারে।
মেট্রো চেম্বার সভাপতি নাসিম মঞ্জুর তাঁর লিখিত বক্তব্যে, ট্রানজিটের আওতায় নৌপথের পাশাপাশি সড়ক ও রেল যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের মাধ্যমে বহুমাত্রিক একটি যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলার সুপারিশ করেন। একইসঙ্গে নৌ-প্রটোকলের আওতায় মাশুল ও চার্জ আরোপের বিধানটি যুক্ত করারও কথা বলা হয় বক্তব্যে।