বাংলাদেশ-ভারত যোগাযোগ ব্যবস্থা উন্নতির তাগিদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ ও ভারতের মধ্যে যোগাযোগব্যবস্থা উন্নততর করার তাগিদ দিয়েছেন নীতিনির্ধারক, বিশেষজ্ঞ ও ব্যবসায়ী নেতারা।
চট্টগ্রামে গতকাল বুধবার একটি হোটেলে ‘বাংলাদেশ-ভারত যোগাযোগ: সম্ভাবনা ও সমস্যা’ শীর্ষক এক সেমিনারে এ তাগিদ দেওয়া হয়। চট্টগ্রাম চেম্বার এবং ঢাকার ভারতীয় দূতাবাস যৌথভাবে এ সেমিনারের আয়োজন করে। সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এতে প্রধান অতিথি ছিলেন। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক মইনুল ইসলাম।
সেমিনারে সভাপতিত্ব করেন চেম্বার সভাপতি মাহবুবুল আলম। এতে বক্তব্য দেন সাংসদ এম এ লতিফ, ত্রিপুরা চেম্বারের সভাপতি এম এল দেবনাথ, এ কে খান গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সালাউদ্দিন কাশেম খান প্রমুখ।
ওবায়দুল কাদের বলেন, বাংলাদেশের জমি ব্যবহার করে ভারতের বিরুদ্ধে সন্ত্রাস চালাতে দেওয়া হবে না। তিনি বলেন, দুই দেশের মধ্যে সম্পর্ক ও অংশীদারি থাকবে। তাই বলে দেশের স্বার্থ বিসর্জন দিয়ে বন্ধুতা নয়। তিনি দেশের অর্থনৈতিক সমৃদ্ধির জন্য ভারত ও বাংলাদেশের মধ্যে অবিশ্বাস ও সন্দেহের দেয়াল ভেঙে দিতে হবে বলে মন্তব্য করেছেন ।
মন্ত্রী বলেন, আমাদের দেশে এখন নেতা উৎপাদনের বাম্পার ফলন হচ্ছে। কর্মী উৎপাদনের কারখানা বন্ধ হয়ে গেছে।
সেমিনারে ঢাকায় নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত পঙ্কজ সরন বলেন, বাংলাদেশের চলমান প্রবৃদ্ধির ধারা অব্যাহত রেখে আরও এগিয়ে যেতে হলে শুধু সড়কপথের ওপর নির্ভরতা থাকলে হবে না। এ জন্য রেল ও নৌ-যোগাযোগ উন্নত করার ওপর জোর দেন তিনি।
ত্রিপুরা চেম্বারের সভাপতি এম এল দেবনাথ সীমান্তবর্তী এলাকার রাস্তাঘাট সংস্কার ও প্রতি ১০ কিলোমিটার অন্তর সীমান্ত হাট চালু করার প্রস্তাব দেন।