বাংলাবান্ধা-ফুলবাড়ী সীমান্ত দিয়ে বাণিজ্য শুরু হচ্ছে
দীর্ঘ প্রতীক্ষার পর ভারতের পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি জেলার ফুলবাড়ী ও বাংলাদেশের বাংলাবান্ধা সীমান্ত দিয়ে দুই দেশের মধ্যে বাণিজ্য শুরু হচ্ছে।২২ জানুয়ারি ভারতের ফুলবাড়ীতে সেই দেশের কেন্দ্রীয় অর্থমন্ত্রী প্রণব মুখার্জি এবং বাংলাদেশের বাংলাবান্ধায় কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী এই কার্যক্রমের উদ্বোধন করবেন। এ সময় ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের নগর উন্নয়নমন্ত্রী অশোক ভট্টাচার্যও উপস্থিত থাকবেন। ১৯৯৭ সালের ১ সেপ্টেম্বর থেকে তেঁতুলিয়ার বাংলাবান্ধা দিয়ে নেপাল-বাংলাদেশ ট্রানজিট রুট চালু হয়। সে অনুযায়ী এত দিন এই স্থলবন্দর দিয়ে নেপাল-বাংলাদেশের মধ্যেই পণ্য আমদানি-রপ্তানি সীমিত ছিল। পঞ্চগড় কাস্টমস এক্সাইজ ও ভ্যাট সার্কেলের রাজস্ব কর্মকর্তা মো. আবদুল লতিফ প্রথম আলোকে জানান, জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) প্রজ্ঞাপন অনুযায়ী বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে ভারত থেকে শুধু পাথর আমদানি আর বাংলাদেশ থেকে বৈধ সব পণ্য রপ্তানির কথা উল্লেখ রয়েছে।এদিকে স্থানীয় আমদানিকারকেরা ইতিমধ্যে বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে ভুট্টা আমদানির জন্যও এলসি খুলেছেন। এই সুযোগ এনবিআরের প্রজ্ঞাপনে উল্লেখ না থাকায় জটিলতা দেখা দিয়েছে। তাই বাংলাবান্ধা দিয়ে ভারত থেকে বিভিন্ন পণ্য আমদানির বিষয়ে এনবিআরকে নতুন প্রজ্ঞাপন জারি করতে হবে বলে একটি সূত্র দাবি করেছে। ভারতের পশ্চিমবঙ্গের ফেডারেশন অব এক্সপোর্ট অ্যাসোসিয়েশন অব বেঙ্গলের সাধারণ সম্পাদক তপন দাস মুঠোফোনে প্রথম আলোকে জানান, তাঁরা দীর্ঘদিন ধরে দুই দেশের মধ্যে ব্যবসা-বাণিজ্য সম্প্র্রসারণের দাবি করে আসছেন। ফুলবাড়ী-বাংলাবান্ধা দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হলে উভয় দেশের ব্যবসা-বাণিজ্যের ব্যাপক প্রসার ঘটবে। এই সীমান্তে দিয়ে শিগগির ইমিগ্রেশন চেকপোস্টও চালু হবে বলে তিনি আশা করেন। স্থলবন্দরের একটি সূত্র জানায়, ফুলবাড়ী-বাংলাবান্ধা সীমান্তে বাংলাদেশ ও ভারতের পণ্য পরিবহনে এখন আর ট্রাক-টু-ট্রাক পদ্ধতিতে পণ্য খালাস করা হবে না। ভারতের পণ্যবাহী ট্রাক সরাসরি বাংলাদেশের বাংলাবান্ধা স্থলবন্দরে আর বাংলাদেশের পণ্যবাহী ট্রাক সরাসরি ভারতের ফুলবাড়ী স্থলবন্দরের ওয়্যারহাউসে প্রবেশ করবে। উভয় দেশের ওয়্যারহাউসেই পণ্য খালাস করা হবে। দুই দেশের মধ্যে পণ্য পরিবহনে সমস্যা এড়াতে গত ১৫ নভেম্বর ‘ট্রানজিট কার পাস সিস্টেম’ চালু করা হয়েছে।পঞ্চগড় চেম্বারের সভাপতি ইকবাল কায়সার জানান, বাণিজ্যের ক্ষেত্রে ভারত, নেপাল ও ভুটানের সঙ্গে অত্যন্ত সুবিধাজনক ও সম্ভাবনাময় ভৌগোলিক অবস্থানে রয়েছে বাংলাবান্ধা। যেখান থেকে মাত্র পাঁচ কিলোমিটার দূরে ভারতের শিলিগুড়ি, ১০ কিলোমিটার দূরে জলপাইগুড়ি ও ৫৮ কিলোমিটার দূরে দার্জিলিং শহর, ৬১ কিলোমিটার দূরে নেপালের কাকরভিটা তথা মিচি শহর এবং ৬৮ কিলোমিটার দূরে ভুটানের ফুয়েন্টসিলিং শহর। সে জন্য বাংলাবান্ধা স্থলবন্দরের কার্যক্রম পূর্ণোদ্যমে শুরু হলে পঞ্চগড় জেলায় বিভিন্ন শিল্প-কারখানা গড়ে উঠবে, হাজার হাজার মানুষের কর্মসংস্থান হবে।পঞ্চগড়ের জেলা প্রশাসক বনমালী ভৌমিক জানান, ভারত-বাংলাদেশ দ্বিপক্ষীয় বাণিজ্য চুক্তির আলোকে ২২ জানুয়ারি থেকে বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে পণ্যবাহী ট্রাকের চলাচল শুরু হবে।