তেঁতুলিয়ার বাংলাবান্ধা স্থলবন্দরে কুলিশ্রমিকদের এক পক্ষের মহাসড়ক অবরোধের কারণে পণ্য আমদানি-রপ্তানি বন্ধ হয়ে গেছে। এতে বন্দরের দুই পাশে দুই শতাধিক পণ্যবাহী ট্রাক আটকা পড়েছে। পণ্য ওঠানো-নামানোর সুযোগের দাবিতে কুলিশ্রমিকদের একটি পক্ষ তেঁতুলিয়া-বাংলাবান্ধা মহাসড়কের সিপাইপাড়া এলাকায় গতকাল সোমবার সকালথেকে অনির্দিষ্টকালের জন্য অবরোধ শুরু করে। এ কারণে অচলাবস্থা শুরু হয়। স্থলবন্দরটির সহকারী রাজস্ব কর্মকর্তা মো. ফকরুদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, পণ্য ওঠানো-নামানোকে কেন্দ্র করে কুলিশ্রমিকদের একটি অংশ মহাসড়ক অবরোধ শুরু করেছে। জানা গেছে, উপজেলা লোড-আনলোড কুলি মজদুর শ্রমিক ইউনিয়ন এবং বাংলাবান্ধা কুলি শ্রমিক ইউনিয়নের মধ্যে বিরোধের জের ধরে এ অচলাবস্থা তৈরি হয়েছে। প্রথম সংগঠনটির দাবি, তাদের সংগঠনটি পুরোনো হওয়ায় তাদেরই বন্দরে কাজ করার সুযোগ পাওয়ার কথা। আর দ্বিতীয়সংগঠনটির দাবি, তাদের শ্রমিকেরা ১৫ বছর ধরে এখানে কাজ করছেন। তাঁদের অনেকের জমি বন্দরের জন্য হুকুমদখল করেছেন ওই সংগঠনের সদস্যরা।বাংলাবান্ধা স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক সমিতির সভাপতি মেহেদী হাসান খান বলেন, আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের চেষ্টা চলছে। অচলাবস্থার কারণে আমদানি ও রপ্তানিকারক এবং সিঅ্যান্ডএফ সদস্যরা আর্থিকভাবে ক্ষতির শিকার হচ্ছেন। তবে এ বিষয়ে প্রশাসনের দিক থেকে তেমন কোনো তৎপরতা দেখা যায়নি।