বাংলাবান্ধা স্থলবন্দরে যাত্রী চলাচল-সুবিধা চালুর দাবি
বাংলাবান্ধা স্থলবন্দরে ইমিগ্রেশন ব্যবস্থা বা যাত্রী চলাচলের সুবিধা চালু করার দাবিতে আজ বৃহস্পতিবার পঞ্চগড়ে এক ঘণ্টার গণকর্মবিরতি ও মানববন্ধনের ঘোষণা করা হয়েছে। পঞ্চগড় নাগরিক কমিটি এ কর্মসূচি ঘোষণা করেছে।জেলার বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের সঙ্গে আলোচনা করে এ কর্মসূচি দেওয়া হয়েছে বলে জানান নাগরিক কমিটির সভাপতি বসিরুল আলম প্রধান। পঞ্চগড় জেলার তেঁতুলিয়া উপজেলার বাংলাবান্ধায় ১৯৯৭ সালের ১ সেপ্টেম্বর এ স্থলবন্দর চালু করা হয়। তখন এ স্থলবন্দর দিয়ে নেপালের সঙ্গে আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হয়। গত বছরের ২২ জানুয়ারি শুরু হয় ভারতের সঙ্গে দ্বিপক্ষীয় বাণিজ্য। বাংলাদেশের কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী এপারে ও ভারতের কেন্দ্রীয় অর্থমন্ত্রী প্রণব মুখার্জি ওপারে এ কার্যক্রমের উদ্বোধন করেন। তাঁরা তিন মাসের মধ্যে এ স্থলবন্দরে ইমিগ্রেশন চেকপোস্ট চালুর আশ্বাস দেন। কিন্তু এর পরে প্রায় সোয়া বছর পেরিয়ে গেলেও তা হয়নি।