বাংলাবান্ধা ১৪ বছরেও পূর্ণাঙ্গ স্থলবন্দর হয়নি
দীর্ঘ ১৪ বছরেও বাংলাবান্ধা পূর্ণাঙ্গ স্থলবন্দর হিসেবে চালু হয়নি। বাংলাদেশ ও নেপালের মধ্যে দ্বিপক্ষীয় ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণের লক্ষ্যে ১৯৯৭ সালের ১ সেপ্টেম্বর পঞ্চগড় জেলার তেঁতুলিয়া উপজেলার সীমান্ত বাংলাবান্ধায় স্থলবন্দরের কার্যক্রম শুরু হয়। তবে বর্তমানে এই বন্দর দিয়ে ভারতের সঙ্গেও আমদানি-রপ্তানির কার্যক্রম চলছে। ইমিগ্রেশন-ব্যবস্থা ও ওয়্যার হাউস চালু না হওয়ায় এবং জাতীয় রাজস্ব বোর্ড থেকে নতুন করে প্রজ্ঞাপন জারি না করায় এখনো পূর্ণাঙ্গ স্থলবন্দরে রূপ লাভ করেনি। ফলে বাংলাদেশ থেকে ভারত ও নেপালের মধ্যে সীমিত আকারে পণ্য আমদানি-রপ্তানির কার্যক্রম চলছে। গত ২২ জানুয়ারি বাংলাবান্ধা স্থলবন্দরের বিপরীতে ফুলবাড়ীতে ভারতের কেন্দ্রীয় অর্থমন্ত্রী প্রণব মুখার্জি এবং বাংলাবান্ধায় কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী এই স্থলবন্দর দিয়ে ভারত-বাংলাদেশ দ্বিপক্ষীয় বাণিজ্য কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন। পরে ভারতের ফুলবাড়ীতে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে দুই দেশের দুই মন্ত্রী শিগগিরই ইমিগ্রেশন চালুর ঘোষণা দেন। কিন্তু দীর্ঘ আট মাসেও এই ঘোষণা বাস্তবায়ন হয়নি। সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মো. রেজাউল করিম বলেন, ইমিগ্রেশন চালু এবং জাতীয় রাজস্ব বোর্ড নতুন করে প্রজ্ঞাপন জারি না করায় স্থলবন্দরটি কার্যকর হচ্ছে না। পাশাপাশি ওয়্যার হাউসটি ব্যবহার করা যাচ্ছে না। তিনি বলেন, পণ্য আমদানি ও রপ্তানির ক্ষেত্রে ভারত, নেপাল ও ভুটানের সঙ্গে অত্যন্ত সুবিধাজনক অবস্থানে বাংলাবান্ধা অবস্থিত। বন্দর শ্রমিক ও সিঅ্যান্ডএফ এজেন্টরা জানান, বিএসএফের গেট খুলতে দেরি করায় পণ্য আমদানি-রপ্তানি ব্যাহত হচ্ছে। কারণ, বিএসএফ অধিকাংশ সময় দুপুর ১২টার পর গেট খোলে এবং বিকেল পাঁচটায় বন্ধ করে দেয়।শিলিগুড়ির রপ্তানিকারক ব্রজ কিশোর প্রসাদ মুঠোফোনে বলেন, বাংলাদেশের রাজস্ব বোর্ডের প্রজ্ঞাপন সংশোধন করতে হবে। নইলে এই বন্দর কার্যকর হবে না। পাশাপাশি ইমিগ্রেশন চালু করতে হবে। আমদানিকারক ওয়াকিল আহমেদ বলেন, বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে ভারতের বিভিন্ন পণ্য আমদানির ক্ষেত্রে জাতীয় রাজস্ব বোর্ডকে নতুন করে পণ্য বাছাই করে প্রজ্ঞাপন জারি করতে হবে। তাহলে কেবল এই স্থলবন্দরটি কার্যকর হবে। ভারতের পশ্চিমবঙ্গের ফেডারেশন অব এক্সপোর্ট অ্যাসোসিয়েশন অব বেঙ্গলের সাধারণ সম্পাদক তপন দাস মুঠোফোনে জানান, বাংলাদেশ ও ভারতের মধ্যে ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণের লক্ষ্যে গত ২২ জানুয়ারি ফুলবাড়ী-বাংলাবান্ধা স্থলবন্দরের কার্যক্রম শুরু হয়। ভারত ও বাংলাদেশে পণ্য আমদানি-রপ্তানির কার্যক্রম গতিশীল করতে হলে এনবিআরকে নতুন প্রজ্ঞাপন জারি এবং ইমিগ্রেশন চালু করতে হবে। এতে উভয় দেশের ব্যবসা-বাণিজ্যের ব্যাপক প্রসার ঘটবে। স্থলবন্দরের পরিদর্শক মো. আবুল হাশেম প্রধান জানান, বর্তমানে এই বন্দর দিয়ে বাংলাদেশ থেকে নেপালে গ্লাস, কাঁচা পাট, প্লাস্টিক হ্যাঙ্গার রপ্তানি এবং নেপাল থেকে গম, মসুর ডাল, নুডলস, টায়ার, হারবালপণ্য চিরতা এবং ভারত থেকে শুধু পাথর আমদানি করা হচ্ছে। কিন্তু সেখানে কাস্টমসের কোনো আবাসিক বা অফিস ভবন না থাকায় ৫৪ কিলোমিটার দূর পঞ্চগড় থেকে গিয়ে কর্মকর্তাদের খোলা আকাশের নিচে বসে কাজ করতে হয়। অন্যদিকে ওজন ব্রিজ (ওয়েট স্কেল) না থাকায় সরকার রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে।পঞ্চগড়-১ আসনের সাংসদ মো. মাজাহারুল হক প্রধান জানান, বাংলাবান্ধা স্থলবন্দরের পূর্ণাঙ্গ কার্যক্রম ও ইমিগ্রেশন-সুবিধা চালু হলে ব্যবসা-বাণিজ্যের ব্যাপক প্রসার, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, বৈদেশিক মুদ্রা অর্জনসহ এখান থেকে সরকার প্রতি বছর কয়েক শ কোটি টাকা রাজস্ব আয় করতে পারবে। পঞ্চগড়ের জেলা প্রশাসক মো. তোফাজ্জল হোসেন মিয়া শিগগিরই এসব সমস্যার সমাধান হয়ে যাবে বলে আশা প্রকাশ করেন।