বাংলালিংক কৃষিমেলা ৫ অক্টোবর শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘আগামী দিনের কৃষি’—এই স্লোগান নিয়ে মোবাইল ফোন অপারেটর বাংলালিংকের পৃষ্ঠপোষকতায় ৫ অক্টোবর শুরু হচ্ছে কৃষিমেলা ‘বাংলালিংক এগ্রো বাংলাদেশ-২০১০’। কৃষি মন্ত্রণালয় এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সহযোগিতায় এক্সট্রিম, এক্সিবিশন অ্যান্ড ইভেন্ট সলিউশন লিমিটেড এবং আই স্টেশন কমিউনিকেশনস যৌথভাবে তিন দিনব্যাপী এ মেলার আয়োজন করেছে। ৭ অক্টোবর পর্যন্ত বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলনকেন্দ্রে এ মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত আটটা পর্যন্ত চলবে। গতকাল শনিবার রাজধানীর গুলশানের স্পেকট্রা কনভেনশন সেন্টারে বাংলালিংক আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। আয়োজকেরা জানান, কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী মেলার উদ্বোধন করবেন। শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া বিশেষ অতিথি এবং সমাপনী দিনে মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী আবদুল লতিফ বিশ্বাস প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। বাংলালিংকের প্রধান বাণিজ্যিক কর্মকর্তা আশের ইয়াকুব খান বলেন, মোবাইল ফোনভিত্তিক কৃষি সম্পৃক্ততার জন্য বাংলালিংক বিশেষভাবে কাজ করছে। কৃষিভিত্তিক তথ্য দেওয়ার ক্ষেত্রে খরচ আরও কমিয়ে আনতে কাজ চলছে। এক্সট্রিম, এক্সিবিশন অ্যান্ড ইভেন্ট সলিউশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক চানমোহন সাহা বলেন, মেলায় কৃষি খাতে সম্পৃক্ত ব্যবসায়ী ও কৃষকদের আধুনিক প্রযুক্তির সঙ্গে সরাসরি পরিচয় করিয়ে দেওয়া হবে। কৃষি উৎপাদনে মাটি পরীক্ষার বিষয়ে কৃষকদের সচেতন করতে পরামর্শ দেওয়া হবে মেলা থেকে।সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বাংলালিংকের বিপণন পরিচালক শিহাব আহমেদ, সিটি ব্যাংকের এসএমই বিভাগের প্রধান বদরুদ্দোজা চৌধুরী এবং আই স্টেশন কমিউনিকেশনসের ব্যবস্থাপনা পরিচালক এম এস সাহা।আন্তর্জাতিক ধান গবেষণা ইনস্টিটিউট (ইরি) এ মেলায় আয়োজক সহযোগী হিসেবে কাজ করছে। মেলায় দেশীয় প্রতিষ্ঠান ছাড়াও ১৫ দেশের ৩২টি প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। সব মিলিয়ে শতাধিক প্রতিষ্ঠানের জন্য দেড় শতাধিক স্টল থাকছে। এতে অংশ নেওয়া দেশগুলো হচ্ছে: ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, থাইল্যান্ড, ভিয়েতনাম, কোরিয়া, তাইওয়ান, চীন, জার্মানি, সিঙ্গাপুর, মিসর, জাপান, নেদারল্যান্ড, তুরস্ক ও যুক্তরাজ্য। মেলার টাইটেল স্পনসর বাংলালিংক, ব্যাংক পার্টনার সিটি ব্যাংক, সেমিনার সহযোগী ইরি, মিডিয়া সহযোগী চ্যানেল আই এবং কৃষি বিপ্লব।