বাংলালিংক গ্র্যান্ডমাস্টার পুরস্কার বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলালিংক গ্র্যান্ডমাস্টার প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়েছে। রাজধানীর একটি হোটেলে গতকাল সোমবার অনুষ্ঠিত হয় এই প্রতিযোগিতার চূড়ান্ত আসর। এতে সেরা তিনটি দলকে পুরস্কার প্রদান করা হয়।প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে বুয়েট প্যাগাসাস (বুয়েট)। দলটি পুরস্কার হিসেবে পায় দুই লাখ টাকা। প্রথম রানার্সআপ হয়ে দেড় লাখ টাকা পেয়েছে আইবিএ (জাবি)। আর দ্বিতীয় রানার্সআপ আইআইটি পারফেকশন (ঢাবি) লাভ করে এক লাখ টাকা। এ ছাড়া সব প্রতিযোগীকে পদক ও সনদপত্র দেওয়া হয়।বিশ্ববিদ্যালয় পর্যায়ের ছাত্রছাত্রীদের জন্য বাংলালিংক মাসব্যাপী এই গ্র্যান্ডমাস্টার প্রতিযোগিতার আয়োজন করে। এখানে শিক্ষার্থীরা তাঁদের সৃজনশীল উদ্ভাবন নিয়ে প্রতিযোগিতা করার সুযোগ পান।প্রতিযোগিতার শুরুতে দলগুলোকে তাদের আইডিয়া বা উদ্ভাবন জমা দিতে বলা হয়, যেখান থেকে সেরা ২০টি দলকে দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণের সুযোগ করে দেওয়া হয়। পরে প্রতিটি দল তাদের নিজেদের ব্যবসা পরিকল্পনাপত্র জমা দেয়। এর মধ্য থেকেই বিচারক প্যানেল সেরা পাঁচ প্রতিযোগী দলকে বাছাই করে।বিচারক প্যানেলে ছিলেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের স্কুল অব বিজনেসের ডিন অধ্যাপক আবদুল হান্নান চৌধুরী, বুয়েটের কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান অধ্যাপক এম কায়কোবাদ এবং বাংলালিংকের অ্যাসোসিয়েট জেনারেল (মার্কেটিং) কায়সার জামান। বাংলালিংকের জ্যেষ্ঠ বিপণন পরিচালক শিহাব আহমাদ বলেন, ‘এই প্রতিযোগিতার মূল লক্ষ্য হচ্ছে বিশ্ববিদ্যালয় পর্যায়ের ছাত্রছাত্রীদের মৌলিক উদ্ভাবন, দক্ষতা ও সম্ভাবনাকে শনাক্ত করে পুরস্কৃত করা। বিজ্ঞপ্তি।