বাংলালিংক চালু করল ডেসকো বিল-পে
ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানির (ডেসকো) গ্রাহকেরা এখন থেকে বাংলালিংক মুঠোফোনের মাধ্যমে বিদ্যুৎ বিল পরিশোধ করতে পারবেন। এ ছাড়া ডেসকোর আওতাধীন এলাকায় বাংলালিংকের পাঁচ হাজার ক্যাশ পয়েন্টের মাধ্যমেও অন্য মোবাইল অপারেটরের গ্রাহক বা যেকোনো ব্যক্তি ডেসকোর বিদ্যুৎ বিল পরিশোধ করতে পারবেন।রাজধানীর গুলশানের একটি হোটেলে গতকাল বুধবার মোবাইল অপারেটর বাংলালিংকের নতুন এই বিল-পে সেবার উদ্বোধন করা হয়।এ প্রসঙ্গে বাংলালিংকের প্রধান নির্বাহী কর্মকর্তা আহমেদ আবু দোমা বলেন, ‘মুঠোফোনের ব্যবহার জীবনযাত্রাকে সহজ করে তুলেছে।’ বাংলালিংক সংযোগ ব্যবহারকারীরা খুব সহজেই নিজেদের মুঠোফোনের ‘আনস্ট্রাকচারড সাপ্লিমেন্টারি সার্ভিস ডেটা’ (ইউএসএসডি) মেন্যু ব্যবহার করেই ডেসকোর বিল পরিশোধ করতে পারবেন বলে জানিয়েছেন অপারেটরটির বিপণন পরিচালক শিহাব আহমেদ।অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলালিংকের চিফ ফিন্যানশিয়াল অফিসার মোহামেদ ওসমান, ডেসকোর পরিচালক (ক্রয়, অর্থ ও হিসাব) কুদরতে খুদা, মহাব্যবস্থাপক (অপারেশন, নেটওয়ার্ক ও কন্ট্রোল) মো. শাহজাহান মিয়া, মহাব্যবস্থাপক (এস অ্যান্ড ডি অপারেশন) শফিকুল ইসলাম চৌধুরী প্রমুখ।