বাংলালিংক পাঁচ বছর মেয়াদি ৩০ কোটি ডলারের বন্ড ছেড়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম মোবাইল ফোন অপারেটর বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশন্স লিমিটেড (বাংলালিংক) পাঁচ বছর মেয়াদে ৩০০ মিলিয়ন বা ৩০ কোটি ডলার মূল্যের নোটস বা বন্ড ছেড়েছে। 

বাংলাদেশ থেকে এটিই হলো প্রথম আন্তর্জাতিক বন্ড ছাড়ার ঘোষণা। এর জন্য সারা বিশ্বের বিনিয়োগকারীদের পক্ষ থেকে প্রচুর চাহিদা রয়েছে। বাংলালিংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ খবর জানানো হয়েছে।

বাংলালিংক তার স্থিতিশীল আর্থিক অবস্থার জন্য মুডিস ইনভেস্টরস সার্ভিসেসের কাছ থেকে বি১ এবং স্ট্যান্ডার্ড অ্যান্ড পুওরসের কাছ থেকে বি+ ঋণমান লাভ করেছে। এই বন্ড বা নোটসের মেয়াদ পূর্ণ হবে আগামী ২০১৯ সালের মে মাসে। এই বন্ড ছাড়ার মাধ্যমে সংগৃহীত অর্থ দিয়ে বাংলালিংক তার ঋণ পরিশোধ ও মূলধন ব্যয় নির্বাহ করবে।

এই বন্ডের মেয়াদ শেষে ইল্ড বা আয় হার হবে ৮ দশমিক ৮৭৫ শতাংশ। আর পুনঃ অফার দর হবে অভিহিত মূল্যের ৯৯ শতাংশ। এর লেনদেন শেষ হবে আগামী ৬ মে।

বাংলালিংকের প্রধান নির্বাহী কর্মকর্তা জিয়াদ সাতারা এ প্রসঙ্গে বলেন, ‘এর মাধ্যমে আন্তর্জাতিক পুঁজিবাজারে আমাদের তহবিল সংগ্রহের উৎস আরও বৈচিত্র্যপূর্ণ হলো। এ ব্যাপারে বিশ্বের অনেক উচ্চ মানসম্পন্ন বিনিয়োগকারী এগিয়ে আসায় আমরা অত্যন্ত আনন্দিত।’

বাংলালিংকের এই নোটস ছাড়ার যাবতীয় কার্যক্রম ব্যবস্থাপনা করছে সিটি গ্রুপ।

উল্লেখ্য, রাশিয়ার ভিম্পলকম হলো বাংলালিংকের মূল বা মাদার কোম্পানি। ভিম্পলকম আগামী দুই বছরের মধ্যে বাংলাদেশে ৩৫ কোটি ডলার বিনিয়োগ করবে বলে জানিয়েছে।