বাংলালিংককে ১৭ কোটি টাকা জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সীমান্ত এলাকায় অনুমোদন ছাড়া ১০৯টি টাওয়ার ব্যবহারের অভিযোগে মোবাইল ফোন অপারেটর বাংলালিংককে ১৭ কোটি টাকা জরিমানা করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। গত সপ্তাহে নিয়ন্ত্রক সংস্থার নিয়মিত কমিশন বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিটিআরসি সূত্রে জানা গেছে, ২০১৪ থেকে ২০১৬ সালের মধ্যে বাংলাদেশ-ভারত সীমান্ত এলাকায় ৪০টি টাওয়ার তৈরি করেছে বাংলালিংক, যেগুলো স্থাপনের কোনো অনুমোদন বিটিআরসির কাছে নেওয়া হয়নি। এ সময়ে সীমান্তবর্তী ৩১টি জেলায় বিভিন্ন অপারেটরের কাছ থেকে ভাড়া নিয়ে আরও ৬৯টি টাওয়ার ব্যবহার করেছে বাংলালিংক, যেগুলোর অনুমোদনও নেওয়া হয়নি। অনুমোদন ছাড়া এসব টাওয়ার ব্যবহারের জরিমানা হিসেবে অপারেটরটিকে এখন ১৭ কোটি টাকা দিতে হবে। টাওয়ার
ব্যবহার করে বাংলালিংক এই পরিমাণ অর্থ আয় করেছে ধরেই এই জরিমানা করা হয়েছে বলে জানা গেছে।

এর আগে ২০১৩ সালে সীমান্ত এলাকায় অনুমোদন ছাড়া টাওয়ার তৈরির অভিযোগে অভিযুক্ত হয়েছিল বাংলালিংক ও এয়ারটেল। সে সময় অপারেটর দুটিকে জরিমানা না করে ভবিষ্যতে যাতে এমনটি না ঘটে, সে বিষয়ে সতর্ক করেছিল বিটিআরসি। একই সঙ্গে নির্মাণ করা ওই সব টাওয়ার তৈরির অনুমোদনও দেওয়া হয়েছিল।

২০১৩ সালে বাংলালিংক সীমান্ত এলাকায় ৪০০ টাওয়ার তৈরি করে। আর বর্তমানে রবির সঙ্গে একীভূত হওয়া এয়ারটেল তৈরি করেছিল ১৯১টি টাওয়ার। বিটিআরসির নিয়ম অনুযায়ী, সীমান্ত এলাকায় টাওয়ার তৈরি করতে হলে সংশ্লিষ্ট অপারেটরকে অবশ্যই শর্ত সাপেক্ষে অনুমতি নিতে হবে। কিন্তু বাংলালিংক এই নিয়ম ভঙ্গ করেই সীমান্ত এলাকায় টাওয়ার তৈরি করেছে।

বিটিআরসির একজন ঊর্ধ্বতন কর্মকর্তা প্রথম আলোকে বলেন, সীমান্ত এলাকায় টাওয়ার থেকে অপারেটরদের আয় তুলনামূলকভাবে বেশি হয়। কিন্তু নিরাপত্তাজনিত কারণে এসব এলাকায় টাওয়ার তৈরির বিষয়টি খুবই স্পর্শকাতর। অনুমোদন ছাড়া তাই এসব এলাকায় টাওয়ার তৈরি করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

জানতে চাইলে বাংলালিংকের হেড অব করপোরেট কমিউনিকেশন আসিফ আহমেদ প্রথম আলোকে বলেন, সীমান্ত এলাকায় বিটিএস স্থাপনের অনুমতি চেয়ে ইতিমধ্যেই বিটিআরসির কাছে আবেদন করেছে বাংলালিংক। এ বিষয়ে প্রয়োজনীয় সব তথ্য বিটিআরসিকে দেওয়া হয়েছে। শিগগিরই এ বিষয়ে অগ্রগতি হবে বলে বাংলালিংক আশা করছে। ১৭ কোটি টাকার জরিমানা-সংক্রান্ত কোনো চিঠি বিটিআরসি থেকে বাংলালিংক এখনো পায়নি বলে জানান তিনি।