বাংলালিংকে দেড় বছর পর সিইও নিয়োগ
প্রায় দেড় বছর পদ খালি থাকার পর মুঠোফোন অপারেটর বাংলালিংকের নতুন প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) নিয়োগ করা হয়েছে। বাংলাদেশে সফররত টেলিকমিউনিকেশন গ্রুপ ভিমপেলকমের সিইও জো লান্ডার আনুষ্ঠানিকভাবে বাংলালিংকের নতুন সিইও হিসেবে জিয়াদ সাটারার নাম ঘোষণা করেন।গতকাল মঙ্গলবার রাজধানীর স্থানীয় এক হোটেলে বাংলালিংক আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই নতুন সিইও-এর নাম ঘোষণা করা হয়। এই নিয়োগ পাওয়ার আগে জিয়াদ সাটারা ইতালির উইন্ড টেলিকমিউনিকেশনসের প্রধান কারিগরি কর্মকর্তা ছিলেন।বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম মোবাইল ফোন অপারেটর বাংলালিংক হলো ওরাসকম গ্রুপের একটি সাবসিডিয়ারি (অঙ্গ) প্রতিষ্ঠান। আর ভিম্পেলকমের সবচেয়ে বেশি শেয়ার সংরক্ষণ করে ওরাসকম। এ ছাড়া ইতালির উইন্ড টেলিকমিউনিকেশন বর্তমানে ভিম্পেলকমের অন্যতম অঙ্গপ্রতিষ্ঠান। দীর্ঘ ১৮ মাস কেন বাংলালিংকে সিইও নিয়োগ দেওয়া হয়নি জানতে চাইলে বাংলাদেশে সফররত বাংলালিংকের সাবেক সিইও ও বর্তমানে ভিম্পেলকমের গ্রুপ এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট আহমেদ আবু দোমা বলেন, ‘বাংলাদেশের জন্য উপযুক্ত ও দক্ষ লোকের দরকার ছিল। এ ছাড়া বাংলাদেশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের দলগত কাজ এতটাই ভালো ছিল যে, নতুন কোনো কর্মকর্তার তখন প্রয়োজন পড়েনি। তবে শিগগিরই বাংলাদেশে থ্রিজি লাইসেন্স নিলাম হবে। এ খাতে দক্ষ লোক হিসেবে জিয়াদকে নিয়োগ দেওয়া হয়েছে। এটি বাংলাদেশের বাংলালিংকের কর্মকর্তাদের দলে একটি নতুন দক্ষতা যোগ করা হিসেবেই আমরা দেখছি।’