বাংলালিংকের আয় বেড়েছে

চলতি ২০১৬ সালের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) বাংলালিংকের আয় ৬ শতাংশ বেড়েছে। এ সময় মুঠোফোন অপারেটরটি মোট আয় করেছে ১ হাজার ২২০ কোটি টাকা। এ ছাড়া ইন্টারনেট ডেটা খাত থেকে কোম্পানিটির আয় আগের বছরের একই সময়ের তুলনায় ৬০ শতাংশ বেড়েছে।
রাজধানীর গুলশানের একটি হোটেলে গতকাল সোমবার এক সংবাদ সম্মেলনে বাংলালিংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এরিক অস এসব তথ্য জানান। তবে আলোচ্য সময়ে প্রতিষ্ঠানটি কী পরিমাণ মুনাফা করেছে, সেটি অবশ্য জানানো হয়নি।
সংবাদ সম্মেলনে বাংলালিংকের জানুয়ারি-মার্চ প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হয়। প্রতিষ্ঠানটি ২০০৫ সালে এ দেশে যাত্রা শুরুর পর থেকে এই প্রথমবারের মতো গণমাধ্যমের কাছে আনুষ্ঠানিকভাবে তাদের আর্থিক প্রতিবেদন প্রকাশ করল।
এরিক অস বলেন, দেশে স্মার্টফোনের ব্যবহার এবং থ্রিজি নেটওয়ার্ক বৃদ্ধির ফলে বাংলালিংকের ডেটা ব্যবসায় বড় অগ্রগতি হয়েছে। তীব্র মূল্য প্রতিযোগিতা সত্ত্বেও বাংলালিংকের গ্রাহকপ্রতি গড় আয় ৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে। দেশের মোট জনসংখ্যার ৩৪ শতাংশ এখন বাংলালিংকের থ্রিজি নেটওয়ার্কের আওতায় এসেছে।
সংবাদ সম্মেলনে বায়োমেট্রিক বা আঙুলের ছাপ পদ্ধতিতে সিম নিবন্ধনের তথ্যও তুলে ধরা হয়। এতে জানানো হয়, ১৫ মে পর্যন্ত এ পদ্ধতিতে বাংলালিংকের আড়াই কোটি সিম নিবন্ধিত হয়েছে। আর বর্তমানে প্রতিষ্ঠানটির মোট গ্রাহকসংখ্যা ৩ কোটি ১৬ লাখ।
এরিক অস বলেন, আলোচ্য প্রান্তিকে বাংলালিংকের মূলধনি ব্যয় ছিল ১৩০ কোটি টাকা, যা গত বছরের তুলনায় ৪৪ শতাংশ বেশি।