বাংলালিংকের আয় বেড়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চলতি ২০১৬ সালের দ্বিতীয় প্রান্তিক এপ্রিল-জুন সময়ে বাংলালিংকের মোট রাজস্ব আয় বেড়ে ১ হাজার ২৩০ কোটি টাকায় উন্নীত হয়েছে। এই আয় গত বছরের একই সময়ের তুলনায় ৫ শতাংশ বেশি। মূলত ভয়েস সেবায় ক্রমাগত আয় বৃদ্ধির ফলেই সার্বিকভাবে রাজস্ব আয় বেড়েছে।
একই সময়ে ইন্টারনেট সেবায় বাংলালিংকের আয় ৬০ শতাংশ বেড়েছে। এটি হয়েছে থ্রিজি নেটওয়ার্কের বিস্তৃতি এবং স্মার্টফোনের ব্যবহার ও ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা বৃদ্ধি পাওয়ার সুবাদে।
অপারেটরটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায়। এতে বলা হয়, আলোচ্য সময়ে বাংলালিংকের গ্রাহকপ্রতি গড় রাজস্ব আয় ৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে। তবে এটি গত বছরের একই সময়ের তুলনায় কম। এ বছরের জুন মাসের প্রথম থেকে রিচার্জের ওপর ২ শতাংশ সম্পূরক শুল্ক ধার্য এবং তার আগে মার্চ থেকে ১ শতাংশ সারচার্জ আরোপের কারণে এমনটা হয়েছে।
বাংলালিংক গতকাল বৃহস্পতিবার বছরের দ্বিতীয় প্রান্তিকের এই আর্থিক ফলাফল ঘোষণা করেছে। ফলাফল ঘোষণার পর বাংলালিংকের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এরিক অস বলেন, ‘আমরা যেহেতু সম্পূর্ণ ডিজিটাল প্রতিষ্ঠান হিসেবে গড়ে উঠতে এগিয়ে যাচ্ছি, সেহেতু গ্রাহকদের সেরা ডিজিটাল সেবাসমূহ উপহার দিতেও প্রত্যয়ী।’
আলোচ্য প্রান্তিকে বাংলালিংকের কার্যক্রমের প্রধান লক্ষ্য ছিল, সরকারি নির্দেশ অনুযায়ী সিম ভেরিফিকেশন বা আঙুলের ছাপ পদ্ধতিতে সিম নিবন্ধন নির্ভুল করা। এর ফলে বাংলালিংকের মোট গ্রাহকের ৯৩ শতাংশই সিম ভেরিফিকেশন বা আঙুলের ছাপ পদ্ধতির আওতায় এসেছেন। এই গ্রাহকদের কাছ থেকেই অর্জিত হয়েছে বাংলালিংকের মোট আয়।