বাংলালিংকের থ্রিজির পরীক্ষামূলক যাত্রা শুরু

তৃতীয় প্রজন্মের মোবাইল প্রযুক্তির (থ্রিজি) সেবা চালুর পরীক্ষামূলক যাত্রা শুরু করেছে বাংলালিংক। রাজধানীর একটি হোটেলে গতকাল বুধবার তা উদ্বোধন করেন বাংলালিংকের মূল কোম্পানি ভিম্পেলকম লিমিটেডের গ্রুপ উপপ্রধান নির্বাহী কর্মকর্তা (ডিসিইও) ইয়ান এডভার্ড থাইগেসেন।
বাংলালিংকের সিইও জিয়াদ শাতারা গতকাল নেদারল্যান্ডসের আমস্টারডাম ভিম্পেলকমের প্রধান কার্যালয়ে থ্রিজির মাধ্যমে ভিডিও কল করেন। প্রধান বিপণন কর্মকর্তা শিহাব আহমাদ, পরিচালক সোলাইমান আলম ও জাকিউল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে জানানো হয়, বিশ্বমানের ইন্টারনেট সেবার অভিজ্ঞতা দিতে নিজেকে প্রস্তুত করছে বাংলালিংক। থ্রিজি যাত্রা উদ্ভাবনের মাধ্যমে গ্রাহকের প্রতি সেবার অবস্থানও সুস্পষ্ট করা হচ্ছে।
এডভার্ড থাইগেসেন বলেন, ভিম্পেলকম বাংলাদেশে তাদের ব্যবসা নিয়ে বেশ আগ্রহী। গ্রাহকদের উন্নত সেবা নিশ্চিত করতে বাংলালিংক নতুনভাবে বিনিয়োগ করছে। গ্রাহকদের নিয়মিত সেবা দিতে কারিগরি প্রস্তুতি রয়েছে বাংলালিংকের।
জিয়াদ শাতারা বলেন, নেটওয়ার্ককে আরও শক্তিশালী করতে এবং থ্রিজি সমমানের করতে বিশাল বিনিয়োগ নিশ্চিত করছে বাংলালিংক।