বাংলালিংকের সমস্যা সমাধানে নয়টি দাবি
কর্মী ছাঁটাই ও ইউনিয়ন গঠনকে কেন্দ্র করে মুঠোফোন অপারেটর বাংলালিংকের সমস্যা সমাধানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ চেয়েছেন প্রতিষ্ঠানটির আন্দোলনরত কর্মীরা।
রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাগর-রুনি মিলনায়তনে গত শনিবার প্রস্তাবিত বাংলালিংক এমপ্লয়িজ ইউনিয়ন আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন প্রস্তাবিত ইউনিয়নের সাধারণ সম্পাদক বখতিয়ার হোসেন।
প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনার পাশাপাশি চলমান সমস্যা সমাধানে নয়টি দাবি উত্থাপন করা হয় সংবাদ সম্মেলনে। এগুলো হলো বাংলালিংক এমপ্লয়িজ ইউনিয়নের নিবন্ধন নিশ্চিত করা; চাকরিচ্যুত কর্মী শরিফুল ইসলামকে স্বপদে বহাল; কর্মী ছাঁটাই বন্ধ; কর্মীদের চাকরির নিশ্চয়তা; ভয়ভীতি ও হয়রানি বন্ধ; শ্রম আইনবিরোধী অভ্যন্তরীণ নীতিমালা বাতিল; আইন নির্ধারিত সুবিধা নিশ্চিত করা ও মালিকপক্ষের হয়ে কাজ করা কর্মীদের চিহ্নিত করে আইনের ব্যবস্থায় আনা। এ ছাড়া অসুস্থ মোশতাক আহমেদ নামের এক কর্মীর চিকিৎসার দায়িত্ব নেওয়ারও আহ্বান জানানো হয়।
বখতিয়ার হোসেন বলেন, ‘যেহেতু নিবন্ধনের জন্য সরকারের কাছে আমরা আবেদন করেছি, তাই কর্তৃপক্ষের আমাদের সঙ্গে বসতে কোনো সমস্যা হওয়ার কথা নয়।’
এদিকে সুইজারল্যান্ডভিত্তিক শ্রম অধিকার-বিষয়ক আন্তর্জাতিক সংগঠন ইউনি গ্লোবাল ইউনিয়ন বাংলালিংকে চলমান সমস্যার ব্যাপারে উদ্বেগ জানিয়ে চিঠি দিয়েছে।