বাকি অর্থ পেতে এখনো আশাবাদী বাংলাদেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফিলিপাইনের প্রেসিডেন্টের সঙ্গে পূর্বনির্ধারিত সভা বাতিল হওয়ায় রিজার্ভ চুরির অর্থ উদ্ধারে কোনো প্রভাব পড়বে না বলে মনে করেন বাংলাদেশের রাষ্ট্রদূত জন গোমেজ। ফিলিপাইনে সফররত বাংলাদেশ প্রতিনিধিদলও সরকারের বিভিন্ন সংস্থার সঙ্গে আলোচনায় সহায়তার আশ্বাস পাচ্ছেন বলে জানান তিনি। গতকাল বুধবার প্রথম আলোর সঙ্গে আলাপকালে জন গোমেজ এসব কথা বলেন। আজ বৃহস্পতিবার ফিলিপাইনের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরের সঙ্গে সাক্ষাতের কথা রয়েছে প্রতিনিধিদলের।
রিজার্ভ চুরির বাকি অংশ উদ্ধারে ফিলিপাইনে অবস্থান করছেন আইনমন্ত্রী আনিসুল হকের নেতৃত্বে ১০ সদস্যের একটি প্রতিনিধিদল। প্রতিনিধিদলটি প্রেসিডেন্টের পাশাপাশি ফিলিপাইনের আইনমন্ত্রী, অর্থমন্ত্রী, সিনেটের চেয়ারম্যান ও গভর্নরের সঙ্গে সাক্ষাতের কর্মসূচি রয়েছে। তবে প্রেসিডেন্টের সঙ্গে পূর্বনির্ধারিত সভা বাতিল হয়ে যায়।
এ বিষয়ে জন গোমেজ বলেন, ‘ফিলিপাইনের একটি অঞ্চলে যুদ্ধ শুরু হয়েছে, সেখানে ৩৫ জন মারা গেছে। প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তে আগে ওই এলাকার মেয়র ছিলেন। তাই জরুরিভাবে প্রেসিডেন্ট ওই এলাকায় গেছেন। যাওয়ার আগে তিনি সবাইকে আমাদের সঙ্গে আলোচনার জন্য নির্দেশনা দিয়েছেন। সবাই আমাদের অর্থ ফেরত পাওয়ার ব্যাপারে আশাবাদী করছেন।’
জন গোমেজ বলেন, ‘রিজাল কমার্শিয়াল ব্যাংকের তিনজন জ্যেষ্ঠ আইনজীবী পদত্যাগ করেছেন। আরও অনেকে ব্যাংকটি ছেড়ে দিচ্ছেন। ব্যাংকটি বিভিন্ন অপরাধে জড়িয়ে পড়ার পর একধরনের চাপে আছে। তাই অনেকেই ছেড়ে চলে যাচ্ছেন। আমরাও ব্যাংকটিকে চাপে রেখে অর্থ ফেরত পাওয়ার আশা করছি।’
জন গোমেজ বলেন, ‘আমরা সবার কাছে এটাই বলতে চাইছি, চুরির অর্থ রিজাল ব্যাংকের মাধ্যমে বের হয়েছে। তারা নিয়ম ভেঙে হিসাবের মাধ্যমে অর্থ বের করে দিয়েছে। এ কারণে তারা জরিমানা দিয়েছে। তাদের কর্মকর্তারা দোষ স্বীকার করেছেন, মামলা হয়েছে। আমরা এসব তুলে ধরেই বাকি অর্থ ফেরত চেয়েছি। সবাই আমাদের অর্থ ফেরত দেওয়ার আশ্বাস দিয়েছেন।’
রিজার্ভের চুরি হওয়া অংশের দেড় কোটি ডলার ইতিমধ্যে নগদ ফেরত দিয়েছে ফিলিপাইন। বাকি ৬ কোটি ৫৮ লাখ ডলার উদ্ধার বা ফেরত পাওয়া নিয়ে এখনো কোনো অগ্রগতি হয়নি। গত মঙ্গলবার ফিলিপাইনের রিজাল কমার্শিয়াল ব্যাংকিং করপোরেশন (আরসিবিসি) এক বিবৃতিতে বলেছে, বাংলাদেশ ব্যাংককে কোনো অর্থ ফেরত দেওয়ার পরিকল্পনা আরসিবিসির নেই। চুরির ঘটনায় জড়িত ব্যক্তিদের পরিচয় শনাক্ত করার জন্য বাংলাদেশের নিজস্ব তদন্তের ফলাফল প্রকাশ করতে হবে। বাংলাদেশ ব্যাংকের অসাবধানতার কারণেই তাদের রিজার্ভের ৮ কোটি ১০ লাখ মার্কিন ডলার চুরি হয়েছে। এ ঘটনার দায় আরসিবিসি নেবে না।