বাগমারার আলু যাচ্ছে স্পেনে
রাজশাহীর বাগমারায় উত্পাদিত আলু স্পেনে রপ্তানি হচ্ছে। এ ব্যাপারে স্পেনের বার্সেলোনা শহরের ব্যবসায়ী সানতিয়াগো ট্রটের সঙ্গে সম্প্রতি বাগমারার সালেহা-ইমারত কোল্ড স্টোরেজের একটি চুক্তি হয়েছে।স্থানীয় কৃষি বিভাগে খোঁজ নিয়ে জানা গেছে, বাগমারায় ১৪ হাজার হেক্টর জমিতে আলুর চাষ হয়ে থাকে। যে কারণে বাগমারায় উত্পাদিত আলু সংরক্ষণের জন্য পাঁচটি হিমাগারও স্থাপিত হয়েছে। কৃষি বিভাগের কর্মকর্তারা জানান, বাগমারায় উত্পাদিত আলুর মান ভালো হওয়ায় দেশে ও বিদেশ এর বেশ চাহিদাও রয়েছে। এর আগে এখানকার আলু বিচ্ছিন্নভাবে দেশের বাইরে গেলেও এবারেই সরাসরি পাঠানো হচ্ছে।স্পেনের আমদানিকারক সানতিয়াগো ট্রট সম্প্রতি বাগমারায় আসেন। তিনি প্রতি মাসে তিন হাজার টন করে বছরে সর্বোচ্চ ৪০ হাজার টন আলু আমদানি করবেন বলে প্রথম আলোকে জানান। প্রতি মণ আলুর দাম ২০০ ডলারের কিছু কমবেশি হবে বলে তিনি উল্লেখ করেন।স্থানীয় রপ্তানিকারক সালেহা-ইমারত কোল্ডস্টোরেজের মালিক সাংসদ এনামুল হক প্রথম আলোকে বলেন, বাগমারায় বিপুল পরিমাণ আলুর চাষ হয়। কিন্তু চাষিরা অনেক সময়ই ন্যায্যমূল্য থেকে বঞ্চিত হন। এই চুক্তির ফলে কৃষকেরা ভালো দাম পাবেন এবং আলু চাষে তাঁদের আগ্রহ বাড়বে।বাগমারার আলু ব্যবসায়ী আফজাল হোসেন জানান, তাঁরা এত দিন আলুর দাম পাননি। আলু নিয়ে তাঁদের সব সময়ই টেনশন করতে হয়। এখানকার আলু দেশের বাইরে গেলে তাঁরা ভালো দাম পাওয়ার আশা করেন।বাগমারা গ্রামের আলুচাষি সাজেদুর রহমান বলেন, ‘আমরা আলু উত্পাদন করে ভালো দাম পাই না। আমাদের আলু বিদেশ গেলে আমরা আলু চাষে আরও উত্সাহিত হব।’