বাগানেই নষ্ট নানা রঙের ফুল

বিধিনিষেধে ফুলের দাম পড়ে গেছে। এতে যশোরের ঝিকরগাছা উপজেলার গদখালী এলাকার ফুলচাষি ও ব্যবসায়ীরা বিপাকে পড়েছেন।

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফুলবাগানের পরিচর্যা করছেন একজন কৃষক
ছবি: প্রথম আলো

বাগানে রং-বেরঙের শত–সহস্র ফুল ফুটে রয়েছে। সময়টাও ফুল কেনাবেচার। কিন্তু করোনার কারণে কিছু বিধিনিষেধ জারি থাকায় বাজারে ফুলের তেমন চাহিদা নেই। তাই দাম পড়ে গেছে। সে জন্য চাষিরা সেভাবে ফুল তুলছেন না। বাগানেই নষ্ট হচ্ছে নানা ধরনের ফুল জারবেরা, গোলাপ, গ্লাডিওলাস, গাঁদা ইত্যদি। এতে ব্যাপক ক্ষতির মুখে পড়ছেন ফুলচাষিরা।

সরেজমিন গত শনিবার সকালে যশোরের ঝিকরগাছা উপজেলার গদখালী এলাকার পাইকারি ফুলের হাটে প্রতিটি জারবেরা ও গ্লাডিওলাস ২-৩, গোলাপ ২, রজনীগন্ধা ৩ ও প্রতি হাজার গাঁদা ফুল ১০০, ফুলের ডালি সাজানোর কামিনী পাতার আঁটি ৩০-৪০ এবং প্রতি আঁটি জিপসি ফুল ২০-৩০ টাকা দরে বেচাকেনা হচ্ছে। অথচ সপ্তাহখানেক আগেও প্রতিটি জারবেরা ও গ্লাডিওলাস ৮-১২, রজনীগন্ধা ৬, গোলাপ ৪ ও প্রতি হাজার গাঁদা ফুল ৩০০-৪০০, কামিনী পাতার আঁটি ৫০-৬০ এবং প্রতি আঁটি জিপসি ৩০-৪৫ টাকা দরে বিক্রি হয়েছে।

ঝিকরগাছার পানিসারা গ্রামের কৃষক রফিকুল ইসলাম বলেন, ‘বিধিনিষেধ জারির পরদিন থেকেই গদখালী ফুলের হাটের চিত্র বদলে গেছে। এক সপ্তাহ আগে যেখানে প্রতিটি জারবেরা ৮-১০ টাকায় বিক্রি হতো, এখন তা কমে ২-৩ টাকায় নেমে এসেছে। এই দামে বিক্রি করলে শ্রমিক দিয়ে ফুল তোলার খরচও উঠবে না। এদিকে চট্টগ্রামের ব্যবসায়ীরা ফুল পাঠাতে মানা করে দিয়েছেন। ফলে এখন চরম হতাশার মধ্যেই আছি। কারণ, আমাদের আর বাঁচার উপায় নেই।’

একই গ্রামের ফুলচাষি সাঈদ আলী বলেন, ‘৩৩ শতক জমিতে গাঁদা ফুল ও ২০ শতকে গোলাপের চাষ করেছি। গত শুক্রবারও প্রতি হাজার গাঁদা ফুল ৩০০ টাকা দরে বিক্রি হয়েছে। কিন্তু শনিবারেই দাম পড়ে গেছে। এখন গোলাপ-গাঁদা কোনো ফুলেরই দাম নেই।’

সাধারণত মহান বিজয় দিবস, পয়লা ফাল্গুন (বসন্তের প্রথম দিন), বিশ্ব ভালোবাসা দিবস, আন্তর্জাতিক মাতৃভাষা ও মহান শহীদ দিবস (একুশে ফেব্রুয়ারি), স্বাধীনতা দিবস এবং বাংলা নববর্ষ—এসব উৎসবের কারণে ডিসেম্বর থেকে মার্চ-এপ্রিল সময়কে ফুলের মৌসুম হিসেবে ধরা হয়। এ সময়ে ফুলের উৎপাদন ও বেচাবিক্রি বেশি হয়। তবে ফেব্রুয়ারি মাসে বিশ্ব ভালোবাসা দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষেই ফুলচাষি ও ব্যবসায়ীদের সবচেয়ে ভালো ব্যবসা হয়। কিন্তু করোনার নতুন ধরন অমিক্রণের সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় দিবস দুটির আগেই কিছু বিধিনিষেধ দেওয়া হয়েছে। যে কারণে ফুলের ব্যবসায় এরই মধ্যে নেতিবাচক প্রভাব পড়তে শুরু করেছে।

করোনা মহামারি ও ঘূর্ণিঝড় আম্পানের কারণে টানা দুই বছর ধরে ফুলের চাষ ও ব্যবসায়ে যে মন্দাভাব চলেছে, তা কাটিয়ে উঠতে বেশ কয়েক মাস ধরে পরিশ্রম করে আসছেন গদখালী এলাকার ফুলচাষিরা। ২০ বছর ধরে ফুল চাষ করা শফিকুল ইসলাম বলেন, ‘১২ কাঠা জমিতে জারবেরা ও দেড় বিঘায় গাঁদা ফুলে ভরে উঠেছে। ফেব্রুয়ারি ও মার্চ মাসের বিভিন্ন দিবস ও উৎসবের সময়ে ফুল বিক্রি করে গত দুই বছরের ক্ষতি পুষিয়ে নেওয়ার আশা ছিল। কিন্তু ঘুরে দাঁড়ানোর মুখেই হঠাৎ করোনার কারণে সরকার বিধিনিষেধ জারি করেছে। সামাজিক আর রাজনৈতিক অনুষ্ঠানও বন্ধ। তাই ফুলের দাম কমতে শুরু করেছে।’

শরিফুল ইসলাম আরও বলেন, ‘করোনা ও আম্পানে ফুল খেত লন্ডভন্ড হয়ে গিয়েছিল। তাই ব্যাংক ও এনজিও থেকে আট লাখ টাকা ঋণ নিয়ে আবার ফুলের আবাদ শুরু করেছিলাম। নভেম্বর থেকে ফুল বেচাকেনা করছি। ১৪ ও ১৬ ডিসেম্বর দুই দিবসেই দুই লাখ টাকার ফুল বিক্রি হয়েছে। আশা করেছিলাম, সামনের দিবসগুলোতেও ফুল বিক্রি করতে পারলে আট লাখ টাকার ঋণ শোধ করতে পারব। কিন্তু ফুলের ভরা মৌসুমে সরকার সব অনুষ্ঠান বন্ধ করে দেওয়ায় ফুলের দাম কমে গেছে। যদি আবার ফুল বিক্রিতে ভাটা পড়ে, তাহলে পথে বসা ছাড়া গতি থাকবে না।’

শুক্রবার সরেজমিন দেখা গেছে, ঝিকরগাছা উপজেলার গদখালী ও পানিসারা ইউনিয়নের বিভিন্ন গ্রামে হাজার হাজার একর জমিতে দেশি-বিদেশি নানা জাতের ফুলের চাষ হয়েছে। যেদিকে চোখ যায় শুধু ফুল আর ফুল। লাল, নীল, হলুদ, বেগুনি আর সাদা রঙের চাদর যেন বিছিয়ে রাখা হয়েছে মাঠগুলো। এ দৃশ্য দেখার জন্য দূর-দূরান্ত থেকে মানুষ এই এলাকায় বেড়াতে আসছেন। কয়েকজন বিদেশিকেও দেখা গেল।

বিভিন্ন মাঠে যেসব ফুলচাষির সঙ্গে দেখা ও কথা হয়েছে তাঁরা সবাই করোনা ও বিধিনিষেধের কারণে হতাশ বলে জানান। ফুলের ভরা মৌসুমে যেখানে ভীষণ কর্মব্যস্ততার মধ্যে কৃষকদের মুখে চওড়া হাসি থাকার কথা, সেখানে তাঁদের চোখে-মুখে এখন হতাশাই যেন বেশি।

বাংলাদেশ ফ্লাওয়ার্স সোসাইটির সভাপতি আবদুর রহিম প্রথম আলোকে বলেন, ‘ফুলের ব্যবসাটি মূলত অনুষ্ঠান ও উৎসবকেন্দ্রিক। গত দুই বছর বিধিনিষেধের কারণে ফুল বিক্রি করতে না পেরে নিঃস্ব হয়েছেন চাষিরা। ফুলের আবাদ ছেড়ে অন্য ফসলের দিকে ঝুঁকে পড়েছেন অনেকে।’