বাঙালি উদ্যোক্তার আবির্ভাবে ভারতের অর্থনীতি দিশা পাবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ থেকে আসা চন্দ্রশেখর ঘোষের গড়া বন্ধন ব্যাংক ভারতের অর্থনীতিকে নতুন দিশা দেবে। বাংলাদেশের গ্রামীণ ব্যাংকের আদলে গড়া এই ব্যাংকের উদ্বোধনী অনুষ্ঠানে গতকাল রোববার এমন আশাবাদই ব্যক্ত করলেন ভারতের কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি।
কলকাতার সায়েন্স সিটি মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অরুণ জেটলি বলেন, ‘বন্ধন ব্যাংকের অগ্রযাত্রা
দেশের অর্থনৈতিক উন্নয়নে একটি কালজয়ী পদক্ষেপ। একজন বাঙালি উদ্যোক্তার আবির্ভাব ভারতের অর্থনীতিকে নতুন দিশা দেখাবে।’ ব্যাংকটি এই অঞ্চলের অর্থনীতিতে এক বলিষ্ঠ ভূমিকা পালন করবে বলে তিনি আশা করেন।
উদ্বোধন অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমানও যোগ দেন। এতে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের অর্থমন্ত্রী অমিত মিত্র, ভারতের কেন্দ্রীয় ব্যাংক রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়ার (আরবিআই) ডেপুটি গভর্নর এইচ আর খান, বন্ধন ব্যাংকের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক চন্দ্রশেখর ঘোষসহ বিভিন্ন ব্যাংকের শীর্ষ কর্মকর্তা ও বিশিষ্টজনেরা।
বন্ধন ব্যাংক ১১ হাজার কোটি রুপি মূলধন আর ২১ হাজার কর্মী নিয়ে যাত্রা শুরু করেছে। প্রথম দিনেই ভারতের ২৭টি রাজ্যে একযোগে ৬০১টি শাখা ও ২৫০টি এটিএম চালু হয়েছে ব্যাংকটির। এই ব্যাংক সেবা দেওয়ার ক্ষেত্রে শহরের চেয়ে গ্রামেই বেশি জোর দেবে।
চন্দ্রশেখর ঘোষ ১৯৯৭ সালে বাংলাদেশ ছেড়ে কলকাতায় চলে আসেন। তিনি ১৯৮৪ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পরিসংখ্যান বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি নেওয়ার পর বেসরকারি উন্নয়ন সংস্থা (এনজিও) ব্র্যাকে এক যুগ কাজ করেন। তাঁর পরিবার ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশ ছেড়ে ভারতে চলে আসে।