বাজাজের বাইকে যুদ্ধজাহাজের স্মৃতি

একাত্তরের ডিসেম্বরে বাংলাদেশের মুক্তিযুদ্ধের চূড়ান্ত পর্যায়ে যখন মার্কিন সপ্তম নৌবহর বঙ্গোপসাগরের দিকে ধেয়ে আসছিল, তখন ভারতীয় রণতরি আইএনএস-ভিক্রান্ত সেখানে জলসীমার পাহারায় ছিল। এর আগে থেকেই রণতরিটি চট্টগ্রাম, কক্সবাজার ও খুলনার জলসীমায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। সেই ইতিহাস স্মরণ করেই ভিক্রান্তের কাটা অংশ দিয়ে বানানো মোটরসাইকেল ‘বাজাজ ভি-১৫’। সেটি দেশের বাজারে আনল উত্তরা মোটরস লিমিটেড।
রাজধানীর একটি হোটেলে গতকাল রোববার আয়োজিত এক অনুষ্ঠানে এই মোটরসাইকেল বিপণনের ঘোষণা দেওয়া হয়েছে। ১৫০ সিসির এই মোটরসাইকেলের দাম পড়বে ১ লাখ ৭৭ হাজার ৫০০ টাকা।
অনুষ্ঠানে উত্তরা মোটরসের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মতিউর রহমান প্রধান অতিথি শিল্পসচিব মো. মোশাররফ হোসেন ভূঁইয়ার দৃষ্টি আকর্ষণ করে বলেন, দেশে মোটরসাইকেল খাত বিভিন্ন সমস্যার সম্মুখীন। এ খাতে কোনো সুস্পষ্ট নীতিমালা নেই। সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও ব্যবসায়ীদের সঙ্গে নিয়ে অটোমোবাইল নীতিমালা করা প্রয়োজন।
মোশাররফ হোসেন ভূঁইয়া বলেন, অটোমোবাইল নীতিমালা করা হবে। সরকার বেসরকারি খাতকে শিল্পায়নে এগিয়ে নিতে সচেষ্ট।
অনুষ্ঠানে মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার মেজর জেনারেল (অব.) কে এম সফিউল্লাহ বীর উত্তম বাংলাদেশের মুক্তিযুদ্ধে অংশ নেওয়া আইএনএস-ভিক্রান্তের অংশ দিয়ে মোটরবাইক তৈরি করায় বাজাজ মোটরসকে ধন্যবাদ জানান। তাঁর মতে, নতুন প্রজন্ম, যারা মুক্তিযুদ্ধ দেখেনি তারা মুক্তিযুদ্ধে অংশ নেওয়া জাহাজ কেটে তৈরি বাইক কিনে রোমাঞ্চিত হবে।
অনুষ্ঠানে বলা হয়, আইএনএস-ভিক্রান্ত ভারতীয় নৌবাহিনীর প্রথম বিমানবাহী রণতরি। বাংলাদেশের মুক্তিযুদ্ধের পরে অপরাজেয় রণতরিটিকে মুম্বাইয়ের সামুদ্রিক জাদুঘরে রাখা হয়। সেখানে এটি ২০১২ সাল পর্যন্ত ছিল। ২০১৪ সালে রণতরিটি ভেঙে ফেলার সিদ্ধান্ত হয়। তখন এর ধাতু দিয়ে মোটরবাইক তৈরির উদ্যোগ নেয় বাজাজ। রণতরিটির মাস্তুল বর্তমানে ঢাকার মুক্তিযুদ্ধ জাদুঘরে সংরক্ষিত আছে।
অনুষ্ঠানে মোটরবাইকটি কেনেন ইসলামপুরের তরুণ ব্যবসায়ী মো. ইশতিয়াক হক। তিনি প্রথম আলোকে বলেন, ‘ভিক্রান্ত সম্পর্কে ইন্টারনেটে আগেই জেনেছি। ইতিহাসের অংশ হয়ে থাকার জন্যই বাইকটা কেনা।’